Amardesh
আজঃ ঢাকা, বুধবার ১০ মার্চ ২০১০, ২৬ ফাল্গুন ১৪১৬, ২৩ রবিউল আউয়াল ১৪৩১     আপডেট সময়ঃ সময় : রাত ১.৩০টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 কার্টুন
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

চোখ ধাঁধানো পণ্য : সিবিট-২০১০ মেলায়

তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে আগামীকাল যা বাজারে আসতে চলেছে, আজই তা পরখ করে দেখার জন্য সিবিট মেলার মতো মঞ্চ আর হয় না। শুধু নতুন ও উন্নত ডিভাইসই নয়, প্রযুক্তির ক্ষেত্রে যেসব নতুন প্রবণতা দেখা যাচ্ছে বা আসতে চলেছে, সে বিষয়েও স্পষ্ট ধারণা পাওয়া যায় এখানে এলে। মনে প্রশ্ন জাগলে তার জবাব দেয়ার জন্য উপস্থিত থাকেন বিশেষজ্ঞরা। এবারের সিবিট মেলার সেরকমই কিছু প্রযুক্তি হচ্ছে :
ফুটবলার রোবট
রোবট এবার আকর্ষণীয় ভঙ্গিতে ফুটবল খেলবে। আর এর মহড়া দেখানো হয়েছে জার্মানির হ্যানোভারে আন্তর্জাতিক প্রযুক্তি মেলা সিবিট ২০১০-এ। এই প্রযুক্তি পণ্যটি উপস্থিত সবার দৃষ্টি কেড়েছে। চমত্কার দৃষ্টিনন্দন খেলা। আগামী দিনে এই রোবট নিয়ে হতে পারে একটি বিশ্বকাপ ফুটবল খেলা!
এমএসআই নোটবুক কম্পিউটার
মূলত মাদারবোর্ড নির্মাতা প্রতিষ্ঠান এমএসআই এবার তাদের সাফল্য এনেছে নোটবুক কম্পিউটারে। তাদের নোটবুকের এঞ৬৬০, ঢ৩৬০, ঢ৬২০ সিরিজগুলো এবার মেলায় নজর কাড়তে সক্ষম হয়েছে। তবে এই সিরিজগুলোর মধ্যে ঢ৬২০ সিরিজে অডিও-ভিজুয়ালে ভালো দক্ষতা এসেছে। এটি ২০১০-এর জার্মানির আইএফ প্রোডাক্ট ডিজাইন অ্যাওয়ার্ড পেয়েছে।
মনের খবর জানবে কম্পিউটার
জানা যাবে মানুষের মনের ভেতর থেকে সুপ্ত সব তথ্য। এটা সম্ভব হবে সর্বশেষ প্রযুক্তি সমৃদ্ধ কম্পিউটারের মাধ্যমে। অস্ট্রেলিয়ান প্রতিষ্ঠান জিটেক এমন এক ল্যাপটপ এনেছে যা মানুষের মনের কথা ওয়ার্ডে রূপান্তর করবে। এতে প্রতিটি ওয়ার্ড রূপান্তরিত হবে ৩০ সেকেন্ডে। মূলত যেসব মানুষ কথা বলতে ও লিখতে অক্ষম সেসব প্রতিবন্ধী মানুষের কথা চিন্তা করে এই প্রযুক্তির উন্নয়ন ঘটানো হয়েছে।
নকিয়ার স্মার্ট ফোন
এবার প্রযুক্তি মেলা সিবিট ২০১০-এ সি-সিরিজের একটি স্মার্ট ফোন এনেছে নকিয়া। এটি এন্ট্রি লেভেলের স্মার্ট ফোন। এতে অপারেটিং সিস্টেম সিম্বিয়ান ৩য় সংস্করণ থাকছে। আরও থাকছে টিএফটি স্ক্রিন এবং ৩.২ মেগাপিক্সেল ক্যামেরা। এতে রয়েছে বিল্টইন নেটওয়ার্কিং ও মেসেজিং টুল। সামাজিক নেটওয়ার্কিংয়ের সব সুবিধা বিদ্যমান রয়েছে এই মোবাইল ফোনে। এর দামও হাতের নাগালে।
ইসিএস গ্রিন পণ্য
প্রযুক্তি প্রতিষ্ঠান ইসিএস আন্তর্জাতিক প্রযুক্তি মেলা সিবিট ২০১০-এ এনেছে গ্রিন বা পরিবেশবান্ধব প্রযুক্তি সমৃদ্ধ পণ্য। যেমন গ্রিন মাদারবোর্ড, গ্রাফিক্স কার্ড, নোটবুক, সম্পূর্ণ ডেস্কটপ সিস্টেম ইত্যাদি পণ্যের সমারোহ। তাদের থিম হচ্ছে ‘গ্রিন টাচ, গুড লাইফ’। এটি মেলায় আগত দর্শনার্থীর দৃষ্টি আকর্ষণ করেছে।
ছবি ব্যবস্থাপনার সফটওয়্যার
আজকাল ডিজিটাল ক্যামেরার কল্যাণে আর আগের মতো গুনে গুনে ছবি তুলতে হয় না। কিন্তু এই উদারতার ফলে আমরা নিজেরাই নিজের অজান্তে এত ছবি তুলে ফেলি যে পরে সেগুলো ঠিকমত গুছিয়ে, ভালো ছবিগুলো বাছাই করার কাজ আর হয়ে ওঠে না। একসঙ্গে কয়েকশ’ ছবি দেখলেই গায়ে জ্বর আসে। জার্মানির অভিনব গবেষণা প্রতিষ্ঠান ‘ফ্রাউনহোফার সোসাইটি’ এমন এক সফটওয়্যার তৈরি করেছে, যার মাধ্যমে কম্পিউটারই ছবি গোছানোর ও বাছাইয়ের কাজ করে দেবে। যেমন দিল্লি-আগ্রা বেড়ানোর ছবিগুলো তুলে দিন সফটওয়্যারের হাতে। দেখবেন লাল কেল্লা, তাজমহল, ফতেপুর সিক্রির সামনে দাঁড়ানো আপনার সেরা ছবিগুলো আলাদা করে বাছাই করেছে সফটওয়্যার। আবার কেউ অভিমান করে বলতে পারবে না—আমি বাদ পড়েছি।
চশমা ছাড়াই দেখুন ত্রিমাত্রিক ছবি
আপনাদের মধ্যে যারা সিনেমা হলে গিয়ে বিশেষ চশমা পরে ‘অবতার’ ছবির ত্রিমাত্রিক জগতে প্রবেশ করেছেন, কেমন লেগেছে সেই অভিজ্ঞতা? বাড়িতে বসে টেলিভিশনের পর্দায়ও যদি এমন ‘থ্রি ডাইমেনশনাল’ বা ত্রিমাত্রিক ছবি দেখা যেত! তবে সেক্ষেত্রে সবার জন্য চশমার ব্যবস্থাও করতে হতো। না, চশমার প্রয়োজন নেই। এমন টেলিভিশন পর্দা বাজারে আসতে চলেছে, যার দিকে তাকালে চশমা ছাড়াই ত্রিমাত্রিক জগতের গভীরতা অনুভব করা যায়। এমন আরও অনেক চমক ছড়িয়ে রয়েছে সিবিট মেলার আনাচে-কানাচে।
‘ফ্রাউনহোফার’-এর অবদান
নামে না চিনলেও এই ‘ফ্রাউনহোফার সোসাইটি’র কাজ আমাদের জীবনে কোথাও না কোথাও ছাপ ফেলেছে। কানে ইয়ারফোন লাগিয়ে যখন পছন্দের গান শোনেন, তখন যে এমপি-থ্রি ফাইলের কল্যাণে এই আনন্দ পান, তার আবিষ্কর্তা এই প্রতিষ্ঠান। ভিডিও’র ক্ষেত্রেও বিপ্লব এনে দিয়েছেন ফ্রাউনহোফারের গবেষকরা। তাঁদের গবেষণার যে ফলাফল সিবিট মেলায় আজ দেখা যায়, কয়েক বছর পর হয়তো তা বাজারে এসে পড়বে। যেমন কোনো বিজ্ঞাপনের হোডিংয়ের সামনে দাঁড়িয়ে যখন পছন্দ হলে মুচকি হাসবেন বা অপছন্দ হলে ভুরু কুঁচকে বিরক্তিতে মাথা নাড়বেন, তখন কিন্তু ক্যামেরা সেটা লক্ষ্য করে আপনার আবেগ-অনুভূতি বুঝে নিয়ে সংস্থাকে জানিয়ে দিতে পারবে, বিজ্ঞাপন আদৌ সফল হয়েছে কি-না। অথবা রান্নাঘরে কাজ করতে করতে পছন্দের সিরিয়ালের কথা মনে পড়ে গেলে হলুদ মাখানো হাতে যদি রিমোট কন্ট্রোল ধরতে অসুবিধা হয়, কোনো সমস্যা নেই। শুধু শূন্যে আঙুল নাড়িয়ে পর্দায় রিমোট কন্ট্রোল ছড়িতে পছন্দসই চ্যান্সেলর নম্বর টিপে দিন। সেই রিমোট দিয়েই ফ্যানটা চালাতে পারেন।
প্রশাসন ও প্রযুক্তি
জার্মান সরকার আগামী ১ নভেম্বর থেকে চালু করতে চলেছে এমন এক নতুন পরিচয়পত্র, যা মানুষের জীবনযাত্রা আমূল বদলে দেবে। ক্রেডিট কার্ডের মতো দেখতে এই সচিত্র পরিচয়পত্রের মধ্যে থাকবে বিশেষ এক চিপ। অনলাইন পদ্ধতিতে নিজের পরিচয় প্রমাণ করতে পারবে এই চিপ। আঙুলের ছাপের মতো বায়ো-মেট্রিক্স বৈশিষ্ট্যে ও পিন কোডের মাধ্যমে ইন্টারনেটে প্রায় যে কোনো আদান-প্রদানের ক্ষেত্রে ব্যক্তি পরিচয় সম্পর্কে নিশ্চয়তা নিয়ে আসবে নতুন এই পদ্ধতি। এমনকি কোনো কাগজে সই করার বদলে অনলাইন পদ্ধতিতে পরিচয়পত্রের মাধ্যমে সই করা যাবে। বলাই বাহুল্য, এসব নতুন গুণাগুণের অপব্যবহার রুখতে নানা পদক্ষেপ নেয়া হচ্ছে।
সিবিট ২০১০-এ বাংলাদেশ
বাংলাদেশের কয়েকটি সংস্থা হানোফারে সিবিট মেলায় প্রায় প্রতি বছরই উপস্থিত থাকে। এবারও তারা নেদারল্যান্ডস সরকারের এক প্রকল্পের আওতায় মেলায় এসেছে। নেদারল্যান্ডস সরকার উন্নয়নশীল দেশগুলোতে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে উন্নতি ঘটাতে ‘সিবিআই’ নামের এক প্রকল্প চালাচ্ছে। এই প্রকল্পেরই আওতায় বাংলাদেশসহ এশিয়ার কিছু দেশ এবারের সিবিট মেলায় একই মঞ্চে অংশ নিয়েছে। আন্তর্জাতিক আঙিনায় তথ্য-প্রযুক্তি জগতে বাংলাদেশ এখনও নিজস্ব ভাবমূর্তি গড়ে তুলতে পারেনি। তা সত্ত্বেও বাংলাদেশের বেশকিছু সংস্থা এরই মধ্যে এক্ষেত্রে সক্রিয় হয়ে উঠেছে। মেলায় উপস্থিত ছিলেন ঢাকার ‘আপলোড ইয়োরসেলফ’ সংস্থার প্রধান ফারহানা এ রহমান, ‘স্পিনোভেশন’ সংস্থার শীর্ষ কর্মকর্তা টিআইএম নুরুল কবীর, লিডসফট সংস্থার প্রতিনিধি শামসুল আরেফিনসহ অনেকেই।


 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?