Amardesh
আজঃ ঢাকা, রোববার ২৭ ডিসেম্বর ২০০৯, ১৩ পৌষ ১৪১৬, ৭ মহররম ১৪৩০     আপডেট সময়ঃ রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

নতুন ভিসির কাছে প্রত্যাশা : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ফিরে আসুক শিক্ষার পরিবেশ

কামরুল হাসান
আর কোনো মারামারি, হানাহানি, সন্ত্রাসবাদ ও নোংরা রাজনীতি নয়। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ফিরে আসবে শিক্ষার সুষ্ঠু পরিবেশ। নতুন ভিসি প্রফেসর ড. আমির হোসেন খানের কাছে এমনটাই প্রত্যাশা করছে ছাত্র, শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলেই। কুমিল্লাতে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ছিল কুমিল্লাবাসীর দীর্ঘদিনের দাবি। কুমিল্লাবাসীর এ দাবিকে সম্মান জানিয়ে জোট সরকারের কুমিল্লার এমপিদের ঐকান্তিক প্রচেষ্টায় ২০০৬ সালের ৭ ফেব্রুয়ারি তত্কালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিশ্ববিদ্যালয়টির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অতি দ্রুত নির্মাণ কাজ সম্পন্ন করে ২০০৭ সালের ২৮ মে শুরু হয় শিক্ষা কার্যক্রম। কিন্তু শুরু থেকেই একটি মহলের ষড়যন্ত্রের কবলে পড়ে নবীন এ বিশ্ববিদ্যালয়টি। উস্কানিমূলক ছাত্র আন্দোলনের মুখে মাত্র দুই বছরে ভিসি বদল হয়েছে তিনজন। কিন্তু ক্ষমতালোভী ও সুবিধাভোগী শিক্ষক-কর্মকর্তা এবং স্থানীয় রাজনীতিবিদদের চাপে কেউই তাদের দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারেনি। সর্বশেষ গত ১২ নভেম্বর ভিসির পদ থেকে পদত্যাগ করেন ড. জেহাদুল করিম এবং নতুন ভিসি হিসেবে দায়িত্ব পান জাবির পদার্থ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. আমির হোসেন খান। ড. জেহাদুল করিম অভিযোগ করেন, বর্তমান সরকারের স্থানীয় এমপিদের নানামুখী রাজনৈতিক চাপের কারণে তিনি সঠিকভাবে দায়িত্ব পালন করতে না পারায় পদত্যাগ করেছেন। সবারই প্রশ্ন রাজনীতিমুক্ত হিসেবে প্রতিষ্ঠিত দেশের ২৫তম নবীন এ পাবলিক বিশ্ববিদ্যালয়টিকে নিয়ে কেন এত রাজনীতি? এদিকে ক্যাম্পাস এখনও অনির্দিষ্টকালের জন্য বন্ধ। গত ২৪ নভেম্বর নতুন ভিসি দায়িত্ব গ্রহণ করেছেন। কিন্তু ক্যাম্পাস খোলার ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নিতে পারেনি কর্তৃপক্ষ। আর কত বন্ধ থাকবে, আর কত অলস সময় কাটাতে হবে শিক্ষার্থীদের। নতুন ভিসির কাছে ছাত্র, শিক্ষক, অভিভাবক সবারই প্রত্যাশা ক্যাম্পাস খুলুক, স্থানীয় রাজনীতিবিদদের প্রভাবমুক্ত হোক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, রাজনীতিমুক্ত ক্যাম্পাসে নোংরা রাজনীতি বন্ধ হোক, প্রয়োজনে শক্ত পদক্ষেপ গ্রহণ করে হলেও ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা হোক। কুমিল্লাবাসীর শত আন্দোলনের ফসল এ বিশ্ববিদ্যালয়টি আবারও ছাত্রছাত্রীদের পদচারণায় মুখরিত হবে, দেশ ও জাতির নেতৃত্বদানের যোগ্য হিসেবে গড়ে উঠবে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা—এমনটাই প্রত্যাশা কুমিল্লাবাসীর।


 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?