Amardesh
আজঃ শনিবার ১৯ জানুয়ারি ২০১৩, ৬ মাঘ ১৪১৯, ৬ রবিউল আউয়াল ১৪৩৪    আপডেট সময়ঃ রাত ১২ টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 শোক ও মৃত্যুবার্ষিকী
 সাপ্তাহিক
 বিশেষ আয়োজন
 
weather
 
 
আর্কাইভ: --
 

রাজধানীর হোটেলে ব্যবসায়ীর লাশ : কানাইঘাটে তরুণ পটিয়ায় শ্রমিক খুন : টুঙ্গীবাড়িতে গণপিটুনিতে ডাকাতের মৃত্যু, বিভিন্ন স্থানে ১২ অপমৃত্যু

ডেস্ক রিপোর্ট
পরের সংবাদ»
রাজধানীর ফকিরাপুলের একটি হোটেল কক্ষে এক ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু হয়েছে। অপরদিকে উত্তরায় স্ত্রীর সঙ্গে অভিমান করে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে এক গাড়িচালক। সিলেটের দক্ষিণ সুরমায় প্রতিপক্ষের হামলায় এক কৃষক খুন হয়েছেন এবং কানাইঘাটে প্রেমিকার বাড়িতে খুন হয়েছে এক তরুণ। চট্টগ্রামের পটিয়ায় এক দিনমজুরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রংপুরে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। মুন্সীগঞ্জের টুঙ্গীবাড়িতে গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরে :
রাজধানীতে ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু, গাড়িচালকের আত্মহত্যা : রাজধানীতে এক ব্যবাসয়ীর রহস্যজনক মৃত্যু ও গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক গাড়িচালক। এদের মধ্যে ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু হয়েছে ফকিরাপুলের একটি হোটেল কক্ষে। ওই ব্যবসায়ীর নাম মো. মোসলেম সরদার। অপরদিকে আত্মহত্যার ঘটনাটি ঘটেছে রাজধানীর উত্তরা এলাকায়। সেখানে স্ত্রীর সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছেন গাড়িচালক সাজ্জাদ মোড়ল (৩০)। পুলিশ ও এলাকাবাসী সূত্রে এ দুটি মৃত্যুর খবর জানা গেছে।
পুলিশ ও এলাকাবাসীর সূত্র জানায়, রাজধানীর ফকিরাপুলের একটি হোটেল থেকে উদ্ধার করা হয় ব্যবসায়ী মো. সরদারের লাশ। তিনি দ্য মুসলিম আয়ুর্বেদিক কেমিক্যাল নামের একটি আয়ুর্বেদিক ওষুধ প্রস্তুতকারী কোম্পানির মালিক বলে জানা গেছে। ফকিরাপুলের হোটেল হাসান ইন্টারন্যাশনালের একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
হোটেল কর্তৃপক্ষ হোটেলের কক্ষে লাশ দেখে পল্টন থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে মর্গে পাঠায়। ওই ব্যবসায়ীর মৃত্যু নিয়ে ব্যাপক রহস্যের সৃষ্টি হয়েছে। কি কারণে তার মৃত্যু হয়েছে গতরাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি।
এছাড়া নিহত ব্যবসায়ী মোসলেম সরদারের বিস্তারিত কোনো পরিচয় জানা যায়নি। পুলিশ বা হোটেল কর্তৃপক্ষ এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।
এদিকে রাজধানীর উত্তরায় গতকাল সকালে ঘরের আড়ার সঙ্গে কাপড় পেঁচানো অবস্থায় সাজ্জাদ মোড়ল (৩০) নামের এক গাড়িচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, উত্তরা পূর্ব থানার ৪ নম্বর সেক্টরে শাহজাহান এভিনিউয়ের ২৮ নম্বর বাড়িতে পরিবারের সঙ্গে থাকত সাজ্জাদ। সকাল ১০টায় পরিবারের সদস্যরা তাকে অনেক ডাকাডাকি করে কোনো সাড়া শব্দ না পেয়ে পুলিশকে খবর দেয়। সাজ্জাদ স্ত্রীর সঙ্গে অভিমান করে ঘরের আড়ার সঙ্গে কাপড় পেঁচিয়ে আত্মহত্যা করে বলে জানা যায়।
দক্ষিণ সুরমায় কৃষক খুন : সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজারে প্রতিপক্ষের সুলফির আঘাতে এক কৃষক নিহত হয়েছেন। গতকাল সকালে জমি নিয়ে বিরোধের জের ধরে হাওরে মাছ ধরার সময় এ ঘটনা ঘটে। নিহত কৃষকের নাম আকবর আলী (৫০)। তিনি মোগলাবাজারের ধোপকান্দি চানপুরের আবদুল জব্বারের ছেলে। স্থানীয়রা জানায়, আকবর আলী সকালে স্থানীয় জুগি বিলে মাছ ধরতে গেলে একই গ্রামের হেলাল উদ্দিন, জামাল উদ্দিন, আবদুল মুকিত, জুনেদ, আসলাম, নাসির উদ্দিনসহ ১৫-২০ জনের একদল লোক তাকে ও তার সহযোগীদের ওপর দেশি অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় হামলাকারীরা আলী আকবরকে সুলফি দিয়ে বুকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কানাইঘাটে তরুণ খুন : সিলেটের কানাইঘাট উপজেলার বীরদল মাঝপাড়া গ্রামের মৃত আহমদ আলীর ছেলে সাইদুর রহমান (২০) একই গ্রামের প্রেমিকা তালতো বোনের বাড়িতে নির্মমভাবে খুন হয়েছে। পুলিশ জানায়, সাইদুর রহমানের ভাই বেলালের শ্যালিকা ফাতেমার সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল সাইদুরের। এরই সুবাদে প্রায়ই সাইদুর প্রেমিকার বাড়িতে যাতায়াত করত। বিষয়টি জানতে পেরে ফাতেমার অভিভাবক সাইদুর রহমানের পরিবারের কাছে বিয়ের প্রস্তাব দিলে সাইদুরের পরিবার তা প্রত্যাখ্যান করে। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেমিকার বাড়িতে রাতে তার লাশ পুকুরে ভাসতে দেখা যায়। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পটিয়ায় দিনমজুরকে কুপিয়ে হত্যা : চট্টগ্রামের পটিয়ায় এক দিনমজুরকে খুন করে তার লাশ গাছে ঝুলিয়ে রেখেছে দুর্বৃত্তরা। গতকাল সকালে শিকলবাহার মাস্টারহাট এলাকা থেকে পুলিশ লাশ উদ্ধার করে। স্থানীয়রা জানায়, নৌ-শ্রমিক নুরুল আলম (৪২) বাড়ির পাশে শিকলবাহা খালে রাতে বোট থেকে মালামাল নামানোর কাজ করছিল। নিহত নুরুল আলমের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো দায়ের আঘাত রয়েছে। কর্ণফুলী নদীতে চোরাইপণ্য বহনে অস্বীকৃতি কিংবা তাদের কার্যক্রম দেখে ফেলায় তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
রংপুরে বৃদ্ধের লাশ উদ্ধার : রংপুরের চিকলি বিল থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, গত বুধবার দুপুরে স্থানীয়রা নগরীর চিকিলিতে লাশ ভাসমান দেখে। বৃদ্ধের গায়ের রং উজ্বল ফর্সা। বাম পায়ের বৃদ্ধাঙ্গুল নেই।
টুঙ্গীবাড়িতে গণপিটুনিতে ডাকাত নিহত : মুন্সীগঞ্জের টুঙ্গীবাড়ি উপজেলার ব্রাহ্মণভিটায় গণপিটুনিতে হাসান (৩০) নামে এক ডাকাত নিহত হয়েছে। নিহত হাসানের বাড়ি ফরিদপুরের চরভদ্রাসনে। পুলিশ জানায়, বৃহস্পতিবার গভীর রাতে ৮-১০ জনের ডাকাত দল ব্রাহ্মণভিটায় একটি স্বর্ণের দোকানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় এলাকাবাসী টের পেয়ে ধাওয়া দিয়ে হাসান নামে এক ডাকাতকে ধরে পিটুনি দেয়। পরে চিকিত্সার উদ্দেশ্যে ঢাকায় নেয়ার পথে সে মারা যায়।
শৈলকূপায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ : ঝিনাইদহের শৈলকূপায় সড়ক দুর্ঘটনায় লাইলী বেগম (৫০) নামে এক মহিলা নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে চাঁদপুর নামক স্থানে রাস্তা পার হওয়ার সময় একটি নসিমন তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
মহেশপুরে গৃহবধূর আত্মহত্যা : ঝিনাইদহের মহেশপুর পল্লীতে এক গৃহবধূ স্বামীর নির্যাতন সহ্য না করতে পেরে বিষপানে আত্মহত্যা করেছে। গত তিন বছর আগে হোসনে আরার (২২) সঙ্গে মহেশপুর সরিষাঘাটা গ্রামের আবদুল হাকিমের বিয়ে হয়। বিয়ের পর থেকে হাকিম যৌতুকের জন্য তার স্ত্রীকে নির্যাতন শুরু করে। অবশেষে গত বুধবার হোসনে আরা নির্যাতন সহ্য করতে না পেরে বিষপানে আত্মহত্যা করে।
নীলফামারীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু : নীলফামারী শহরের বাবুপাড়ায় গতকাল দুপুরে পানিতে ডুবে সিয়াম নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের পান দোকানদার জহুরুল আলমের ছেলে। শিশুটি খেলতে খেলতে বাড়ির পাশের একটি ডোবায় পড়ে ডুবে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর দুপুরে ডোবা থেকে তার লাশ উদ্ধার করে।
মুন্সীগঞ্জে গৃহবধূর আত্মহত্যা : গতকাল যৌতুকলোভী স্বামী মিজানের নির্যাতন সহ্য করতেতে না পেরে বিষ খেয়ে আত্মহত্যা করেছে সালমা বেগম (২৪) নামে এক গৃহবধূ। স্থানীয়রা জানায়, বিয়েতে নগদ সাড়ে তিন লাখ টাকা এবং ৪ ভরি স্বর্ণালঙ্কার যৌতুক হিসেবে দেয়ার পরও মিজান বিদেশ যাওয়ার নামে আরও দেড় লাখ টাকা হাতিয়ে নেয়। সম্প্রতি সে আরও ৫ লাখ টাকা দাবি করে সালমাকে নির্যাতন শুরু করে। গতকাল সালমা বিষ খেয়ে আত্মহত্যা করে।
চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় চালক নিহত : কক্সবাজারের চকরিয়ায় মাইক্রোবাস ও বালুভর্তি একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাস চালক আবু তাহের (৩৫) নিহত হয়েছেন। গতকাল সকালে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার হারবাং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সিলেট থেকে বালুভর্তি করে একটি ট্রাক কক্সবাজারের দিকে যাওয়ার পথে হারবাং স্টেশন এলাকায় বিপরীত থেকে আসা মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। নিহত চালক আবু তাহের চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নের আমির হামজার ছেলে।