Amardesh
আজঃ ঢাকা, শনিবার ২৮ জানুয়ারি ২০১২, ১৫ মাঘ ১৪১৮, ৪ রবিউল আউয়াল ১৪৩৩ হিজরী     আপডেট সময়ঃ রাত ১.০০টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 শোক ও মৃত্যুবার্ষিকী
 সাপ্তাহিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

কুমিল্লাসহ বিভিন্ন স্থানে সংঘর্ষে আহত ৩৮ : দুমকিতে শিক্ষার্থীদের মিছিলে ছাত্রলীগের হামলা

ডেস্ক রিপোর্ট
কুমিল্লা, বাগেরহাট, কলাপাড়া, দুমকি ও ঠাকুরগাঁওয়ের হরিপুরে হামলা-সংঘর্ষে কমপক্ষে ৩৮ জন আহত হয়েছে। এসব ঘটনায় অর্ধ কোটি টাকার মালামাল লুট হয়েছে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে।
কুমিল্লা : কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা সদরে গতকাল বিকালে বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির এক সভা চলাকালে ওই কমিটি থেকে বাদপড়া বিএনপির কিছু উচ্ছৃঙ্খল কর্মী ও আওয়ামী লীগ দলীয় ক্যাডারদের সশস্ত্র হামলায় কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। এ সময় ধাওয়া-পাল্টাধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপে ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। ব্রাহ্মণপাড়া বাজারের কয়েকটি দোকানপাট ভাংচুর ও লুটপাট
হলে ওই বাজারের ব্যবসায়ীরা আতঙ্কে দোকানপাট বন্ধ করে দেন। এ সময় কুমিল্লা-মীরপুর সড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পুলিশ সন্ধ্যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দলীয় হাইকমান্ড থেকে গত বুধবার কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির কমিটি ভেঙে দিয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা শওকত মাহমুদকে আহ্বায়ক করে ৫০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। গতকাল বিকালে উপজেলা সদরে শওকত মাহমুদ নতুন আহ্বায়ক কমিটির নেতাদের নিয়ে পরিচিতি ও মতবিনিময় সভা করছিলেন। এ সময় কমিটি থেকে বাদপড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি জসিম উদ্দিনের কিছু উচ্ছৃঙ্খল সমর্থক এবং আওয়ামী লীগ দলীয় ক্যাডার আনু সর্দার ও বেকারি হান্নানের নেতৃত্বে বহিরাগতরা ওই সভায় হামলা চালায়। এতে উভয় পক্ষে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতা মজিবুর রহমান লিটন, শাহজাহান সাজু, মিয়া মো. সোহাগ পারভেজ, নজরুল ইসলাম, নাছির, আতিকুর রহমান শিশু, নাজিম উদ্দিনসহ কমপক্ষে ২৫ জন আহত হয়। আহতদের কুমেক হাসপাতালসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে শওকত মাহমুদ জানান, নবগঠিত আহ্বায়ক কমিটির সভা চলাকালে জসিম সমর্থিত কয়েকজন উচ্ছৃঙ্খল কর্মী আওয়ামী লীগ দলীয় আনু সর্দার ও বেকারী হান্নানের নেতৃত্বে বহিরাগতরা ওই সভায় হামলা চালায়। ওই হামলা প্রতিহত করতে গেলে উভয়পক্ষের সংঘর্ষে আহতের ঘটনা ঘটে। পরে সভার সিদ্ধান্ত মোতাবেক উপজেলার ইউনিয়ন কমিটিগুলো ভাঙার ঘোষণা দেয়া হয়। ওই সভায় ৫০ জন সদস্যের মধ্যে ৪০ জনই উপস্থিত ছিলেন।
এদিকে কুমিল্লা (দক্ষিণ) জেলা বিএনপির সভাপতি বেগম রাবেয়া চৌধুরী ও সাধারণ সম্পাদক হাজি আমিনুর রশিদ ইয়াছিন এক যুক্ত বিবৃতিতে শান্তিপূর্ণ সভায় আওয়ামী সন্ত্রাসীদের নগ্ন হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এছাড়া জেলা যুবদল সভাপতি আমিরুজ্জামান আমির, সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, ছাত্রদল সভাপতি উত্বাতুল বারী আবু ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন কায়সারসহ জেলা নেতারা এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।
দুমকি (পটুয়াখালী) : পটুয়াখালীর দুমকীতে শিক্ষকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে স্কুল শিক্ষার্থীদের আয়োজিত প্রতিবাদ বিক্ষোভ মিছিলে হামলার ঘটনা ঘটেছে। সন্ত্রাসীদের ধাওয়ায় দিগ্বিদিক ছোটাছুটিতে অন্তত ৫ শিক্ষার্থী আহত হয়েছে। গতকাল সকালে উপজেলার বোর্ড অফিস বাজারসংলগ্ন জয়গুননেছা মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাসে এ হামলার ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে ১০টায় স্কুলশিক্ষক মোশাররফ হোসেনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ম্যানেজিং কমিটির সভাপতি নুরুন্নাহার বেগম লুচির সভাপতিত্বে সন্ত্রাসবিরোধী ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মো. কামাল হোসেন। সভায় স্কুলের শিক্ষক, অভিভাবক, ছাত্রছাত্রী ও স্থানীয় দুই শতাধিক লোক অংশ নেয়। প্রতিবাদ সভা শেষে স্কুল শিক্ষার্থীরা সন্ত্রাসী হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল বের করে। ছাত্রলীগ ক্যাডার মাসুম বিল্লাহসহ ১০-১২ জনের একটি সন্ত্রাসীচক্র লাঠিসোঁটা নিয়ে মিছিলে হামলা করে। আকস্মিক হামলায় কমপক্ষে ৫ ছাত্রছাত্রী আহত হয়েছে।
কলাপাড়া (পটুয়াখালী) : পর্যটন কেন্দ্র কুয়াকাটায় এক আইনজীবী ভাড়াটে সন্ত্রাসীদের নিয়ে বাড়িঘর ভাংচুর করে প্রায় কোটি টাকার জমি দখল করে নিয়েছে। এ সময় সন্ত্রাসীদের হামলায় চার মহিলা গুরুতর জখম হয়েছে। আহতদের কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার শেষ বিকালে কুয়াকাটা ইকোপার্ক সংলগ্ন এলাকায়।
প্রত্যক্ষদর্শী ও আহতদের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার শেষ বিকালে পটুয়াখালীর আইনজীবী ছিদ্দিকুর রহমানের ভাড়াটে পাবেল ও আল-আমিনের নেতৃত্বে ১০-১২ জন সন্ত্রাসী রহমান মুন্সী ও আমিরের বসতবাড়িতে হামলা চালিয়ে ২২ শতাংশ জমি দখল করে নিয়েছে। এ সময় সন্ত্রাসীদের বাধা দিলে আমিরের বোন রিজিয়া, রাজিয়া রহিমন ও সাহিদাকে সন্ত্রাসীরা পিটিয়ে গুরুতর জখম করে। সন্ত্রাসীরা যাওয়ার সময় ঘরের মালামাল লুট করে নিয়েছে বলেও অভিযোগ করেছে আহতদের পরিবার।
বাগেরহাট : সুন্দরবনের ফেয়ারওয়ে বয়া এলাকায় জেলে ট্রলারে জলদস্যু আল-আমীন ও রফিক বাহিনীর সদস্যরা হামলা চালিয়ে গণডাকাতি ও লুটপাট করেছে। এ সময় মুক্তিপণের দাবিতে ৫০ জেলেকে দস্যুরা অপহরণ করেছে। সুন্দরবনের ১নং ফেয়ারওয়ে বয়া এলাকায় জলদস্যুরা পৃথক হামলা চালিয়ে লুটপাট ও জেলেদের অপহরণ করে। শুক্রবার সকালে ফিরে আসা জেলেদের সূত্রে এ খবর জানা গেছে।
ফিরে আসা জেলে মংলার চাঁদপাই এলাকার আ. হান্নান, জয়মনির ফেরদাউস ও কবিরসহ অন্য জেলেরা জানায়, সুন্দরবনের ফেয়ারওয়ে বয়া এলাকায় ৬০-৭০টি ট্রলারে জেলেরা মাছ শিকার করছিল। বৃহস্পতিবার বিকেলের দিকে জলদস্যু আল-আমীন বাহিনীর কিছু সশস্ত্র সদস্য দুটি ট্রলার নিয়ে জেলেদের ট্রলারে হামলা করে জাল, মাছ, নগদ টাকাসহ মালামাল লুটপাট করে। দস্যুরা জেলেদের সর্বস্ব লুটে নেয়। দস্যুরা চলে যাওয়ার সময় ২০টি ট্রলার থেকে ২০ জেলেকে ট্রলার প্রতি এক লাখ টাকা করে মুক্তিপণের দাবিতে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনার কিছুক্ষণ পর অপর জলদস্যু রফিক বাহিনীর ২০-২৫ সদস্য একই এলাকার আরেকটি জেলে বহরে হামলা চালায়। এ সময় দস্যুরা জেলে ট্রলারে গণলুটপাট করে ১০ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়। দস্যুরা এ সময় ৩০টি ট্রলার থেকে ৩০ জেলেকে মুক্তিপণের দাবিতে অপহরণ করে নিয়ে যায়।
অন্যদিকে বাগেরহাটের ফকিরহাটে জমিজমাসংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের সন্ত্রাসীরা হামলা করে ঘরে অগ্নিসংযোগ ও দুই লক্ষাধিক টাকার গাছপালা কেটে নিয়েছে। গতকাল সকালে উপজেলা হাসপাতালের পেছনে ছোট বাহিরদিয়া এলাকার আ. জব্বারের বাড়িতে প্রতিপক্ষ সন্ত্রাসী আলম খাঁ ও কালাম শেখের নেতৃত্বে ৩৫-৪০ জন সন্ত্রাসী এ হামলা করে। এ সময় সন্ত্রাসীদের মারধরে আ. রাজ্জাক, শামছুন্নাহার বেগম, জব্বারের স্ত্রীসহ তিনজন আহত হন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে আগুন নেভাতে সক্ষম হয়। দুই-তিন ঘণ্টা ধরে সন্ত্রাসীরা এ তাণ্ডব চালালেও থানাপুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। এ ঘটনায় জব্বারের বোন শামছুন্নাহার বেগম থানায় অভিযোগ দিতে গেলেও ওসি অভিযোগ না নিয়ে তাকে তাড়িয়ে দেন বলে অভিযোগ রয়েছে। ফকিরহাট থানার ওসি লিয়াকত হোসেন বলেন, ঘটনাস্থলে আমাদের যেতে অসুবিধা আছে, ওখানে গেলে পুলিশের ক্লেম হয়। আমাদের কিছুই করার নেই। পরে পুলিশ সুপারের কাছে অভিযোগ করলেও তিনি আমলে নেননি বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্তরা।
ক্ষতিগ্রস্ত আ. জব্বার জানান, উপজেলা হাসপাতালের পেছনে ছোট বাহিরদিয়া গ্রামে নূরজাহান বেগমের কাছ থেকে ৫৭ শতক জমি কিনে গত ২৫-৩০ বছর ধরে বসবাস করে আসছেন। কিন্তু স্থানীয় সন্ত্রাসী আলম খাঁ ও রাশেদা বেগম তাদের জমির জাল দলিল তৈরি করে জমির স্বত্ব দাবি করে বিভিন্ন সময়ে হামলা ও দখলের চেষ্টা করে। এ নিয়ে বাগেরহাটের আদালতে মামলা করা হলে আদালত ওই জমির ওপর ১৪৪ ধারা জারি ও স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেয়। কিন্তু প্রতিপক্ষ আলম খাঁর নেতৃত্বে সন্ত্রাসীরা গতকাল তাদের জমির গাছপালা কাটা শুরু করে। এ সময় তারা বাধা দিতে গেলে তাদের মারধর করে এবং ঘরে আগুন ধরিয়ে দেয়।
হরিপুর (ঠাকুরগাঁও) : ঠাকুরগাঁওয়ের হরিপুরে লখড়া গ্রামের মৃত মোজাফ্ফর হোসেনের ছেলে মুক্তিযোদ্ধা আবুল হোসেনের ১৬নং ক্ষতিয়ানভুক্ত ১৫, ১৯, ৭৪ ও ১১নং দাগের ৪ একর জমি ৪০ বছর ধরে ভোগদখল করে আসছে। গতকাল ইরি আবাদের জন্য জমিতে চাষ করতে গেলে সোহারগাঁ গ্রামের মৃত আ. রহমানের ছেলে রফিক, খামার গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে নইমুদ্দিন নহু, লখড়া গ্রামের আ. রাজ্জাকের ছেলে রেজাউল করিম বাবুসহ ২১ জন দলবদ্ধ হয়ে সংঘর্ষ ঘটায়। এ সংঘর্ষে নুরুল ইসলামের স্ত্রী রমিশা খাতুন (৪৫) গুরুতর আহত হয়ে হরিপুর হাসপাতালে ভর্তি হয়েছে। হরিপুর থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৫ জনকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?