Amardesh
আজঃ ঢাকা, শনিবার ২৮ জানুয়ারি ২০১২, ১৫ মাঘ ১৪১৮, ৪ রবিউল আউয়াল ১৪৩৩ হিজরী     আপডেট সময়ঃ রাত ১.০০টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 শোক ও মৃত্যুবার্ষিকী
 সাপ্তাহিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

কোটালীপাড়ায় ৪ শিশু উদ্ধার : ৭ মার্কিন নাগরিকসহ আটক ১১

গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়ায় বাংলা হোপ এনজিওর কাছ থেকে ৪ শিশুকে উদ্ধার করে অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার কোটালীপাড়া উপজেলা সদরে এ ঘটনা ঘটে।
কোটালীপাড়া থেকে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বাংলা হোপ এনজিওর শিশু পালন কেন্দ্রে ৪ শিশুকে নিয়ে যাওয়ার সময় ৭ মার্কিন নাগরিক ও এনজিওর ৪ কর্মীসহ ১১ জনকে আটক করা হয়। এ সময় তাদের গাড়ি থেকে ৪ শিশুকে উদ্ধার করা হয়। এ ব্যাপারে কোটালীপাড়া থানায় একটি জিডি করা হয়েছে।
কোটালীপাড়া থানার ওসি মো. তোতা মিয়া জানান, উপজেলার দীঘলিয়া গ্রামের জয় ফলিয়ার দেড় বছর বয়সের মেয়ে জুই ফলিয়া, রামশীল গ্রামের প্রহ্লাদ মল্লিকের দেড় বছর বয়সের ছেলে পিয়াস মল্লিক, বরিশাল জেলার উজিরপুর উপজেলার পটিবাড়ী গ্রামের পরিতোষ বাড়ৈর ৪ মাসের মেয়ে মেঘা বাড়ৈ ও দক্ষিণ সাতলা গ্রামের মৃত লক্ষণ তালুকদারের দেড় বছর বয়সের ছেলে রতন তালুকদারকে নিয়ে কোটালীপাড়া থেকে ৭ মার্কিন নাগরিক ও এনজিওর ৪ কর্মকর্তা জয়পুরহাটের উদ্দেশে পাজেরো গাড়িতে করে রওনা দেন। বৃহস্পতিবার বিকালে তাদের গাড়িটি কোটালীপাড়া উপজেলা কমপ্লেক্সের উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ের সামনে রাখা হয়। বাচ্চাদের কান্নাকাটি ও এক ব্যক্তিকে টাকা দেয়া হলে উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুজ্জামান
খান মিলনের সন্দেহ হয়। তখন তাদের ইউএনও অফিসে নিয়ে যাওয়া হয়। এ ব্যাপারে জয়পুরহাটের জেলা প্রশাসকের কাছে স্থানীয় প্রশাসন যাচাই-বাছাই করে। বাচ্চা হস্তান্তরের ত্রুটি থাকায় এনজিওর কাছে বাচ্চাদের না দিয়ে অভিভাবকদের কাছে ফেরত দেয়া হয়।
কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান বলেন, বাংলা হোপ নামের এনজিওটি বাচ্চাদের লালন-পালন করে। কোটালীপাড়ায় তাদের ৫টি স্কুল রয়েছে। তাদের ব্যাপারে গোপালগঞ্জের জেলা প্রশাসক জয়পুরহাটের জেলা প্রশাসকের সঙ্গে কথা বলে খোঁজখবর নিয়েছেন। অভিভাবকদের কাছ থেকে বাচ্চা নেয়ার সময় ১৫০ টাকার ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেয়া হয়। বাচ্চা নেয়ার ব্যাপারে এনজিওটি স্থানীয় প্রশাসনকে কোনোভাবেই অবহিত করেনি। বাচ্চা নেয়ার ক্ষেত্রে বিভিন্ন ত্রুটি পরিলক্ষিত হওয়ায় রাত ১০টায় কোটালীপাড়া থানায় বসে বাচ্চাগুলোকে তাদের অভিভাবকের কাছে দিয়ে দেয়া হয়। এ সময় অভিভাবকদের কাছ থেকে মুচলেকা রাখা হয়। আটক ৭ মার্কিন নাগরিকসহ ১১ জনকে ছেড়ে দেয়া হয়েছে।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?