Amardesh
আজঃ ঢাকা, শনিবার ২৮ জানুয়ারি ২০১২, ১৫ মাঘ ১৪১৮, ৪ রবিউল আউয়াল ১৪৩৩ হিজরী     আপডেট সময়ঃ রাত ১.০০টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 শোক ও মৃত্যুবার্ষিকী
 সাপ্তাহিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

ইতালি রাষ্ট্রদূতের বাসভবনে চিত্রপ্রদর্শনী

হাসান শান্তনু
বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূতের বাসভবনে ঝুলছে এদেশের চিত্রকর্ম। ওই ভবনে গতকাল থেকে শুরু হলো তিন দিনের প্রদর্শনী। সন্ধ্যায় বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় এর উদ্বোধন করা হয়। রবীন্দ্রসঙ্গীতের পুরোধা ব্যক্তিত্ব ওয়াহিদুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ছায়ানট গতকাল অনুষ্ঠানের আয়োজন করে। সন্ধ্যায় ছায়ানট মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে গান, আবৃত্তি আর নৃত্যের মধ্য দিয়ে তাকে স্মরণ করা হয়। ঢাকার শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় সন্ধ্যায় ‘মায়ার খেলা’ নৃত্যনাটক মঞ্চস্থ হয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এ নাটক মঞ্চস্থ করে সাধনা। অমিত চৌধুরী ও সাব্বির আহমেদ খান বিজুর নৃত্য পরিচালনায় এ নাটক উপভোগ করেন নানা বয়সের রবীন্দ্রপ্রেমী। শিল্পের শক্তিশালী মাধ্যম ভাস্কর্যে উঠে এলো চিরায়ত কাল ধরে নারীর সন্তান ধারন, লালনপালনে মমত্ববোধ ও দায়িত্বশীলতার কথা। এমনটা করেছেন শিল্পী সিগমা হক অঙ্কন। তার এসব শিল্পকর্ম নিয়ে গতকাল থেকে ঢাকার ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে শুরু হয়েছে বিশেষ প্রদর্শনী। বিকল্প ধারার সিনেমার জন্য আন্দোলনের ২৫ বছর পূর্তি উপলক্ষে গতকাল সকালে প্রীতি সম্মিলনীর আয়োজন
করা হয় ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে। এতে নির্মাতা, কলাকুশলী ও সিনেমা আন্দোলনে যুক্তরা অংশ নেন।
ফ্রম দ্য কর্ণফুলী : ইতালির রাষ্ট্রদূতের বাসভবনে (বাসা এনডব্লিউ-৭, সড়ক-৫৪, গুলশান-২, ঢাকা) ‘ফ্রম দ্য কর্ণফুলী’ শিরোনামে চিত্রকলা প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। গত সন্ধ্যায় এর উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুুল মুহিত। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইতালির রাষ্ট্রদূত জর্জিও গুইলিয়েলমিনো, বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী ও সন্তরণ আর্ট অর্গানাইজেশনের সম্পাদক তানজিল টুশি। সন্তরণ আর্ট অর্গানাইজেশন আর বেঙ্গল গ্যালারি যৌথভাবে এর আয়োজন করেছে। এতে আছে চট্টগ্রামের ২৭ শিল্পীর ৮টি স্থাপনাকর্মসহ মোট ৪৩টি শিল্পকর্ম। শিল্পীরা হলেন—শাহ আনসার আলী, মনসুর উল করিম, অলক রায়, নিলুফার চামান, কে এম এ কাইয়ুম, জসীম উদ্দিন, ওসমান পাশা, তাসাদ্দুক হোসেন দুলু, জাহেদ আলী চৌধুরী, শায়লা শারমিন, আবু নাসের রবি, ইয়াসমিন জাহান নূপুর, বিভোল সাহা, মঞ্জুর আহমেদ, নুর-ই-ইলাহী, নাসির উদ্দিন, শতাব্দী সোম, সুব্রত দাশ, আরিফুজ্জামান, শহীদুল ইসলাম খোকন, সঞ্জয় চক্রবর্তী, রিপন সাহা, আফসানা শারমিন, শারদ দাশ, তানজিল টুশি, মেহেরুন আকতার সুমি, মুুশরাত রিয়াজী। প্রদর্শনী আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত চলবে। প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত তা দর্শকদের জন্য খোলা থাকবে।
ওয়াহিদুল হককে স্মরণ : ছায়ানটের আয়োজিত ওয়াহিদুল হকের স্মরণ অনুষ্ঠানে ওয়াহিদুল হক স্মারক বক্তৃতা দেন অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী। সাংস্কৃতিক পর্বে শিল্পীরা গেয়ে শোনান ‘কালসাগরে ভুবন ভেসে’, ‘বিপুল তরঙ্গ’, ‘তোমারি তুলনা’, ‘তুমি যে হে’, ‘পাষাণের ভাঙালে’, ‘পরবাসী চলে’, ‘কে রচে’, ‘সহজে জলের’, ‘আমার সকল’, ‘দরদি আমার’, ‘কী পাইনি’, ‘মিছে তুই’, ‘জাগাও পথিকে’, ‘ভাইয়ের দোরে’, ‘তোমার পথ’, ‘ওরে ভীরু’, ‘বাহির হল’, ‘আমার বাজে’, ইত্যাদি শিরোনামের গান। একক ও সম্মিলিত কণ্ঠে শিল্পী ছিলেন নাসিমা শাহীন ফ্যান্সী, ইলোরা আহমেদ, তানিয়া মান্নান, লাইসা আহমদ লিসা, পার্থ সারথী সিকদার, অদিতি মহসিন, চন্দনা মজুমদার, বুলবুল ইসলাম প্রমুখ। আবৃত্তিতে অংশ নেন জহিরুল হক খান, মীর বরকত, শিরীন ইসলাম প্রমুখ। এছাড়া সরোজ সংস্কৃতি-বৃত্ত, ব্রতচারী সমিতি, আনন্দধ্বনি, কণ্ঠশীলন, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ ও ছায়ানটের শিল্পীরাও সাংস্কৃতিক পর্বে অংশ নেন। উল্লেখ্য, গতকাল ছিল ওয়হিদুল হকের পঞ্চম মৃত্যুবার্ষিকী। ২০০৭ সালের এ দিনে ৭৫ বছর বয়সে তার মৃত্যু হয়। তিনি ছিলেন একাধারে বিশিষ্ট সাংবাদিক, রবীন্দ্র গবেষক, সঙ্গীত সমালোচক ও ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য।
বিকল্প ধারার সিনেমা, প্রাণের খেলা : বিকল্প ধারার সিনেমা নিয়ে শর্ট ফিল্ম ফোরাম আর সাহিত্য পত্রিকা কালি ও কলম যৌথভাবে প্রীতি সম্মিলনীর আয়োজন করে। এতে বিশেষ অতিথি ছিলেন তথ্য সচিব হেদায়েতুল্লাহ আল মামুন। আলোচনায় অংশ নেন কালি ও কলম সম্পাদক আবুল হাসনাত, শর্ট ফিল্ম ফোরামের সভাপতি মোরশেদুল ইসলাম। এতে বিকল্প ধারার সিনেমার আন্দোলনের ভবিষ্যত্ সম্ভাবনা ও অগ্রগতি সম্পর্কে আলোচনা হয়। অন্যদিকে বেঙ্গলের নিয়মিত গানের আসর ‘প্রাণের খেলা’ আয়োজন হবে আজ সন্ধ্যা ৭টায় বেঙ্গল শিল্পালয়ে। এতে আধুনিক গান গেয়ে শোনাবেন তপন চৌধুরী ও বেঙ্গল বিকাশ প্রতিভা সুমনা রহমান।
চিরায়ত নারী, প্রিয় মাতৃভূমি : লা গ্যালারিতে ‘চিরায়ত নারী’ শিরোনামে সিগমা হক অঙ্কনের প্রথম একক ভাস্কর্য প্রদর্শনী হচ্ছে। গতকাল বিকালে এর উদ্বোধন করেন পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস। এতে বিশেষ অতিথি কবি রবিউল হুসাইন ও সম্মানিত অতিথি ছিলেন অধ্যাপক লালারুখ সেলিম। শিল্পীর ভাস্কর্যে দেখা যায়, সন্তান কখনও মায়ের কোলে, কখনও মায়ের সঙ্গে খেলছে। কখনও নারী একাকী নিঃসঙ্গ দাঁড়িয়ে আছে। কোনো কোনো শিল্পকর্ম দুই বা এর বেশি নারীকে শ্বাসত রূপেও ফুটিয়ে তুলেছেন শিল্পী। মাছ, পশু-পাখি নিয়েও তিনি কয়েকটি ভাস্কর্য বানিয়েছেন। ভাস্কর্যগুলো পিতল, কাঠ, অ্যালুমিনিয়াম ও লোহার তৈরি। ভাস্কর্যের পাশাপাশি শিল্পীর ড্রইং ও জলরঙের কয়েকটি চিত্রকর্মও আছে। আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত তা চলবে। সোমবার থেকে বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে রাত ৯টা, শুক্রবার ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা আর বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী খোলা থাকবে। এছাড়া আলিয়ঁস ফ্রঁসেজের জুম গ্যালারিতে চলছে ‘আমার প্রিয় মাতৃভূমি-২’ শিরোনামে ১৪ দিনের কার্টুন চিত্র প্রদর্শনী। শিল্পী আবু সেলিমের আঁকা এসব কার্টুনের মূল বিষয়বস্তু হলো শিক্ষাঙ্গনে সন্ত্রাস, দুর্নীতিগ্রস্ত আমলাতন্ত্র, ক্ষমতাসীনদের মদতে সন্ত্রাসী কর্মকাণ্ড আর দুবৃত্তায়ন, কিছু রাজনীতিবিদের নীতিহীনতার প্রমাণপত্রসহ দেশের সাম্প্রতিক অস্থিরতা। প্রদর্শনীতে আছে ২৬টি কার্টুন চিত্র। প্রদর্শনী আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।
পিঠার উত্সব শেষ : সারাদেশ থেকে দেড়শ’ রকমের পিঠা নিয়ে ঢাকার শিল্পকলা একাডেমীর কফি হাউস প্রাঙ্গণে আয়োজিত উত্সব গতকাল শেষ হলো। শেষ দিনের আলোচনা অনুষ্ঠানে অংশ নেন নাট্যজন রামেন্দু মজুমদার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি গোলাম কুদ্দুছ, গীতিকার শহীদুল্লাহ ফরায়জীসহ আরও অনেকে। জাতীয় পিঠা উত্সব উদযাপন পরিষদ আট দিনের এ উত্সবের আয়োজন করে। শেষ দিনে সেরা পিঠা শিল্পীদের নাম ঘোষণা করা হয়। উত্সবে ছিল ত্রিশটি স্টল। প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত স্টল খোলা ছিল। প্রতি সন্ধ্যায় ছিলো সাংস্কৃতিক আয়োজন। এতে দেশের বরেণ্য শিল্পীরা অংশ নেন।
?নিশিমন-বিসর্জন : মহাকাল নাট্য সম্প্রদায়ের নাটক ‘নিশিমন-বিসর্জন’ আজ সন্ধ্যা ৭টায় ঢাকার শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বিসর্জন’ অবলম্বনে নাটকটি লেখা। এর নতুন নাট্যায়ন করেছেন আনন জামান। নির্দেশনায় থাকবেন আশিক রহমান লিয়ন। নাটকটি মহাকালের ২৭তম প্রযোজনা। রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুদানে নাটকটি নির্মিত হয়েছে। এতে অভিনয় করবেন মীর জাহিদ হাসান, শাহনেওয়াজ, পলি বিশ্বাস, অনুজ শরিফ, কানিজ ফাতেমা সিমি, আরিফ হোসেন, বাহার সরকার প্রমুখ।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?