Amardesh
আজঃ ঢাকা, শনিবার ২৮ জানুয়ারি ২০১২, ১৫ মাঘ ১৪১৮, ৪ রবিউল আউয়াল ১৪৩৩ হিজরী     আপডেট সময়ঃ রাত ১.০০টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 শোক ও মৃত্যুবার্ষিকী
 সাপ্তাহিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

ওল্ড ডিওএইচএসের কাছে মোহামেডানের হার

স্পোর্টস রিপোর্টার
প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের এবারের আসরে চমক দেখাচ্ছে আশরাফুলের ওল্ড ডিওএইচএস। গতকাল লিগের অষ্টম রাউন্ডের খেলায় গত আসরের রানার্সআপ শক্তিশালী মোহামেডানকে ৪৯ রানে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রেখেছে তারা। এছাড়া দিনের অপর দুই ম্যাচে জয় পেয়েছে আবাহনী ও ব্রাদার্স ইউনিয়ন। গত আসরের চ্যাম্পিয়ন দল আবাহনী ৬৭ রানে হারিয়েছে বিমান বাংলাদেশকে। গাজী ট্যাংকের বিপক্ষে ৪৯ রানের তাক লাগানো জয় পেয়েছে চার পর প্রিমিয়ার ক্রিকেটে ফিরে আসা ব্রাদার্স ইউনিয়ন।
মোহামেডান-ওল্ড ডিওএইচএস : গতকাল দিনের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে মোহামেডানকে ৪৯ রানে হারিয়ে লিগে জয়ের ধারা অব্যাহত রেখেছে ওল্ড ডিওএইচএস। এবারের লিগে আট ম্যাচের মধ্যে এটি তাদের সপ্তম জয়। একই সঙ্গে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে ওল্ড ডিওএইচএস।
সকালে টসে হেরে শিশির সিক্ত শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নামে ডিওএইচএস। দুই পাকিস্তানি ব্যাটসম্যান রমিজ পিনজারা (৬০) ও আদনান রাজার (৫৬) হাফ-সেঞ্চুরির ওপর ভর করে নির্ধারিত পঞ্চাশ ওভার শেষে সাত উইকেটে তাদের সংগ্রহ দাঁড়ায় ২৬২। অন্যদের মধ্যে শুভাগত হোম ৩৮, ফয়সাল হোসেন ৩৫ ও অধিনায়ক আশরাফুল ২৫ রান করেন। মোহামেডানের বোলারদের পক্ষে পাকিস্তানি স্পিনার ইয়াসিম মর্তুজা দুটি উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে বেশ ভালোভাবেই শুরু করে মোহামেডান। ইমতিয়াজ হোসেনের হাফ-সেঞ্চুরি (৫২) ও রমিজ রাজার ৪০ রানের ইনিংসের ওপরড় ভর করে এক পর্যায়ে দলটির রান দাড়ায় পাঁচ উইকেটে ১৪০। কিন্তু পরের সারির ব্যাটসম্যানদের কাছ থেকে উল্লেখযোগ্য রান না আসায় ২১৩ রানেই থেমে যায় মোহামেডান। ওল্ড ডিওএইএসের বোলারদের পক্ষে স্পিনার নাবিল সামাদ পাঁচটি উইকেট নেন। এ জন্য দশ ওভার বল করে ৪৫ রান গুনতে হয়েছে তাকে। দুটি উইকেট নেন অধিনায়ক আশরাফুল। এবারের লিগে এটি মোহামেডানের দ্বিতীয় পরাজয়।
আবাহনী-বিমান বাংলাদেশ : গতকাল বিমান বাংলাদেশকে ৬৭ রানে হারিয়ে লিগে ষষ্ঠ জয় পেয়ে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে আবাহনী। বিকেএসপির দুই নম্বর মাঠে সকালে টসে জিতে ব্যাট করতে নেমে পঞ্চাশ ওভারে সাত উইকেট হারিয়ে জয়ের জন্য বিমানকে ২৮৬ রানের বিশাল লক্ষ্যমাত্রা বেঁধে দেয় বর্তমান চ্যাম্পিয়নরা। দলের পক্ষে ভারতীয় ব্যাটসম্যান উইকেটকিপার পুনিত সিং ৭৫ বলে সর্বোচ্চ ৮২ রানের ইনিংস খেলেন। তার এ ইনিংসে ১১টি চার ও একটি ছক্কার মার রয়েছে। অন্যদের মধ্যে অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ৬১ ও ওপেনার এনামুল হক জুনিয়র ৪৩ রানের ইনিংস খেলেন। বিমানের বোলারদের পক্ষে আসিফ হাসান তিনটি উইকেট নেন। ছয় ওভার বল করে দুই উইকেট নেন পেসার মাশরাফি বিন মর্তুজা।
জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত পঞ্চাশ ওভার ব্যাট করলেও ২১৮ রানেই থেমে যায় বিমানের রানের চাকা। এ জন্য নয়টি উইকেট হারাতে হয় তাদের। দলের পক্ষে জুনায়েদ সিদ্দিক ৪৪ রান ও খালেদ লতিফ ৪০ রানের ইনিংস খেলেন। আবাহনীর বোলারদের পক্ষে আবুল হাসান ও নাজমুল অপু দুটি করে উইকেট নেন।
গাজী ট্যাংক-ব্রাদার্স ইউনিয়ন : গতকাল শক্তিশালী গাজী ট্যাংককে ৪৯ রানে হারিয়ে চমক দেখিয়েছে গোপীবাগের দল ব্রাদার্স ইউনিয়ন। লিগে এটি তাদের তৃতীয় জয়। সকালে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে সাত উইকেট হারিয়ে ২৫১ রানের সংগ্রহ দাঁড় করায় ব্রাদার্স। দলকে শুভ সূচনা এনে দেয় ইমরান নাজির জুনিয়র ও নাজিমউদ্দিনের ১২৮ রানের ওপেনিং জুটি। আসিফ আহমেদের বলে সানজামুল ইসলামের হাতে ধরা দেয়ার আগে ৮৫ রানের ইনিংস খেলেন ইমরান নাজির। ৬৯ বলে তার এ ইনিংসে ছয়টি চার ও পাঁচটি ছক্কার মার রয়েছে। এছাড়া নাজিমউদ্দিন ৪২ ও মনসুর আমজাদ ৪৮ রান করেন। গাজী ট্যাংকের বোলারদের পক্ষে অলক কাপালি ও আসিফ আহমেদ দুটি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে ৪৯ রানের পার্টনারশিপ গড়ে মোটামুটি ভালো একটি সূচনা এনে দেন কায়সার ইকবাল ও রনি তালুদারের ওপেনিং জুটি। এ জুটি ভাঙার সঙ্গে সঙ্গেই ফুটে ওঠে গাজী ট্যাঙ্কের ব্যাটিং দৈন্যতা। এক পর্যায়ে ৫৯ রানেই পাঁচ উইকেট হারিয়ে ফেলে তারা। ব্রাদার্সের বোলারদের কৌশলী বোলিংয়ে ছয় ওভার বাকি থাকতেই ২০২ রানে গুঁড়িয়ে যায় গাজী ট্যাংক। দলের পক্ষে সর্বোচ্চ ৫৫ রানের ইনিংস খেলেন অলক কাপালি। ব্রাদার্সের বোলারদের পক্ষে তাপশ ঘোষ চারটি উইকেট নেন।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?