ইংল্যান্ডকে ভালোই জবাব দিচ্ছে পাকিস্তান
স্পোর্টস ডেস্ক
আবুধাবি টেস্টে ইংল্যান্ডকে ভালোই জবাব দিচ্ছে পাকিস্তান। তৃতীয় দিন শেষে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ১২৫ রান। এতে ৫৫ রানের লিড নিয়েছে তারা। লিডকে টেনে লম্বা করতে হাতে আছে আরো ছয় উইকেট। আজহার আলী (৪৬) ও আসাদ শফিক (৩৫) অপরাজিত আছেন। প্রথম ইনিংসে সবক’টি উইকেট হারিয়ে ৩২৭ রান সংগ্রহ করে ইংল্যান্ড। পাকিস্তানের প্রথম ইনিংসে গড়া ২৫৭ রানের বিপরীতে ৭০ রানে এগিয়েছিল তারা। গতকাল দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতে অনেকটাই বিপদে পড়ে যায় পাকিস্তান। ইংলিশ স্পিনার মন্টি পানেসার ও গ্রায়েম সোয়ান ঘূর্ণিতে দলীয় ২৯ রানের মাথায় দুই উদ্বোধনী ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ (২৯) ও তৌফিক উমর (৭) উইকেট হারান। এরপর ক্রিজে এসে পাকিস্তানের নির্ভরযোগ্য ব্যাটসম্যান ইউনিস খানও বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি। পানেসারের বলে সরাসরি বোল্ড হন ইউনিস (১)। দলীয় ৫৪ রানে আবারও পাক ব্যাটিং লাইনআপে আঘাত হানেন ভারতীয বংশোদ্ভূত স্পিনার মন্টি পানেসার। এবার তার শিকার হন অধিনায়ক মিসবাহ উল হক। ৩২ বল খেলে মাত্র ১২ রান করেই এলবিডব্লিউ’র হন তিনি। তবে শেষ বিকেলে আজহার ও শফিক শক্ত জুটি গড়েন। পঞ্চম উইকেটে ৭১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে এ দিন আর উইকেট পড়তে দেননি তারা। ইংল্যান্ডের পক্ষে পানেসার তিনটি উইকেট নেন। গতকাল দিনের শুরুতেই ৫ উইকেটে ২০৭ রান নিয়ে ব্যাট করতে নামে ইংল্যান্ড। প্রথম দিন ইংল্যান্ড কুক (৯৪) ও ট্র্রটের (৭৪) সৌজন্যে বড় সংগ্রহের দিকে এগুলেও পাকিস্তানি স্পিনার সাইদ আজমল শেষ বিকেলে রীতিমতো তাণ্ডব চালিয়ে মাত্র ৯ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়ে সে সম্ভাবনার মূলোচ্ছেদ করে দেন। গতকাল দিনের শুরুতে ইংলিশ ব্যাটিং লাইনআপে প্রথম আঘাত হানেন তিনি। আজমলের বলে ম্যাট প্রিয়র (৩) এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন। এরপর দলীয় ২৯১ রানের মধ্যে আরও দুই উইকেট হারায় ইংল্যান্ড। উমর গুলের বলে ইয়ান বেল (২৯) এবং রেহমানের বলে গ্রায়েম সোয়ান (১৫) এলবিডব্লিউ’র ফাঁদে পড়েন। তবে উইকেটে অবিচল থাকেন আট নম্বরে ব্যাট করতে নামা স্টুয়ার্ট ব্রড। পরে মোহাম্মদ হাফিজের ঘূর্ণিতে ইংলিশ টেলএন্ডার দুই ব্যাটসম্যান আত্মাহুতি দিলেও থামেনি ব্রডের ব্যাট। তার অপরাজিত ৫৮ রানের সুবাদে ৩২৭ রান সংগ্রহ করে ইংল্যান্ড। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ চার উইকেট পান আজমল। মোহাম্মদ হাফিজ নেন তিন উইকেট।
-
খেলাধুলা


সাধারণ বিভাগ
আবহাওয়া



