Amardesh
আজঃ ঢাকা, শনিবার ২৮ জানুয়ারি ২০১২, ১৫ মাঘ ১৪১৮, ৪ রবিউল আউয়াল ১৪৩৩ হিজরী     আপডেট সময়ঃ রাত ১.০০টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 শোক ও মৃত্যুবার্ষিকী
 সাপ্তাহিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

সার্চ কমিটিতে নাম সুপারিশ করবে না বিএনপি : মওদুদ

স্টাফ রিপোর্টার
নির্বাচন কমিশন পুনর্গঠনে গঠিত সার্চ কমিটিতে বিএনপি কোনো নাম সুপারিশ করবে না বলে জানিয়ে দিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ এমপি। গতকাল বিকেলে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে সেন্টার ফর ডেমোক্রেসি অ্যান্ড পিস স্টাডিজ আয়োজিত গোলটেবিল আলোচনায় তিনি এ কথা জানান। সার্চ কমিটিকে অসাংবিধানিক আখ্যা দিয়ে ব্যারিস্টার মওদুদ বলেন, সার্চ কমিটি গঠনটাই অসাংবিধানিক। এই সার্চ কমিটি গঠন করে সরকার সংবিধানের ১৫৮ নং অনুচ্ছেদ ভঙ্গ করেছে। সুতরাং এই সার্চ কমিটি জাতীয়তাবাদী দল প্রত্যাখ্যান করছে। এখানে কোনো নাম প্রস্তাব করা হবে না। প্রেস ক্লাব সভাপতি কামাল উদ্দিন সবুজের সভাপতিত্বে আরও বক্তৃতা করেন ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সভাপতি রুহুল আমীন গাজী, জাগপা সাধারণ সম্পাদক খন্দকার লুত্ফর রহমান, প্রফেসর ড. দেওয়ান এমএ জাকির, অ্যাডভোকেট জাহানারা পারভীন, রফিক নোমান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সেন্টার ফর ডেমোক্রেসি অ্যান্ড পিচ স্টাডির পরিচালক শফিক সাদিক।
ব্যারিস্টার মওদুদ বলেন, ১৫৮নং অনুচ্ছেদ অনুযায়ী সার্চ কমিটি গঠন করতে হলে সংসদে বিল উত্থাপন করতে হবে। কিন্তু সংসদকে পাশ কাটিয়ে প্রজ্ঞাপন জারির মাধ্যমে এই সার্চ কমিটি গঠন করা হয়েছে। এর কোনো সাংবিধানিক ভিত্তি নেই। সংসদের ওপর আস্থা ও বিশ্বাস না রাখতে পেরেই সংসদকে পাশ কাটিয়ে এ ধরনের কমিটি করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। সার্চ কমিটি প্রত্যাখ্যানের পাশাপাশি ইভিএম পদ্ধতিকেও প্রত্যাখ্যান করেন বিএনপির এই বর্ষীয়ান নেতা বলেন, বিশ্বের কোনো দেশ এখন আর ইভিএমের ওপর আস্থা রাখতে পারছে না। অনেক আগেই এই ইভিএম পদ্ধতি বিলুপ্ত করা হয়েছে। কারণ এটি এখন আর ভোটের মেশিন নয়, এটি এখন ভোট ছিনতাইয়ের মেশিন। আন্দোলন কর্মসূচি সম্পর্কে তিনি বলেন, ১২ মার্চের কর্মসূচিতে বাধা দেয়া হলে যেমন সরকার তেমন ওষুধ দেয়া হবে। গণবিস্ফোরণের মাধ্যমে এ সরকারকে ক্ষমতা থেকে সরানো হবে। ’৭২-৭৫ এর কথা উল্লেখ করে তিনি বলেন, এ সরকার যখনই দেখেছে জনগণ তাদের সঙ্গে আর নেই তখনই তারা জনগণের ওপর দুঃশাসন চালিয়েছে। স্বাধীনতার পর ক্ষমতায় বসার পর প্রথমেই গণতন্ত্রের ওপর আঘাত করল তারা। ’৭৪-এর ডিসেম্বরে ইমার্জেন্সি জারি করল। ’৭৫-এর জানুয়ারিতে একদলীয় শাসন কায়েম করল। ওই সময় যদি ইমার্জেন্সি জারি করা না হতো, একদলীয় শাসন জারি করা না হতো তাহলে আমরা আরও এগিয়ে যেতাম। তিনি বলেন, ‘বিগত ফখরুদ্দীন-মইনুদ্দিন সরকার যে দুঃশাসন ও ষড়যন্ত্র চালিয়েছিল সেই ধারাবাহিকতা আজও চলছে। কারণ একটাই, তারা চিরদিন ক্ষমতায় থাকতে চায়। কামাল উদ্দিন সবুজ বলেন, গত ৩ বছরে দ্রব্যমূল্য বৃদ্ধি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। এজন্য বর্তমান সরকারের ওপর মানুষ ক্ষুব্ধ। কিন্তু সরকার এসবের সমাধান না করে নতুন নতুন ইস্যু সৃষ্টি করেই চলেছে। এতে রাজনৈতিক ময়দান উত্তপ্ত হয়ে উঠছে। সর্বশেষ সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দলীয় সরকারের অধীনে নির্বাচন করার সব ব্যবস্থা পাকাপোক্ত করেছে। তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শুধু নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে কাজ না করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের ব্যবস্থা করুন। এজন্য বিরোধী দলসহ সবার সঙ্গে আলোচনা করুন। তা নাহলে দেশের রাজনৈতিক পরিস্থিতি একটি সংঘাতময় অবস্থার দিকে ধাবিত হবে। তিনি প্রখ্যাত ইংরেজ কবি জন কিটসের কবিতা থেকে ‘অ্যা থিং অব বিউটি/ইজ অ্যা জয় ফর এভার’ লাইনটি উদ্ধৃত করে বলেন, আমাদের সবাইকেই এখন ‘অ্যা থিং অব বিউটি’র মতো কর্মসূচি দেয়া যায় কি না, তা নিয়ে চিন্তা করতে হবে। জনসম্পৃক্ত কর্মসূচি দিতে হবে।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?