পরিচালনায় নাট্যকার হাশিম রনি
বিনোদন রিপোর্ট
ভালোবাসা দিবসের জন্য একক নাটক নির্মাণ করলেন তরুণ নাট্যকার হাশিম রনি। নাটকটির নাম আলোছায়া। নিজের রচনায় এই নাটকটি নির্মাণের মাধ্যমেই পরিচালনায় অভিষেক হলো নাট্যকার হাশিম রনির। পরিচালনায় নাম লেখানো প্রসঙ্গে হাশিম রনি জানান, ‘শখের বশেই পরিচালনা করা। এটি একটি কঠিন কাজ। নিয়মিত নাটক পরিচালনা করলে লেখালেখি পিছিয়ে যায়। এ কারণেই নিয়মিত নাটক পরিচালনার ইচ্ছে আমার নেই। লেখালেখিটাই ভালো করে এগিয়ে নিতে চাই।’ আলোছায়া নাটকের গল্প প্রসঙ্গে পরিচালক জানান, ‘ত্রিমুখী প্রেমের গল্প নিয়ে নাটকের কাহিনী এগিয়েছে। সামিয়া মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। স্যারের দেয়া অ্যাসাইনমেন্ট প্রস্তুত করতে সহযোগিতার জন্য এক বড় ভাইয়ের নাম্বারে কল করতে গিয়ে ভুল করে ইন্টার্নি ডাক্তার সাজ্জাদুর রহমান জুয়েলের সঙ্গে পরিচয় হয় সামিয়ার। ফোনীয় একটা সুসম্পর্ক গড়ে ওঠে জুয়েল ও সামিয়ার মধ্যে। যে কোনো প্রয়োজনে জুয়েলের কাছ থেকে সাহায্য নেয় সামিয়া। না দেখেও মিষ্টভাষী জুয়েলের প্রতি দুর্বল হয়ে পড়ে ও। কিন্তু সামিয়ার ইঙ্গিতপূর্ণ কথাকে সযতনে পাশ কাটিয়ে যায় জুয়েল। হতাশ হয় সামিয়া। এরই মধ্যে বুয়েট ছাত্র রুশোর সঙ্গে পরিচয় হয় সামিয়ার। পরিচয় থেকে প্রেম। কিন্তু একদিন জানা যায় রুশো বুয়েটের ছাত্র নয়। এমনকি ইন্টারমিডিয়েটের বাধাও সে ডিঙাতে পারেনি। ভাইয়ের ঘাড়ে চেপে তার জীবন চলে। কৌশলে মেয়েদের সঙ্গে সম্পর্ক করা তার হবি। এলোমেলো হয়ে যায় সামিয়ার জীবন। নাটকের গল্প মোড় নেয় ভিন্ন দিকে। এ নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—ওমর আয়াজ অনি, অহনা, মিশু সাব্বির, আমীর হাসান, শামীম হাসান, মোজাফ্ফর হোসেন মধু, আশা, তন্নী, সোহাগ, লিটন প্রমুখ। নাটকটি আগামী ভ্যালেন্টাইন্স ডে-তে একটি বেসরকারি টিভিতে সম্প্রচারের কথা রয়েছে।


সাধারণ বিভাগ
আবহাওয়া



