কমেডি চরিত্রে শারমীন শিলা
বিনোদন রিপোর্ট
আগে অভিনয়টাই ধ্যানজ্ঞান ছিল শারমীন শিলার। আর এখন তিনি ব্যবসায়ী বলে এই কাজের ফাঁকে ফাঁকে অভিনয় করেন। তবে এটা ঠিক, নিজের কাজ নিয়ে আগের চেয়ে বাছ-বিচার বেড়েছে এই মডেল অভিনেত্রীর। এরই মধ্যে নতুন একটি ধারাবাহিকে কাজ করেছেন তিনি। তন্ময় তানসেনের পরিচালনায় নির্মিত এ নাটকের শিরোনাম ‘সাত ভাই চম্পা’। এতে কমেডি চরিত্রে কাজ করেছেন শিলা। এ নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন অভিনেতা-পরিচালক আবদুল্লাহ রানা। এতে নিজের চরিত্র নিয়ে শারমীন শিলা বললেন, ‘এখানে আমি ফানি একটি চরিত্রে কাজ করেছি। নাটকের কাহিনীতে দেখা যায়, একটি পরিবারের সাত ভাই কোনো কাজকর্ম করে না। তারা সিদ্ধান্ত নিয়েছে, বিয়ে করবে না। এর মধ্যে তাদের মেজো ভাই গোপনে আমাকে বিয়ে করে ফেলেন। বিষয়টি সে কাউকে বলেও না, আমাকে তার ঘরেও তোলে না। এক সময় আমি অধৈর্য হয়ে পড়ি। এমন পরিস্থিতিতে আমি সিদ্ধান্ত নিই, নিজেই স্বামীর ঘরে গিয়ে উঠব। যেই ভাবা সেই কাজ। শ্বশুর বাড়ি গিয়ে যখন বলি আমাকে আপনাদের মেজো ছেলে বিয়ে করেছে, তখন সবাই বেশ অবাক হয়। এরপর নানা নাটকীয় ঘটনা ঘটে।’ ফানি চরিত্রে কাজ করা প্রসঙ্গে শারমীন শিলা আরও বলেন, ‘সিরিয়াস বা অন্যান্য চরিত্রে অভিনয় করার চেয়ে এ জাতীয় চরিত্রে কাজ করা একটু কষ্টকর। কারণ অভিনয় দিয়ে লোক হাসানো সত্যিই কঠিন একটি কাজ। তবে তা খানিকটা লাঘব হয় স্ক্রিপ্টটা অনেক মজবুত হলেই।’ বর্তমানে বৈশাখী টিভিতে প্রচারিত হচ্ছে শিলা অভিনীত ধারাবাহিক ‘উত্সব’, দেশটিভিতে স্বপ্নভুক। দুটি নাটকের মধ্যে উত্সবে কাজের জন্য দর্শকদের বেশি সাড়া পেয়েছেন বলে তিনি জানান।


সাধারণ বিভাগ
আবহাওয়া



