Amardesh
আজঃ ঢাকা, শনিবার ২৮ জানুয়ারি ২০১২, ১৫ মাঘ ১৪১৮, ৪ রবিউল আউয়াল ১৪৩৩ হিজরী     আপডেট সময়ঃ রাত ১.০০টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 শোক ও মৃত্যুবার্ষিকী
 সাপ্তাহিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

স্বপ্নের কাজটি শুরু করতে পারছি না

এখন বিভিন্ন চ্যানেলে প্রচারিত হচ্ছে মোবাইল অপারেটর কোম্পানি রবির নতুন একটি বিজ্ঞাপনচিত্র। এটি নির্মাণ করেছেন মোস্তফা সরয়ার ফারুকী। আর এতে পারফর্ম করেছেন শহীদুজ্জামান সেলিম।
এই বিজ্ঞাপনচিত্রসহ অন্যান্য প্রসঙ্গে বিনোদনের মুখোমুখি হয়েছেন শহীদুজ্জামান সেলিম। তার সঙ্গে কথা বলেছেন রকিব হোসেন
রবির নতুন বিজ্ঞাপনচিত্রে কাজের অভিজ্ঞতা কেমন?
আমার কাছে যখন এর নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী প্রস্তাবটা নিয়ে আসেন, তখন বিজ্ঞাপনের থিমটা আমার অনেক ভালো লেগে যায়। আর এ কারণেই আমি কাজটি করতে রাজি হয়েছি। সবাই মিলে চেষ্টা করলে যে ভালো কাজ সহজেই করা যায়, এই বিজ্ঞাপনচিত্রটি সেই মেসেজই আমাদের দিয়েছে। কাজটি করেছি এক ধরনের সামাজিক দায়বদ্ধতা থেকে। আমি এমনিতেই বিজ্ঞাপনচিত্রের কাজ কম করি। নাটকের অভিনয়ের মতো এখন বিজ্ঞাপনচিত্রে পারফর্ম করেও সামাজিক কিছু ইতিবাচক কর্মকাণ্ডে নিজেকে যুক্ত করতে পেরে আমার ভালো লাগছে। এই বিজ্ঞাপনচিত্রটির উদ্দেশ্য হচ্ছে লোকাল কমিউনিটির নানা রকম সমস্যার সমাধানে তাদেরই কাজে লাগানো, যে কোনো সমস্যা সমাধানে এগিয়ে আসতে উদ্বুদ্ধ করা।
এই যে সামাজিক দায়বদ্ধতার কথা বললেন, এই দায় থেকে যখন কোনো কাজ করেন তখনকার অনুভূতি কী রকম হয়?
আমাদের জাতীয় ক্রিকেট দল যখন অন্য দেশের বিরুদ্ধে জয়লাভ করে তখন যে ধরনের অনুভূতি হয়, সামাজিক দায়বদ্ধতা থেকে কোনো কাজে অংশ নিলেও সেরকম এক অনুভূতি কাজ করে। শরীরটা আলাদা এক উত্তেজনায় ভরপুর থাকে। আসলে আমরা প্রতিনিয়ত যে কাজগুলো করি, তাতে এমন সুযোগ কমই থাকে। শুধু একজন শিল্পীই নয়, দেশের একজন সচেতন নাগরিক হিসেবে মানুষের জন্য কোনো সোশ্যাল মেসেজ ক্যারি করে আমি অনেক আনন্দ পাই।
শুনলাম আজ থেকে (২৭ জানুয়ারি) ‘না মানুষ’ চলচ্চিত্রের কাজ করছেন?
হ্যাঁ, এখন আমি এ ছবির কাজেই কুষ্টিয়ায় আছি। এখানকার শীতটা সহনীয় পর্যায়ে আছে। আজই আমার অভিনীত অংশের শুটিং শুরু হয়েছে। এতে আমি একজন মহল্লাবাসীর চরিত্রে কাজ করছি। আমার চরিত্রটি দারুণ। অভিনয়ের ভালো সুযোগ রয়েছে। আমি চেষ্টা করছি নিজেকে চরিত্রটিতে মিশিয়ে দিতে।
অনিমেষ আইচের সঙ্গে তো আগেও কাজ করেছেন। তার সঙ্গে কাজ করে কেমন লাগে?
অনিমেষ আইচ ডিটেইল কাজ করতে পছন্দ করে। আমি ওর কিছু নাটকেও কাজ করেছি। ও আসলে একটু আলাদা করে ভাবতে চায়। আর ওর কাজেও আমরা সেই প্রভাব দেখতে পাই। ‘না মানুষ’ ছবিতেও আশা করি অনিমেষ তার কাজের ধারাবাহিতা বজায় রাখবেন।
আপনার নতুন ধারাবাহিকের কী খবর?
‘সামান্তা’ আমার নতুন পরিচালিত ধারাবাহিক। আমি অনেক যত্ন নিয়ে কাজটি করছি। নাটকটির কাজ শেষের দিকে রয়েছে।
আপনার চলচ্চিত্র নির্মাণ কতদূর?
মুক্তিযুদ্ধের ওপর ভিত্তি করে একটি চলচ্চিত্র নির্মাণের স্বপ্নটা আমার অনেক দিনের। কিন্তু প্রযোজক পাচ্ছি না বলে স্বপ্নের কাজটি এখনও শুরু করতে পারছি না।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?