Amardesh
আজঃ ঢাকা, শনিবার ৪ সেপ্টেম্বর ২০১০, ২০ ভাদ্র ১৪১৭, ২৪ রমজান ১৪৩১     আপডেট সময়ঃ রাত ১.০০টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 শোক ও মৃত্যুবার্ষিকী
 সাপ্তাহিক
 কার্টুন
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

ওয়ান ইলেভেনের সরকার ছিল অবৈধ : নাসিম

স্টাফ রিপোর্টার
ফখরুদ্দীন-মইনউদ্দিনের জরুরি অবস্থার সরকারের সমালোচনা করে ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ওয়ান ইলেভেনের সরকার সামরিক শাসক না হলেও তা ছিল অসাংবিধানিক ও অবৈধ। অবৈধভাবে কোনো মহল যাতে ক্ষমতা দখল করতে না পারে সেভাবেই সংবিধান সংশোধনের আহ্বান জানিয়ে তিনি বলেন, সামরিক কিংবা অসাংবিধানিক কাউকেই ভবিষ্যতে ক্ষমতায় আসতে দেয়া যাবে না। এমন আইন করতে হবে যাতে জিয়া-এরশাদ-মইনউদ্দিন-ফখরুদ্দীনের মতো আর কোনও শাসক অবৈধভাবে ক্ষমতায় আসতে না পারে।
গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত ‘সংবিধানের পঞ্চম ও সপ্তম সংশোধনী বাতিল এবং অবৈধ শাসন সংক্রান্ত গণজিজ্ঞাসা’ শীর্ষক আলোচনা সভায় তিনি অবৈধ সামরিক শাসকদের পাশাপাশি তাদের সহযোগীদেরও শাস্তির দাবি জানিয়ে বলেন, উচ্চ আদালতের রায় অনুযায়ী শুধু সংবিধানের পঞ্চম ও সপ্তম সংশোধনী বাতিলই নয়, এমন গ্যারান্টিও থাকতে হবে যেন অবৈধ ক্ষমতা দখলকারী শাসকদের পাশাপাশি তাদের সহযোগীদেরও শাস্তি নিশ্চিত করা যায়।
সংগঠনের চেয়ারম্যান হেমায়েত উদ্দীন বীরবিক্রমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন মোজাফফর হোসেন পল্টু, ইসরাফিল আলম এমপি, ফয়েজউদ্দিন মিয়া, আবদুল হক সবুজ, মিজু আহমেদ প্রমুখ।
বিএনপির ভেতরে বর্তমানে অবৈধ সামরিক শাসকের অনেক সহযোগী রয়েছে অভিযোগ করে মোহাম্মদ নাসিম বলেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, এম কে আনোয়ার ও সালাহউদ্দিন কাদের চৌধুরীরা বিভিন্ন সময় অবৈধ সামরিক শাসকদের সহযোগিতা করেছেন। এদের শাস্তির ব্যবস্থা করতে হবে। ব্যারিস্টার মওদুদ আহমদ বলছেন, তিনি নাকি গণতন্ত্রকে ফিরিয়ে আনতেই এরশাদকে সহযোগিতা করেছেন। তার এই বক্তব্য পাগলের প্রলাপ ছাড়া কিছুই নয়। তার মুখে গণতন্ত্র নিয়ে কথা বলা মানায় না।
সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রধান দুই দলের নেত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়া এক সময়ে একই সঙ্গে কাজ করেছেন উল্লেখ করে তিনি বলেন, উচ্চ আদালতের রায়ের প্রেক্ষিতে আবারও সুযোগ এসেছে ক্ষমতা দখল বন্ধে আইন প্রণয়নের। এ ব্যাপারে সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটিকে বিএনপির সহযোগিতা করা উচিত। তিনি বলেন, সংসদীয় গণতন্ত্রের বিকল্প নেই। এ পদ্ধতিতে বিরোধী দল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কিন্তু সামরিক শাসনের সময় সেই অধিকার থাকে না। তাই ভবিষ্যতে আর যেন এ দেশে সামরিক শাসন প্রতিষ্ঠা না হয় সে ব্যাপারে সরকার ও বিরোধী দলকে সজাগ থাকতে হবে।
সরকারের বিভিন্ন পদক্ষেপের ফলে বিদ্যুত্ ও যানজট সমস্যার সমাধান এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কিছুটা সফলতা এসেছে উল্লেখ করে তিনি বলেন, কখনও কখনও সাময়িক পদক্ষেপও জনগণের জন্য কল্যাণকর হয়ে দাঁড়ায়।
বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াসহ বিএনপি নেতৃত্বের প্রতি সরকারের উন্নয়ন কাজ পরিচালনা এবং গঠনমূলক সমালোচনার মাধ্যমে সরকারের ভুলত্রুটি সংশোধনে সহযোগিতা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, তাহলেই আগামী নির্বাচনে জনগণ তাদের বিবেচনা করতে পারে।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?