Amardesh
আজঃ ঢাকা, শনিবার ৪ সেপ্টেম্বর ২০১০, ২০ ভাদ্র ১৪১৭, ২৪ রমজান ১৪৩১     আপডেট সময়ঃ রাত ১.০০টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 শোক ও মৃত্যুবার্ষিকী
 সাপ্তাহিক
 কার্টুন
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

তারেকের কারামুক্তি দিবস পালন : দাবি আদায়ে সরকারকে ছাড় দেবে না বিএনপি : নজরুল ইসলাম খান

স্টাফ রিপোর্টার
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে গতকাল বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দ্বিতীয় কারামুক্তি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মাজারে দলের নেতাকর্মীসহ সাধারণ মানুষের ঢল নামে। মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে মোনাজাত করেন তারা। পরে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, জনগণের দাবি আদায়ে বিএনপি কোনো রকম ছাড় দেবে না। সরকারের মামলা, হামলা, নির্যাতন উপেক্ষা করে জনগণের কথা বলতে বিএনপি মাঠে থাকবে বলে ঘোষণা করেন তিনি। আওয়ামী লীগের সন্দেহপ্রবণতাকে ইঙ্গিত করে তিনি বলেন, জনগণের দাবির পক্ষে কথা বললেও আওয়ামী লীগ ষড়যন্ত্রের গন্ধ খোঁজে।
দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দ্বিতীয় কারামুক্তি দিবস উপলক্ষে গতকাল সকাল সাড়ে ১১টায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুল হালিম, ডা. এজেডএম জাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ, ছাত্রবিষয়ক সম্পাদক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সভাপতি একেএম আজিজুল হক, যুবদলের সহসভাপতি অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরব, যুগ্ম সম্পাদক মোরতাজুল করিম বাদরু, আবদুল কাইয়ুম চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল, সেক্রেটারি মীর সরফত আলী সপু, সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু, মহিলা দলের সেক্রেটারি শিরীন সুলতানা, বিলকিস জাহান শিরীন, ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, ওলামা দলের সভাপতি হাফেজ আবদুল মালেক, ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম আলিম, সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম বাবুল, আমিরুজ্জামান খান শিমুল ও আনিসুর রহমান খোকন, শিরিনা খান রীনাসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
নজরুল ইসলাম খান বলেন, বর্তমান সরকার বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোকে হত্যাচেষ্টার বিচার না করলে আগামীতে বিএনপি ক্ষমতায় গিয়ে বিচার করবে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগের কাছ থেকে নতুন ধারার রাজনীতির প্রত্যাশা ছিল। বর্তমানে আওয়ামী লীগ যে রাজনীতি করছে তাতে রাজনীতি কলুষিত হচ্ছে। তিনি বলেন, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা ছিলেন মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী। তাকেই তারা স্মরণ করেনি। তিনি বলেন, একদলীয় বাকশালের মাধ্যমে আওয়ামী লীগসহ সব রাজনৈতিক দলের বিলুপ্তি ঘটেছিল। দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে জিয়াউর রহমানই আওয়ামী লীগের পুনর্জন্ম দিয়েছিলেন।
উল্লেখ্য, ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর তারেক রহমান উচ্চ আদালতের নির্দেশে জামিনে মুক্ত হন। পরে চিকিত্সার জন্য একই সালের ১১ সেপ্টেম্বর লন্ডন যান। বর্তমানে সেখানে তার চিকিত্সা চলছে। ২০০৭ সালে ১/১১-এ জরুরি অবস্থা জারির পর তারেক রহমানকে ৭ মার্চ যৌথ বাহিনী গ্রেফতার করে।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?