Amardesh
আজঃ ঢাকা, শুক্রবার ৩০ জুলাই ২০১০, ১৫ শ্রাবণ ১৪১৭, ১৭ শাবান ১৪৩১     আপডেট সময়ঃ রাত ১২.০০টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 শোক ও মৃত্যুবার্ষিকী
 সাপ্তাহিক
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

হামলা-সংঘর্ষ-গ্রেফতার

ডেস্ক রিপোর্ট
বিভিন্ন স্থানে পৃথক পৃথক হামলা, সংঘর্ষ ও গ্রেফতারের খবর পাঠিয়েছেন আমাদের প্রতিনিধিরা :
বগুড়া : বগুড়ার শেরপুর উপজেলার মেচকান্দি গ্রামে শবেবরাতের রাতে মসজিদে ইমামের পেছনে নামাজ পড়াকে কেন্দ্র করে দুই সমাজের লোকদের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছে।
সংঘর্ষে আহতদের রাতেই শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শেরপুর থানায় পৃথক পৃথক অভিযোগ দাখিল করা হয়েছে।
হবিগঞ্জ : হবিগঞ্জের আজমিরীগঞ্জের হাওরে বিয়ের নৌকায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ৭ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত হবিগঞ্জের আজমিরীগঞ্জ ও কিশোরগঞ্জের মিঠামইন থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে ডাকাতদের গ্রেফতার করে।
দেবীদ্বার (কুমিল্লা) : বৃহস্পতিবার সকালে দেবীদ্বার উপজেলা সদর থেকে চার বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. কুদ্দুস ভূঁইয়াকে গ্রেফতার করা হয়েছে। দেবীদ্বার থানার এএসআই আমিনুল ইসলাম জানান, ২০০৫ সালের মাদক মামলায় অভিযুক্ত চার বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. কুদ্দুসকে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে উপজেলা সদর থেকে গ্রেফতার করা হয়েছে।
লোহাগড়া (নড়াইল) : কুষ্টিয়া থেকে নড়াইলের লোহাগড়ায় আত্মীয় বাড়ি বেড়াতে এসে একটি শটগান ও ১০ রাউন্ড গুলিসহ পুলিশের হাতে আটক হয়েছে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও তার সহযোগী। আটককৃতরা হলো—কুষ্টিয়া জেলার কুমারখালী থানার বাটিকামারা গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য মাসুদ রানা ও তার সহযোগী একই উপজেলার তেবাড়ী গ্রামের রহিম খান।
দৌলতপুর (কুষ্টিয়া) : দৌলতপুরে পুলিশের তালিকাভুক্ত কুখ্যাত সন্ত্রাসী, একাধিক মামলার পলাতক আসামি ও পুলিশের হাতকড়াসহ পালিয়ে যাওয়া সন্ত্রাসী জাকিরকে গ্রেফতার করেছে দৌলতপুর থানা পুলিশ। তার বিরুদ্ধে দৌলতপুর ও নাটোরের লালপুর থানায় হত্যা, অপহরণ ও ডাকাতির মামলা আছে।
বান্দরবান : বান্দরবান বাজারে লেবার ও জনতার মধ্যে ভয়াবহ এক সংর্ঘষে উভয়পক্ষের কমপক্ষে ৮ জন আহত হয়েছে। এ ঘটনায় উভয়পক্ষ পৃথক দুটি লিখিত অভিযোগ নিয়ে থানায় উপস্থিত হলে এলাকার জনপ্রতিনিধিদের মধ্যস্থতায় ঘটনার মীমাংসা করা হবে বলে জানিয়েছেন বান্দরবান সদর থানার এসআই মির্জা মো. হাসান। এ ঘটনায় বান্দরবান শহরে উত্তেজনা বিরাজ করছে।
আদমদীঘি (বগুড়া : বুধবার সকালে আদমদীঘির কৈকুড়ী গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ৫ জন আহত হয়। আহতদের মধ্যে নুর ইসলাম নামের একজনকে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গ্রামে টানটান উত্তেজনা বিরাজ করছে।
বরিশাল : এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্বজনরা তুলকালাম কাণ্ড ঘটিয়েছে। এ সময় তাদের হাতে প্রহৃত হন এক সিনিয়র স্টাফ নার্স। গত মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জ : এক আম ব্যবসায়ীর কাছ থেকে ছিনতাই করে পালানোর সময় গত মঙ্গলবার রাতে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের রাজাবাড়ী এলাকা থেকে ১ লাখ ৬৫ হাজার ১০০ টাকা ও একটি মাইক্রোবাসসহ ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
টঙ্গী : টঙ্গী থানা পুলিশ গত মঙ্গলবার সকালে সিঙ্গাপুরের ব্যারন্স ব্র্যান্ডের ৩৮৬ ক্যান বিয়ারসহ একটি প্রাইভেটকার আটক করেছে। জানা গেছে, আটককৃত বিয়ারগুলোর মূল্য প্রায় ৫ লাখ টাকা।
মংলা : অবশেষে দীর্ঘ ৬ বছর পর মংলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের ভূমিদস্যু জামাল নিখোঁজ নাটকের পর্ব শেষ হলো। দীর্ঘ সময় আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার একটি এলাকা থেকে তাকে আটক করে গত মঙ্গলবার মংলা থানায় সোপর্দ করা হয়।
রাজশাহী : বুধবার রাজশাহীর বাগমারায় একটি চাঁদাবাজির মামলায় মারিয়া ইউনিয়ন পরিষদের সদস্য নাজমুল হক টিপুকে পুলিশ গ্রেফতার করেছে।
মিরসরাই (চট্টগ্রাম) : চট্টগ্রামের মিরসরাইয়ের ২নং হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির সভাপতি ও একই ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আবছার মিয়াজী সন্ত্রাসীদের হামলায় আহত হয়েছেন। গত ২৬ জুলাই রাতে উপজেলার বারৈয়ারহাট পৌরবাজারে এ হামলার ঘটনা ঘটে।
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পল্লীতে পৃথক দুটি সংঘর্ষে মাদ্রাসা সুপার মাওলানা আলমগীরসহ ১২ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে মাদ্রাসা সুপার আলমগীরকে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এবং জবদুল, বিপ্লব, ছামিদুল, জাহিদুল, হালিমা খাতুন, জায়েদা খাতুনকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে।
বিয়ানীবাজার (সিলেট) : বিয়ানীবাজারের পল্লীতে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। গত মঙ্গলবার দুপুর থেকে রাত পর্যন্ত তাদের মধ্যে দফায় দফায় এ সংঘর্ষ হয়। সংঘর্ষকালে সিলেট-বিয়ানীবাজার সড়কে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?