মেদভেদেভ সই করলেন বিলে : রুশ গোয়েন্দা সংস্থার ক্ষমতা বাড়ল
এএফপি, এপি
রুশ গোয়েন্দা সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিসের (এফএসবি) ক্ষমতার আওতা বৃদ্ধির জন্য একটি বিলে বৃহস্পতিবার স্বাক্ষর করলেন প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। তার স্বাক্ষরের মাধ্যমে বিলটি আইনে পরিণত হলো। ক্রেমলিনের পক্ষ থেকে এক বিবৃতিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়। এর আগে বিলটি সংসদের নিম্ন এবং উচ্চকক্ষে পাস হয়ে আসে। এদিকে মানবাধিকার সংগঠনগুলো এর তীব্র সমালোচনা করেছে। এ আইনের আওতায় কোনো ব্যক্তির আচরণের ফলে অপরাধমূলক পরিস্থিতি তৈরি হতে পারে বলে মনে করলে এফএসবি তার বিরুদ্ধে আনুষ্ঠানিক সতর্কতা নোটিশ জারি করতে পারে। মানবাধিকার সংগঠনগুলোর মতে, এ আইন ইতিমধ্যেই প্রবল ক্ষমতাপ্রাপ্ত রুশ গোয়েন্দা সংস্থাটিকে আইনের ঊর্ধ্বে পৌঁছে দেবে। উল্লেখ্য, সোভিয়েত আমলে তখনকার গোয়েন্দা সংস্থা কেজিবি ও একইরকমভাবে সরকার বা গোয়েন্দা সংস্থাটির বিরোধীদের হয়রানি করার জন্য সতর্কতা নোটিশ প্রদান করত। এর আগে প্রবল বিরোধিতার মুখে আইনপ্রণেতারা এফএসবিকে একই ধরনের ক্ষমতা প্রদানের জন্য একটি আইন সংশোধনী প্রস্তাব প্রত্যাহার করেন। চলতি মাসের শুরুতে প্রেসিডেন্ট মেদভেদেভ এ আইনের পক্ষে ব্যাপক প্রচারণায় নামেন। তিনি বলেন, প্রতিটি দেশেরই নিজস্ব আইন সংস্কারের অধিকার রয়েছে। এমনকি দেশের গোয়েন্দা সংস্থা সম্পর্কিত বিষয়েও। আমি চাই আপনারা এ বিষয়টি জানেন যে আজকে যা হচ্ছে তা সরাসরি আমার নির্দেশেই হচ্ছে। কেজিবির সাবেক গুপ্তচর ভদ্মাদিমির পুতিন ২০০০-০৮ সালে প্রেসিডেন্ট থাকাকালীন এফএসবির ক্ষমতা নাটকীয়ভাবে বৃদ্ধি পায়। মানবাধিকার কর্মীদের আশা ছিল তার উত্তরসূরি মেদভেদেভ গোয়েন্দা সংস্থাকে নিয়ন্ত্রণে রাখবেন। তবে সমালোচকদের মতে বাস্তবে এর কিছুই দেখা যায়নি।
-
সাত মহাদেশ


সাধারণ বিভাগ
আবহাওয়া


