Amardesh
আজঃ ঢাকা, শুক্রবার ৩০ জুলাই ২০১০, ১৫ শ্রাবণ ১৪১৭, ১৭ শাবান ১৪৩১     আপডেট সময়ঃ রাত ১২.০০টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 শোক ও মৃত্যুবার্ষিকী
 সাপ্তাহিক
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

সংবিধান সংশোধন কমিটি ভেঙে দেয়ার দাবি মওদুদের

স্টাফ রিপোর্টার
সংবিধান সংশোধনের জন্য গঠিত বিশেষ কমিটি ভেঙে দেয়ার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তনের জন্য সরকারি এবং বিরোধী দলের সমানসংখ্যক সদস্যের সমন্বয়ে এ কমিটি গঠন করতে হবে। বর্তমান কমিটি একদলীয়। এই কমিটি যদি সংবিধান সংশোধন করে তাহলে তা বিতর্কিত হবে।
গতকাল সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে রিটায়ার্ড আর্মড ফোর্সেস সোলজারস অ্যাসোসিয়েশন (রাফসা) আয়োজিত ’৭২-এর সংবিধান সংশোধন, বিশেষ কমিটির ধরন এবং নাগরিক ভাবনা শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রাফসার উপদেষ্টা সাবেক মন্ত্রী টি এম গিয়াসউদ্দিন আহম্মেদের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, বিএনপি নির্বাহী কমিটির সদস্য রাজিয়া আলিম, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, রাফসা চেয়ারম্যান শহিদ চৌধুরী, মহাসচিব বকুল হাজী প্রমুখ বক্তৃতা করেন।
ব্যারিস্টার মওদুদ বলেন, আইনশুঙ্খলার অবনতি, তেল, গ্যাস, বিদ্যুত্ সঙ্কটসহ মানুষের মৌলিক অধিকার উপেক্ষা করে জনগণের দৃষ্টি অন্যদিকে সরাতে সরকার বেশ চতুরতার সঙ্গে ’৭২-এর সংবিধান পুনর্বহাল ও যুদ্ধাপরাধ ইস্যু সামনে নিয়ে এসেছে। বর্তমানে মিডিয়া এসব বিষয় নিয়েই ব্যস্ত হয়ে পড়েছে।
মানুষের মৌলিক সমস্যা নিরসনে এবং গণতন্ত্রকে সুরক্ষিত করতে বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে বলে তিনি জানান। এ সময় বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেন, ’৭২-এর সংবিধানে ফিরতে হলে বিএনপির সঙ্গে আলোচনা করতে হবে। সংবিধান সংশোধনের জন্য গঠিত বিশেষ কমিটিকে তিনি বাকশাল পুনর্গঠন কমিটি হিসেবে আখ্যা দেন।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?