Amardesh
আজঃ ঢাকা, শুক্রবার ৩০ জুলাই ২০১০, ১৫ শ্রাবণ ১৪১৭, ১৭ শাবান ১৪৩১     আপডেট সময়ঃ রাত ১২.০০টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 শোক ও মৃত্যুবার্ষিকী
 সাপ্তাহিক
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

শিশুপুত্রের সামনেই আলী হোসেন গলা টিপে হত্যা করে স্ত্রীকে

স্টাফ রিপোর্টার
পারিবারিক কলহের জের ধরে রাজধানীর খিলগাঁওয়ের পূর্ব গোড়ানে এক বছরের শিশুর সামনে আলী হোসেন তার স্ত্রী কনিকা আক্তারকে গলা টিপে হত্যা করেছে। বুধবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থেকে র্যাব ঘাতক স্বামীকে গ্রেফতার করে। গ্রেফতারের পর আলী হোসেনের কাছ থেকে বেরিয়ে এসেছে কনিকা হত্যার চাঞ্চল্যকর কাহিনী। গতকাল র্যাব-৩ কার্যালয়ে আলী হোসেনকে হাজির করা হয়।
সংবাদ সম্মেলনে র্যাব-৩-এর ক্যাপ্টেন রিয়াজ শাহরিয়ার ও সহকারী পরিচালক মোল্লা আবু সাইদ জানান, হাজারীবাগের আলী হোসেনের সঙ্গে ২০০৬ সালের মার্চে খিলগাঁও তালতলা সুপার মার্কেটে কনিকার দেখা হয়। প্রথম দেখাতেই কনিকাকে পছন্দ করে আলী হোসেন। এরপরই পারিবারিকভাবে উভয়ের বিয়ে হয়। বিয়ের এক মাস পর সৌদি আরবে পাড়ি জমায় আলী হোসেন। দু’বছর পর আলী হোসেন বাংলাদেশে ছুটিতে আসে। বিদেশ থেকে পাঠানো টাকার হিসাব নিয়ে দু’জনের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয়। পরে তিন মাসের ছুটি শেষে আবার প্রবাসে নিজ কর্মস্থলে ফিরে যায় আলী হোসেন। ২০০৯ সালে কনিকার কোলে আসে একমাত্র কন্যা আদুরী। চলতি সালে আলী হোসেন দেশে ফিরে পুরনো ঢাকার পাটুয়াটুলীতে এককভাবে চশমার ব্যবসা শুরু করে। বিদেশ থেকে ফেরত আসার পর থেকেই দু’জনের মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দফায় দফায় ঝগড়া, হাতাহাতি হতে থাকে।
আলী হোসেন জানায়, ঘটনার দিন রাতে সে কর্মস্থল থেকে ফিরে ৫২ পূর্ব গোড়ানে শ্বশুরবাড়িতে যায়। সেখান থেকে কনিকাকে নিয়ে ২১৯ পূর্ব গোড়ান নিজ সাবলেট বাসায় আসে। রাতে ঘুমাতে যাওয়ার আগে দু’জনের মধ্যে বিভিন্নবিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। ভোররাতে আদুরীর কান্নায় দু’জনের ঘুম ভাঙলে দু’জনের মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে তারা দু’জন প্রচণ্ড ঝগড়া ও মারামারি শুরু করে। ওই সময় কনিকা উত্তেজিত হয়ে তাকে চড় দিলে আলী হোসেন ধাক্কা দিয়ে তার স্ত্রীকে বিছানা থেকে মেঝেতে ফেলে দেয়। বিছানা থেকে সে ডান হাত দিয়ে কনিকার কণ্ঠনালী চেপে ধরে রাখলে ৩-৪ মিনিটের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়ে কনিকা। এসময় এক বছরের মেয়ে আদুরী জেগে থাকা অবস্থায় ছিল। মেয়েটি কিছু না বুঝে মায়ের নিথর দেহের দিকে তাকিয়ে থাকে। পরে আলী হোসেন ভোর রাতেই শিশুটিকে নিয়ে পালিয়ে যায়।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?