Amardesh
আজঃ ঢাকা, শুক্রবার ৩০ জুলাই ২০১০, ১৫ শ্রাবণ ১৪১৭, ১৭ শাবান ১৪৩১     আপডেট সময়ঃ রাত ১২.০০টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 শোক ও মৃত্যুবার্ষিকী
 সাপ্তাহিক
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

নাটোরে আইনশৃঙ্খলার চরম অবনতি

আবদুস সালাম, নাটোর
নাটোরের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। চলতি জুলাই মাসে দুই যুবলীগ নেতা, এনজিও কর্মী ও চার মহিলাসহ ১০ জন খুন হয়েছে। ঘটেছে তিনটি গণধর্ষণসহ বেশ কয়েকটি ধর্ষণ ও ছিনতাইয়ের ঘটনা। তবে এসবের পরও জেলার সার্বিক পরিস্থিতি সন্তোষজনক রয়েছে বলে দাবি করছে পুলিশ।
২৫ জুলাই রাতে নাটোর সদরের ছাতনীতে আলমগীর হোসেন নামের এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নাটোর থানায় তিনজনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। পুলিশ সোহেল ও সোহাগ ওরফে আকাশ নামের নিহতের ২ সহকর্মীকে গ্রেফতার করেছে। একই দিন রাত দেড়টার দিকে মারা যায় ছিনতাইকারীর গুলিতে আহত ব্র্যাকের মাঠকর্মী আবদুল মজিদ। আগের দিন শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সমিতির ঋণের ২০ হাজার টাকা সংগ্রহ করে গোপালপুর ব্র্যাক অফিসে ফেরার পথে গৌরীপুর মোড়ে তিন আরোহীসহ একটি মোটরসাইকেল তার পথ রোধ করে পরপর ৫ রাউন্ড গুলি করে টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে নেয়। গুলিতে গুরুতর আহত আবদুল মজিদ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যায়। এ ব্যাপারে গোপালপুর ব্র্যাক অফিসের ম্যানেজার আবুল কালাম বাদী হয়ে লালপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এর দু’দিন আগে গুরুদাসপুরে অপর এক ব্র্যাক কর্মকর্তাকে অচেতন করে সমিতির ঋণের ২৫ হাজার টাকা ছিনতাই করা হয়। পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে।
২৪ জুলাই সিংড়া পৌর এলাকার একটি পুকুর থেকে সিংড়া পৌর যুবলীগের সহসভাপতি আতিকুল ইসলামের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। ২৯ জুলাই নাটোরে শ্বাসরোধ করে মা মতিজান বেগম ও মেয়ে শেলী আক্তারকে হত্যা করা হয়েছে। বাগাতিপাড়া উপজেলার জুমলাই ঢাকোপাড়া গ্রামে বুধবার রাতের কোনো এক সময় ফাঁকা বাড়িতে শ্বাসরোধ করে তাদের হত্যা করা হয়। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে একই এলাকার সোনাপুর গ্রামের হোসেন আলী নামের একজনকে আটক করেছে। ২৮ জুলাই জেলার গুরুদাসপুরের কুমারখারী গ্রামে শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনে ডালিমা বেগম নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ব্যাপারে মামলা হলে পুলিশ নিহতের শাশুড়ি রাবেয়া বেগমকে গ্রেফতার করে। স্বামী ও দেবর পলাতক রয়েছে।
১৪ জুলাই নাটোরের বড়াইগ্রামের তিরাইলে সিরাজুল ইসলাম নামের একজন খুন হয়েছে। ১২ জুলাই নাটোরের বড়াইগ্রামের এক মাইক্রোবাস চালককে খুন করে মাইক্রোবাসটি ছিনতাই করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। ৫ জুলাই সিংড়া উপজেলার কলমের বালিয়া বাড়ি-কুমার পাড়া বিলে পানি প্রবেশ করানো নিয়ে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত হওয়ার ঘটনা ঘটে। একই দিন দুপুরে নাটোরে দুই গ্রুপের সংঘর্ষে একজন গুলিবিদ্ধ হয়েছে। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করে। কিছুদিন আগে ২ লাখ টাকাসহ ছিনতাই হওয়া একটি মোটরসাইকেল উদ্ধারের ঘটনা নিয়ে শহরের হাফরাস্তা তালতলায় এ ঘটনা ঘটে। ৮ জুলাই নাটোরের সন্ত্রাসের জনপদ চলনবিল এলাকার সিংড়া উপজেলার শীর্ষ সন্ত্রাসী ৭টি হত্যাসহ ২১ মামলার পলাতক আসামি আবু বক্কার খুন হয়।
২২ জুলাই নাটোরে স্বামীর সামনেই এক সাংস্কৃতিক কর্মী গণধর্ষণের শিকার হয়ে পুলিশের সহায়তায় হাসপাতালে ভর্তি হলেও প্রাণভয়ে থানায় মামলা না করেই এলাকা ছেড়ে পালিয়েছে। খুলনার এক সাংস্কৃতিক কর্মী নাটোরের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে তার স্বামীকে নিয়ে বৃহস্পতিবার রাতে খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ট্রেনে নাটোরে আসার জন্য আবদুলপুর জংশনে নামেন। সেখান থেকে টেম্পোযোগে রাতে নাটোর যাওয়ার সময় ফাঁকা রাস্তায় মোটরসাইকেল আরোহী চার যুবক স্বামীর সামনেই ওই সাংস্কৃতিক কর্মীকে টেম্পো থেকে নামিয়ে গণধর্ষণ করে পালিয়ে যায়।
১৫ জুলাই গুরুদাসপুর খলিফাপাড়া দাখিল মাদ্রাসার এক ছাত্রী এলাকার বখাটে যুবকদের ধর্ষণের শিকার হয়। ৪ জুলাই সন্ধ্যায় স্থানীয় বনলতা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে রিকশা থেকে নামিয়ে অপহরণ করা হয়। ৮ জুলাই মেয়েটির মা ব্যক্তিগত চেষ্টায় ওই মেয়েকে জেলার গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা মহল্লার এক কমিশনারের বাসা থেকে উদ্ধার করে। আসামিদের পাশবিক নির্যাতনে মেয়েটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে বাড়িতে রেখে চিকিত্সা দেয়া হয়। এ সময় মেয়েটি তার মাকে জানায়, আসামিরা তার নগ্ন ছবিও উঠিয়ে রেখেছে। এর তিনদিনের মাথায় ১১ জুলাই ওই আসামিরা আবারও মেয়েটিকে শহরের কান্দিভিটা মহল্লা থেকে তুলে নিয়ে যায়। এরপর থেকে আর মেয়েটির সন্ধান পাওয়া যাচ্ছে না। এর আগের সপ্তাহে নাটোর সদর উপজেলার জালালাবাদ গ্রামের চাঁন মিয়ার ছেলে সুমন প্রেমের ফাঁদে ফেলে এক তরুণীর সঙ্গে অবৈধ মেলামেশা করে। পরে মেলামেশার অশ্লীল ছবি ধারণ করে বিভিন্ন মোবাইলের মেমরি কার্ডে সরবরাহ করে। সুমনের বিচার চেয়ে ওই তরুণী নাটোর সদর থানায় মামলা করেছে। পুলিশ ধারণকৃত অশ্লীল ছবির একাধিক মেমরি কার্ড জব্দ করেছে। নাটোর শহরের উত্তর পটুয়াপাড়া এলাকায় বহিরাগতের হামলা ও বেশ কয়েক রাউন্ড গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে মহিলাসহ ৭ জন আহত হয়। এ সময় ঘটনাস্থল থেকে ডিবি পুলিশ একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে। এ ঘটনার পর প্রতিপক্ষরা বিকালে ভুলু মণ্ডলের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর করে।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?