Amardesh
আজঃ ঢাকা, শুক্রবার ২৮ মে ২০১০, ১৪ জৈষ্ঠ্য ১৪১৭, ১৩ জমাদিউস সানি ১৪৩১     আপডেট সময়ঃ সময় : রাত ১.৩০টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিক
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

দূতাবাসে ভারতীয় কমান্ডো ও স্কাই মার্শাল মোতায়েনে রাজি সরকার

শামসুস সালেহীন
ঢাকার ভারতীয় দূতাবাসে বিশেষ ধরনের ট্রেনিংপ্রাপ্ত ৩৬ সদস্যের এসএসবি প্যারামিলিটারি কমান্ডো বাহিনী এবং ভারতীয় উড়োজাহাজে স্কাই মার্শাল হিসেবে এনএসজি কমান্ডো মোতায়েনের অনুমোদন দিচ্ছে সরকার। এ সংক্রান্ত ভারতীয় প্রস্তাবের বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। অনুমোদন দেয়ার লক্ষ্যে এখন দ্রুতগতিতে ফাইল ওয়ার্ক চলছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আগামী মাসের যে কোনো সময়। ওই বৈঠকেই ভারতের প্রস্তাবের অনুমোদন দেয়ার বিষয়টি নীতিগতভাবে সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সিভিল এভিয়েশনের সূত্র জানায়, ভারতের ঢাকাস্থ দূতাবাসে জঙ্গি হামলার আশঙ্কা করছে দিল্লি। তাদের গোয়েন্দাদের কাছে রিপোর্ট রয়েছে, ভারত থেকে বাংলাদেশে চলাচলকারী ভারতীয় উড়োজাহাজেও জঙ্গিরা হামলা চালাতে পরে। এ আশঙ্কায় ভারত নিজস্ব ব্যবস্থাপনায় ঢাকার দূতাবাসে ৩৬ সদস্যের এসএসবি নামে প্যারামিলিটারি কমান্ডো মোতায়েনের উদ্যোগ নিয়েছে। পাশাপাশি বাংলাদেশে চলাচলকারী তাদের দেশের সব উড়োজাহাজে স্কাই মার্শাল বলে পরিচিত কমান্ডো মোতায়েন করার অনুমতি চেয়েছে বাংলাদেশ সরকারের কাছে। গত ৭ এপ্রিল বাংলাদেশ সরকারের কাছে লেখা চিঠিতে ভারত পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে, তাদের গোয়েন্দা সূত্রগুলোর তথ্য অনুযায়ী ঢাকায় ভারতীয় দূতাবাস এবং অন্য ভারতীয় স্থাপনাগুলোতে জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে।
ভারতের দেয়া প্রস্তাবে বলা হয়েছে, কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী ‘সশস্ত্র সীমা বল’র (এসএসবি) সদস্যদের নিয়ে ৩৬ সদস্যের নিরাপত্তা বাহিনী গঠন করা হবে। বাংলাদেশে দায়িত্ব পালনের সময় বিশেষ ওই নিরাপত্তা বাহিনীর সদস্যরা গুলশানে ভারতীয় দূতাবাসে থাকবেন। নিরাপত্তা দলে যেসব সদস্য থাকবেন, তাদের পদবি এবং তারা কি ধরনের অস্ত্র বহন করবেন, সে বিষয়েও বাংলাদেশকে জানানো হয়েছে। এ ব্যাপারে যত শিগগির সম্ভব চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে ওই চিঠিতে বাংলাদেশকে অনুরোধ জানিয়েছে ভারত।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, গত বছরের শেষদিকে দিল্লি থেকে ঢাকার ভারতীয় দূতাবাসের জন্য বিশেষ নিরাপত্তা দল পাঠানো এবং এ বছরের জানুয়ারিতে স্কাই মার্শাল (উড্ডয়নকালে উড়োজাহাজে অস্ত্রধারী বিশেষ নিরাপত্তারক্ষী) মোতায়েনের ব্যাপারে বাংলাদেশকে চিঠি দেয় ভারত।
সূত্র আরও জানিয়েছে, ভারতীয় উড়োজাহাজে স্কাই মার্শাল মোতায়েনের বিষয়ে আলোচনার জন্য খুব শিগগিরই ভারতের বিশেষ নিরাপত্তা বাহিনী ন্যাশনাল সিকিউরিটি গার্ডের (এনএসজি) প্রতিনিধিদলের ঢাকায় আসার কথা রয়েছে। তারা ঢাকায় আসার পর স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও বিমান মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক হওয়ার কথা। এ জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নথি প্রস্তুতির কাজ দ্রুতগতিতে চলছে। সূত্র বলেছে, বাংলাদেশকে ভারত জানিয়েছে, স্কাই মার্শাল হিসেবে এনএসজির কমান্ডো সদস্যদের মোতায়েন করা হবে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, ভারতীয় উড়োজাহাজে ‘স্কাই মার্শাল’ মোতায়েনের প্রস্তাবে ইতিবাচক সাড়া দেয়ার কথা ভাবছে সরকার। এ ব্যাপারে শিগগিরই সিদ্ধান্ত নেয়া হবে। এ বছর জানুয়ারি মাসে ভারতীয় উড়োজাহাজে স্কাই মার্শাল মোতায়েনের বিষয়ে বাংলাদেশের কাছে প্রস্তাব পাঠায় ভারত। স্কাই মার্শাল উড়োজাহাজের বিশেষ একটি জায়গায় অবস্থান করে বিমান ছিনতাই কিংবা সম্ভাব্য নাশকতামূলক তত্পরতা মোকাবিলায় প্রস্তুত থাকবে। সিভিল এভিয়েশন সূত্র জানায়, স্কাই মার্শাল সদস্যদের ঢাকায় এসে অবস্থান করার জন্য আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ অপারেশন কক্ষ বরাদ্দ করা হবে। ওই কক্ষ ভারতীয় দূতাবাস নিজের মতো করে সাজিয়ে নেবে বলে সূত্র জানায়।
বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব শফিক আলম মেহেদী গতকাল আমার দেশকে জানান, এ বিষয়ে গত ১৮ মে সভা হওয়ার কথা ছিল। আগামী মাসের যে কোনো সময় সভা হতে পারে। তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সচিব আরও জানান, আন্তর্জাতিক সিভিল এভিয়েশন সংস্থার (আইকাও) নিরাপত্তাবিধি অনুযায়ী যে কোনো দেশ তাদের উড়োজাহাজের জন্য নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা রাখতে পারে। ঢাকার ভারতীয় দূতাবাসে ৩৬ সেনা গোয়েন্দা নিয়োগের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা মুখ খুলতে নারাজ। মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (রাজনৈতিক) কামালউদ্দিন আহমেদ গতকাল আমার দেশকে জানান, এ সংক্রান্ত বিষয়ে তিনি কিছুই জানেন না।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?