Amardesh
আজঃ ঢাকা, বৃহস্পতিবার ২২ এপ্রিল ২০১০, ৯ বৈশাখ ১৪১৭, ৬ জমাদিউল আউয়াল ১৪৩১     আপডেট সময়ঃ সময় : রাত ১.৩০টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 শোক ও মৃত্যুবার্ষিকী
 সাপ্তাহিক
 কার্টুন
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

সরকারি গাড়ি বণ্টনে অনিয়ম : অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিব গাড়ি পাননি গাড়ি দাবড়াচ্ছেন উপসচিব ও সহকারী সচিব

কাদের গনি চৌধুরী
সরকারি পরিবহন পুলের গাড়ি বণ্টনে কোনো নিয়ম-নীতি মানা হচ্ছে না। অনেক সিনিয়র সরকারি কর্মকর্তা এক/দেড় বছর ধরে গাড়ি পাচ্ছেন না। অথচ যাদের গাড়ি পাওয়ার কথা নয়, তারা দাবড়িয়ে বেড়াচ্ছেন সরকারি গাড়ি। এ নিয়ে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে।
সংস্থাপন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ‘পলিসি অন অথোরাইজেশন অ্যান্ড ইউজ অব গভর্নমেন্ট ট্রান্সপোর্ট’-এর ১(এ) অনুযায়ী প্রশাসনের সচিব, অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিব পদের কর্মকর্তারা সার্বক্ষণিক গাড়ি ব্যবহারের সুবিধা পেয়ে থাকেন। এই নীতি অনুযায়ী ৬৫৮ জন সরকারি কর্মকর্তা পরিবহন পুল থেকে গাড়ি পাওয়ার কথা। অথচ গাড়ি প্রাধিকারভুক্ত ২৬৫ জন কর্মকর্তাকে গাড়ি দিতে পারেনি সরকার। এদের মধ্যে সর্বাধিক ১৯৯ জন যুগ্ম সচিবকে গাড়ি দেয়া হয়নি। গাড়িস্বল্পতার অজুহাতে অতিরিক্ত সচিব/যুগ্ম সচিবদের গাড়ি দেয়া না হলেও ১৫০ উপসচিব ও সিনিয়র সহকারী সচিব সরকারি পরিবহন পুলের গাড়ি ব্যবহার করছেন। মন্ত্রী ও সচিবের দফতরের প্রভাব খাটিয়ে বিধিবহির্ভূতভাবে তারা এসব গাড়ি বরাদ্দ পেয়েছেন। সূত্র জানায়, প্রশাসনে বর্তমানে ৫৪ জন সচিব, ১৭৪ জন অতিরিক্ত সচিব ও ৪৩০ জন যুগ্ম সচিব রয়েছেন। সরকারি যানবাহন অধিদফতর সূত্রে জানা গেছে, ২০ মন্ত্রী, ১৭ প্রতিমন্ত্রী, ৪ উপদেষ্টা, ৪৫ পিএস (মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও সচিব), ৪৮ সচিব, ১৬ ভারপ্রাপ্ত সচিব, এলপিআর ভোগরত ১৮ সচিব, ৮০ অতিরিক্ত সচিব এবং ২৩১ জন যুগ্ম সচিব বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক ডিউটির জন্য ১০৫টি, জাতীয় সংসদের জন্য ২০টি, প্রধানমন্ত্রীর দফতরের জন্য ২১টি, অন্যান্য সংস্থার জন্য ৮টি গাড়ি বরাদ্দ দেয়া হয়েছে সরকারি পরিবহন পুল থেকে। সব মিলিয়ে ৬৫৮টি গাড়ি বরাদ্দ দিয়েছে পরিবহন পুল। সূত্র জানায়, বর্তমানে পরিবহন পুলে ৬৬২টি গাড়ি সচল রয়েছে। এর মধ্যে ৪টি মন্ত্রিসভায় নতুন করে কেউ যোগদান করলে যাতে ব্যবহার করা যায় সেজন্য রিজার্ভ রাখা হয়েছে।
পরিবহন পুলের কর্মকর্তারা জানান, ৪৫ পিএস এবং বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক ডিউটির জন্য যে ১০৫টি গাড়ি সরবরাহ করা হয়েছে সেগুলো ব্যবহার করছেন সিনিয়র সহকারী সচিব ও উপসচিবরা। প্রভাব খাটিয়ে গাড়ি বরাদ্দ নেয়া না হলে পরিবহন সঙ্কট খুব একটা হতো না। তারা জানান, আরও ২ শতাধিক সিনিয়র সহকারী সচিব ও উপসচিব বিভিন্ন প্রজেক্টের গাড়ি ব্যবহার করছেন।
এদিকে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা তাদের জন্য নির্ধারিত গাড়ির বাইরে শতাধিক অতিরিক্ত গাড়ি ব্যবহার করছেন। এসব গাড়ির অধিকাংশ তাদের পরিবারের জন্য ব্যবহৃত হচ্ছে। ক্ষমতার প্রভাব খাটিয়ে বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগের অধীনস্থ দফতর অথবা প্রকল্পের গাড়ি এনে অধিকাংশ সময় পারিবারিক কাজে ব্যবহার করে থাকেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সরকারি যানবাহন অধিদফতর সূত্রে জানা গেছে, রক্ষণাবেক্ষণ, চালক, জ্বালানিসহ প্রতিটি গাড়ি বাবত প্রতি মাসে সরকারের প্রায় ৫০ হাজার টাকা খরচ হয়। ওভারটাইম বাবত গাড়িচালকদের প্রতি মাসে দিতে হয় প্রায় ৩০ লাখ টাকা। প্রায় সব ড্রাইভারই মাসে ২৫২ ঘণ্টা ওভারটাইম করছেন। ড্রাইভাররা জানান, ব্যক্তিগত কাজে ব্যবহারের কারণেই অধিকাংশ সময় ওভারটাইম গুনতে হয়। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে সরেজমিন খোঁজ নিয়ে জানা গেছে, ৪ সচিব আলাদাভাবে তিনটি করে গাড়ি ব্যবহার করছেন। বাকি ৪০ সচিব ব্যবহার করেন দুটি করে গাড়ি। অর্থাত্ সচিবরা অতিরিক্ত ৪৮টি গাড়ি ব্যবহার করছেন। এছাড়াও ১৭ অতিরিক্ত সচিব, ১৯ যুগ্ম সচিব এবং বিভিন্ন মন্ত্রীর ১০ একান্ত সচিব (পিএস) দুটি করে গাড়ি ব্যবহার করেন।
বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব আবদুস সোবহানের সরকারি গাড়ি পাওয়ার কথা নয়। অথচ তিনি সরকারি গাড়ি ব্যবহার করছেন (ঢাকা মেট্রো-ঘ-১১-১৪৩৮)। এ মন্ত্রণালয়ের সচিব শফিক আলম মেহেদীর পিএস সিনিয়র সহকারী সচিব সেলিম আবেদের সরকারি গাড়ি পাওয়ার কথা নয়, অথচ তিনি সরকারি গাড়ি চালান (ঢাকা মেট্রো-ঘ-১১-০১৫৩)। মন্ত্রীর পিএস সিনিয়র সহকারী সচিব শামীম আক্তার যে গাড়িটি চালান সেটির নম্বর ঢাকা মেট্রো-ঘ-১১-২৩৬৮।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?