Amardesh
আজঃ ঢাকা, রোববার ২১ মার্চ ২০১০, ৭ চৈত্র ১৪১৬, ৪ রবিউসসানি ১৪৩১     আপডেট সময়ঃ রাত ১.৩০টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 হুদার কার্টুন
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

জমে উঠছে আন্তর্জাতিক নাট্য উত্সব

জাকির হোসেন
ঢাকা পদাতিকের ৩০ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর শিল্পকলা একাডেমি জাতীয় নাট্যশালায় চলছে আন্তর্জাতিক নাট্য উত্সব। দেশ-বিদেশের নাট্য সংগঠনের অংশগ্রহণে জমে উঠতে শুরু করেছে এ উত্সব। প্রতিদিই উত্সবে ভিড় জমাতে শুরু করেছেন ব্যাপকসংখ্যক নাট্যানুরাগী। উত্সবের দ্বিতীয় দিনে গতকাল ভারতের ‘লোককৃষ্টি’ মঞ্চস্থ করে নাটক ‘ল্যাবরেটরি’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের বকুলতলায় ওয়াহিদুল হক স্মরণে শুরু হওয়া দু’দিনব্যাপী ‘দেশঘরের গান’ শীর্ষক অনুষ্ঠানের গতকাল ছিল সমাপনী দিন। এদিনের অনুষ্ঠানে পরিবেশিত হয় কীর্তন ও জারি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সড়ক দ্বীপে চলছে সেক্টর কমান্ডার্স ফোরাম ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানমালা। এ অনুষ্ঠান আগামী ২৬ মার্চ পর্যন্ত চলবে। সাংস্কৃতিক সংগঠন ‘রবিরাগ’-এর দু’যুগ পূর্তি উপলক্ষে আয়োজন করা হয়েছে দু’দিনব্যাপী সঙ্গীতানুষ্ঠান। আজ শিশু একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠান শুরু হবে।
আন্তর্জাতিক নাট্য উত্সব : ঢাকা পদাতিকের ৩০ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর শিল্পকলা একাডেমি জাতীয় নাট্যশালায় শুরু হয়েছে সাত দিনব্যাপী আন্তর্জাতিক নাট্য উত্সব। উত্সবের দ্বিতীয় দিনে গতকাল মঞ্চস্থ হয় নাটক ল্যাবরেটরি। এ উত্সবে লোককৃষ্টি (ভারত), ঢাকা থিয়েটার, সংলাপ কলকাতা (ভারত), ঢাকা পদাতিক এবং সুইজারল্যান্ডের মুমেনসানচ্ অংশ নিয়েছে। উদ্বোধনী দিনে লোককৃষ্টি মঞ্চস্থ করে নাটক ‘তিন নম্বর চোখ’। উত্সব চলবে আগামী ২৫ মার্চ পর্যন্ত। উত্সবের তৃতীয় দিনে আজ ঢাকা থিয়েটার মঞ্চস্থ করবে নাটক ‘ধাবমান’। আগামী ২২, ২৩, ২৪ ও ২৫ মার্চ সংলাপ কলকাতা, মুমেনসানচ্ এবং ঢাকা পদাতিক যথাক্রমে মঞ্চস্থ করবে নাটক লাঠিকাণ্ড, অস্তরাগ, তিনগুণন এগার এবং পাইচো চোরের কিচ্ছা।
আলোকচিত্র প্রদর্শনী : বেঙ্গল গ্যালারি অব্ ফাইন আর্টস মিলনায়তনে চলছে চঞ্চল মাহমুদের একক আলোকচিত্র প্রদর্শনী। ‘হৃদয়ে বাংলাদেশ’ শীর্ষক এ প্রদর্শনীতে মোট আলোকচিত্রের সংখ্যা ১৩৩টি। শুক্রবার সন্ধ্যায় বারো দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী যাকের। বিশেষ অতিথি ছিলেন শিল্পী কনকচাঁপা চাকমা। সম্মানিত অতিথি ছিলেন ব্র্যাক ব্যাংক লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মাহবুবুর রহমান। প্রদর্শনী চলবে ৩০ মার্চ পর্যন্ত।
আলোকচিত্রী চঞ্চল মাহমুদের জন্ম ১৯৫৯ সালে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পলিটিক্যাল সায়েন্সে স্নাতোকোত্তর ডিগ্রি এবং অস্ট্রেলিয়া থেকে আলোকচিত্রের ওপর ডিপ্লোমা ডিগ্রি লাভ করেন। এ পর্যন্ত দেশে-বিদেশে তার ১৭টি একক প্রদর্শনী আয়োজিত হয়েছে এবং বহু দলবদ্ধ প্রদর্শনীতে তিনি অংশগ্রহণ করেছেন। তিনি এ পর্যন্ত দেশে-বিদেশে প্রায় শতাধিক পুরস্কার লাভ করেছেন। বর্তমানে তিনি ‘চঞ্চল মাহমুদ ফটোগ্রাফি স্কুল’ পরিচালনা করছেন।
রবিরাগ : সাংস্কৃতিক সংগঠন ‘রবিরাগ’-এর দু’যুগ পূর্তি উপলক্ষে রাজধানীর শিশু একাডেমি মিলনায়তনে আয়োজন করা হয়েছে দু’দিনব্যাপী সঙ্গীতানুষ্ঠান। আজ সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানে একক সঙ্গীত পরিবেশন করবেন দেশের প্রখ্যাত শিল্পীরা। আগামীকাল অনুষ্ঠানের শেষ দিনে বিকাল সাড়ে ৫টায় পরিবেশিত হবে বিভিন্ন সংগঠনের বৃন্দগান। এদিন সন্ধ্যায় পরিবেশিত হবে প্রখ্যাত শিল্পীদের একক পরিবেশনা এবং গীতি-নৃত্যনাট্য শাপমোচন।
ছায়ানট : ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের বকুলতলায় ছায়ানট আয়োজিত দু’দিনব্যাপী ওয়াহিদুল হক স্মারক ‘দেশঘরের গান’ শীর্ষক অনুষ্ঠানের গতকাল ছিল শেষ দিন। দু’দিনব্যাপী এই দেশঘরের গানের উদ্বোধন করেন শিল্পী সাইদুর রহমান বয়াতী। সমাপনী দিনে কীর্তন পরিবেশন করেন ফরিদপুর জেলার অমল চট্টোপাধ্যায় ও তার দল। জারি গান পরিবেশন করেন নড়াইল জেলার সাইফুল বয়াতি ও তার দল। সবশেষে একক ও দলীয় পরিবেশনায় অংশ নেন ছায়ানটের শিল্পীরা।
চলচ্চিত্র : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর প্রথমবারের মতো নির্মাণ করা হয়েছে পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্য চলচ্চিত্র। দেওয়ান মাসুম রহমান চৌধুরীর পরিকল্পনায় এবং চলচ্চিত্র অভিনেতা আরজু খানের পরিচালনায় নির্মিত ‘জাতির জনক’ শিরোনামের এ চলচ্চিত্রের মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্প্রতি রাজধানীর আইডিইবি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মোড়ক উন্মোচনে অংশ নেন মুক্তিযুদ্ধের ৩নং সেক্টর কমান্ডার লে. কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরী।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?