Amardesh
আজঃ ঢাকা, রোববার ২১ মার্চ ২০১০, ৭ চৈত্র ১৪১৬, ৪ রবিউসসানি ১৪৩১     আপডেট সময়ঃ রাত ১.৩০টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 হুদার কার্টুন
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

পিএসটিএন সার্ভিসে অস্থিরতা চার লাখ গ্রাহক বিপাকে : র্যাংকসটেলের চেয়ারম্যানসহ ১২ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার
অব্যাহত ধরপাকড় ও মামলার কারণে দেশের পিএসটিএন (পাবলিক সুইচড টেলিফোন নেটওয়ার্ক) অপারেটরদের মধ্যে চরম অস্থিরতা বিরাজ করছে। গত কয়েকদিনে তিনটি পিএসটিএনকে অবৈধ ভিওআইপি ব্যবসায়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগ এনে সার্ভিস বন্ধ করে দেয়া হয়। এতে দেশীয় বিনিয়োগে টেলিযোগাযোগ খাতের এ অপারেটরগুলোতে বেশ অস্থিরতা বিরাজ করছে। অন্যদিকে তিনটি পিএসটিএন সার্ভিস বন্ধ করে দেয়ার কারণে চার লাখ গ্রাহক টেলিযোগাযোগ থেকে বিচ্ছিন্ন রয়েছেন। তাদের ভোগান্তি এখন চরমে। জানা গেছে, চার লাখ গ্রাহকের মধ্যে র্যাংকসটেলের তিন লাখ ২০ হাজার, ঢাকা ফোনের ৭৫ হাজার ৪৬৫ ও ওয়ার্ল্ডটেলের ১৪ হাজার ২৬১ গ্রাহক রয়েছেন।
এদিকে গতকাল অবৈধ ভিওআইপি ব্যবসার অভিযোগ এনে র্যাংকসটেলের চেয়ারম্যানসহ ১২ জনের বিরুদ্ধে মামলা করেছে বিটিআরসি। অন্যদিকে এ মামলায় আটক র্যাংকসটেলের তিন কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। র্যাংকসটেলের চেয়ারম্যান এ রউফ চৌধুরীসহ অন্যদের আসামি করে গতকাল শিল্পাঞ্চল (তেজগাঁও) থানায় মামলাটি করেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের জুনিয়র পরামর্শক কাওসার আহমেদ।
শিল্পাঞ্চল থানার ওসি ওমর ফারুক বলেন, মামলায় আসামিদের বিরুদ্ধে বিটিআরসির অনুমোদন ছাড়া ভিওআইপি ব্যবসা করার অভিযোগ আনা হয়েছে। মামলার অন্য আসামিরা হলেন করিম ইকবাল ভূঁইয়া, মোমিনূর রহমান চৌধুরী, শেখ কামরুজ্জামান, আমানুল্লাহ চৌধুরী, আনোয়ার হোসেন, আশরাফ উদ্দিন, ফজলে সেলিম, জাকিয়া রউফ চৌধুরী, ঝুমু রউফ চৌধুরী, সুয়ানা রউফ চৌধুরী এবং একেএম সামসুল।
বৃহস্পতিবার রাতভর তেজগাঁও শিল্প এলাকায় নভো টাওয়ারে র্যাংকসটেলের কার্যালয়ে অভিযান চালানোর সময় র্যাংকসটেলের মহাব্যবস্থাপক (প্রকৌশল) শেখ কামরুজ্জামান, উপমহাব্যবস্থাপক (প্রকৌশল) মোমিনূর এবং উপ-মহাব্যবস্থাপক (বিক্রয়) করিম ইকবালকে গ্রেফতার করা হয়। এ তিনজনকে গতকাল ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হলে হাকিম শামীমা পারভিন তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। তাদের পক্ষে জামিনের আবেদন করা হলেও তা নাকচ করেন আদালত। তাদের জিজ্ঞাসাবাদে বিটিআরসি পরামর্শক কাওসার হেফাজতের আবেদন জানালে তা-ও নাকচ হয়। আদালত প্রয়োজনে কারাফটকে তাদের জিজ্ঞাসাবাদের জন্য বিটিআরসিকে অনুমতি দিয়েছে।
র্যাকসটেল কর্তৃপক্ষ গতকালও দাবি করেছে তারা ভিওআইপি ব্যবসার সঙ্গে জড়িত নয়। র্যাংকস গ্রুপের ভাইস চেয়ারম্যান ও র্যাংকসটেলের ডিরেক্টর গতকাল আমার দেশকে বলেন, র্যাংকসটেল অবৈধ ভিওআইপি ব্যবসায়ের সঙ্গে জড়িত নয়। র্যাব ও বিটিআরসি কর্মকর্তারা আমাদের স্থাপনায় ভিওআইপি সরঞ্জামও পাননি। কিন্তু তারা আমাদের সার্ভিস বন্ধ করে দিয়ে আমাদের তিন লক্ষাধিক দেশি-বিদেশি গ্রাহককে ভোগান্তিতে ফেলে দিয়েছেন। সার্ভিস এভাবে বন্ধ করার কোনো নিয়ম নেই। তিনি সরকারের কাছে সুষ্ঠু তদন্ত দাবি করে বলেন, আমরা আইনজীবীর পরামর্শ নিচ্ছি। র্যাংকসটেলের অন্য ডিরেক্টর আশরাফ উদ্দিন আহমেদও একই ধরনের দাবি করে বলেন, দেশীয় বিনিয়োগে গড়া প্রতিষ্ঠানকে ষড়যন্ত্রের হাত থেকে বাঁচাতে আশা করি সরকার এগিয়ে আসবে।
কর্মকর্তারা জানান, বিটিআরসির এ পদক্ষেপের কারণে র্যাংকসটেলের শতাধিক দেশি-বিদেশি প্রতিষ্ঠানের পাশাপাশি অজের ব্রডব্যান্ডসহ ২২টি কলসেন্টারের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। তাদের গ্রাহকদের মধ্যে অন্যতম হচ্ছে—ইউএনডিপি, সিটি ব্যাংক, আমেরিকান এক্সপ্রেস ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ডাচ্-বাংলা ব্যাংক, এনসিসি ব্যাংক, ইউসিবি ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, এইচএসবিসি, ইউনিলিভার, ইইউ, ব্রিটিশ হাইকমিশন, চ্যানেল আই, শেভরন বাংলাদেশ, দৈনিক যুগান্তর, রেডিও টুডে, রেডিও ফুর্তি, বিডি নিউজ, বেক্সিমকো, বাংলাভিশন, এনটিভি, ইটিভি, এসিআই, চ্যানেল ওয়ান, রেডিসন হোটেল, বিওসি, হোটেল সিগাল, সানোফি এভনটিস, কাফকো, নাভানা, পারটেক্স গ্রুপ, প্রাণ গ্রুপ, এইচপি বাংলাদেশ অন্যতম। র্যাংকসটেল কর্মকর্তারা আরও বলেন, তাদের প্রতিষ্ঠানের গ্রাহকদের মধ্যে সবচেয়ে বেশি বিড়ম্বনার শিকার হচ্ছেন ক্লিনিক, হাসপাতাল ও আবাসিক গ্রাহকরা।
এর আগে গত ১৭ মার্চ বাড্ডায় ওয়ার্ল্ডটেলে অভিযান চালিয়ে ভিওআইপি সরঞ্জাম আটক করা হয়। অবৈধ ভিওআইপি ব্যবসায় জড়িত থাকার অভিযোগে দু’দিন আগে ঢাকা ফোনের চেয়ারম্যান ও মহাব্যবস্থাপকসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়।
প্রায় ৫শ’ কোটি টাকা দেশীয় পুঁজি বিনিয়োগ করা র্যাংকসটেলে বর্তমানে ৪৭০ টেকনিক্যাল কর্মী কাজ করছেন। প্রতিষ্ঠানটির দৈনিক ক্ষতি হচ্ছে প্রায় ২০ লাখ টাকা। সরকারও হারাচ্ছে মূল্যবান রাজস্ব।
গতকাল সার্ভিস না পাওয়ার কারণে বেশ কিছু গ্রাহক নগরীর রমনা এলাকার বোরাক টাওয়ারে র্যাংকসটেল অফিসের সামনে জড়ো হন। র্যাংকসটেল কর্তৃপক্ষ তাদের জানায়, বিটিআরসি তাদের তেজগাঁও অফিসের সুইচরুম সিলগালা করে দেয়ায় তারা সেবা দিতে পারছে না। এ সময় কয়েকজন ক্ষুব্ধ গ্রাহক ভবনের সামনে উপস্থিত সাংবাদিককে বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কোনো পিএসটিএন অপারেটরের বিরুদ্ধে অবৈধ ভিওআইপি ব্যবসায় জড়িত থাকার প্রমাণ পেলে টেলিযোগাযোগ আইনে জরিমানা করতেই পারে। এর আগে একাধিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে জরিমানা হলেও তাদের সেবা কার্যক্রম বন্ধ করে জনগণকে ভোগান্তিতে ফেলা হয়নি। কিন্তু এবার তা করা হচ্ছে। তারা বলেন, এসব কার্যক্রমের অর্থ হতে পারে, দেশীয় বিনিয়োগে গড়া প্রতিষ্ঠানের বাজার যেন বিদেশিদের হাতে চলে যায়।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?