বিডিআর বিদ্রোহ সম্পর্কে নিউইয়র্কের হিউম্যান রাইটস ওয়াচ : অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনে সুযোগ দেয়া হচ্ছে না
এনা নিউইয়র্ক
নিউইয়র্কের হিউম্যান রাইটস ওয়াচ ১৭ মার্চ এক বিবৃতিতে বলেছে, বিডিআর বিদ্রোহের ১৪ মাস পরও যাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা সম্ভব হয়নি তাদের অবিলম্বে মুক্তি দেয়া হোক। বিবৃতিতে চলমান বিচারে ন্যায়-নিষ্ঠা অনুসরণ করার আহ্বান জানানো হয়। হিউম্যান রাইটস ওয়াচের দক্ষিণ এশিয়া পরিচালক ব্র্যাড এডামস বলেছেন, বিডিআর বিদ্রোহের ঘটনায় ২ হাজার ১০০ জনকে গ্রেফতার করা হয়। ডিটেনশন সেন্টারে ৬০ জনের মৃত্যু হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, তারা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন অথবা আত্মহত্যা করেছেন। কিন্তু হিউম্যান রাইটস ওয়াচের লোকজনের কাছে সংশ্লিষ্ট হাসপাতালের স্টাফ এবং নিহত বিডিআর সদস্যদের স্বজনরা অভিযোগ করেছেন, নিহতদের দেহে আঘাতের চিহ্ন ছিল। ব্র্যাড এডামস আরও বলেছেন, হিউম্যান রাইটস ওয়াচের মনিটরিংয়ে নিয়োজিত ব্যক্তি, বাংলাদেশের মিডিয়ায় প্রকাশিত সংবাদ, নিহত বিডিআর সদস্যদের স্বজনের বক্তব্য এবং সংশ্লিষ্ট অপরাপর তথ্য পর্যালোচনায় মনে করা হচ্ছে, ডিটেনশন সেন্টারে অকথ্য নির্যাতনেই ওই ৬০ বিডিআর সদস্য মৃত্যুবরণ করেছেন। ওই বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, পিলখানা হত্যাকাণ্ডের বিচারে অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া হচ্ছে না, আইনজীবীকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করতে দেয়া হচ্ছে না এবং বিডিআর সদস্যদের স্বজনকেও আদালতে উপস্থিত হওয়ার সুযোগ দেয়া হচ্ছে না। অথচ স্বচ্ছ বিচারের জন্য এগুলো অবলম্বন করা উচিত। এই বিবৃতিতে হিউম্যান রাইটস ওয়াচ পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত কমিশনের রিপোর্টও জনসমক্ষে প্রকাশের আহ্বান জানিয়েছে।
-
শেষের পাতা


সাধারণ বিভাগ
আবহাওয়া


