Amardesh
আজঃ ঢাকা, শনিবার ২০ মার্চ ২০১০, ৬ চৈত্র ১৪১৬, ৩ রবিউসসানি ১৪৩১     আপডেট সময়ঃ সময় : রাত ১.৩০টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৯, আহত ২৭

ডেস্ক রিপোর্ট
ময়মনসিংহে ভারতীয় ট্রাকচাপায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এছাড়া গতকাল ও বৃহস্পতিবার রাতে ঝিনাইদহ, নড়াইল, পিরোজপুর, মঠবাড়িয়া, সাতক্ষীরা, ঠাকুরগাঁও ও মংলায় বিভিন্ন যানবাহনের ধাক্কা, চাপা ও সংঘর্ষে কলেজছাত্রী এবং শিশুসহ আরও ছয়জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২৭ জন। প্রতিনিধিদের পাঠানো খবর—
ময়মনসিংহ : ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গোবরাকুড়া শুল্ক বন্দরে গতকাল বিকালে ভারতীয় ট্রাকের চাপায় দুই বাংলাদেশী শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হন আরও দুুই শ্রমিক। পুলিশ ট্রাক ও চালক শাহীদুুর রহমানকে আটক করেছে। তার বাড়ি আসাম রাজ্যের কালাপানি এলাকায়।
পুলিশ জানায়, বিকাল সাড়ে ৫টার দিকে ভারতীয় ট্রাক (এনএল ০২-৯-০০৩০) গোবরাকুড়া শুল্ক বন্দরে কয়লা আনলোড করে ভারতে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মেসার্স হাবিব এন্টারপ্রাইজ নামে একটি কয়লার ডিপোতে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই হালুয়াঘাটের গোবরাকুড়া গ্রামের মৃত লোকমানের ছেলে আব্বাস আলী (২৫) ও জবান মুন্সীর ছেলে নূর হোসেন (৩০) মারা গেছেন। আহত দু’জনকে হালুয়াঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নড়াইল : নড়াইলে গতকাল সড়ক দুর্ঘটনায় সুজাতা দাস (১৯) নামের এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। নড়াইল-কালনা সড়কের বাঁশভিটা এলাকায় সকালে দ্রুতগামী বাসের ধাক্কায় একটি ট্রাক্টর উল্টে পথচারী সুজাতার ওপর এসে পড়ে। এতে সে মারাত্মক আহত হয়। নড়াইল সদর হাসপাতালে নেয়ার কিছু সময় পর সে মারা যায়। উত্তেজিত জনতা গাছ ফেলে নড়াইল-কালনা সড়ক অবরোধ করে রাখে। এতে রাস্তার দু’প্রান্তে যানবাহনের দীর্ঘলাইন সৃষ্টি হয়। দুপুর ২টার দিকে প্রশাসনের পক্ষ থেকে বাঁশভিটা এলাকায় গতিরোধক নির্মাণ এবং ঘাতক বাসটিকে আটক করার আশ্বাস দেয়া হলে জনতা অবরোধ তুলে নেয়। নিহত সুজাতার বাবার নাম নিরঞ্জন দাশ। স্বস্ত্রীক তিনি ভারতে থাকেন। সুজাতা শহরের বাঁশভিটা গ্রামে মামাবাড়ি থেকে পড়াশোনা করত। এ ঘনটায় নিত্য (৩৫) নামের আহত আরেক পথচারীকেও অশঙ্কাজনক অবস্থায় নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে কোলা-সিংড়া সড়কে দুটি যাত্রীবাহী নসিমনের মুখোমুখি সংঘর্ষে আয়াত আলী (৫০) নামের একজন নিহত ও অন্তত সাতজন আহত হয়েছেন। গতকাল বিকালে রামচন্দ্রপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি উপজেলার ষাটবাড়িয়া গ্রামে। আহতদের কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মংলা : মংলা-খুলনা মহাসড়কের চেয়ারম্যানের মোড় এলাকায় গতকাল দুপুরে মংলাগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি ভ্যান চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাত পরিচয় ওই ভ্যানচালকের মৃত্যু হয়।
মঠবাড়িয়া : পিরোজপুরের মঠবাড়িয়া-চরখালী সড়কের গুদিঘাটায় বৃহস্পতিবার রাতে চলন্ত বাসের ছাদ থেকে পড়ে কামরুজ্জামান টুকু (২২) নামের এক শ্রমিক নিহত হয়েছে। তার বাড়ি সাতক্ষীরার আশাশুনি উপজেলার গোকুলনগর গ্রামে। টুকু তার তিন ভাইয়ের সঙ্গে খুলনা থেকে পাথরঘাটাগামী বিআরটিসির একটি বাসে মঠবাড়িয়া আসার পথে ছাদ থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলে নিহত হয়।
কলারোয়া (সাতক্ষীরা) : গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার গোপিনাথপুর গ্রামের আলাউদ্দীনের ছেলে মেহেদি হাসান (৪) যশোর-সাতক্ষীরা মহাসড়কের যুগীবাড়ির রাস্তার পাশে খেলা করছিল। এ সময় সাতক্ষীরাগামী একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্বরূপকাঠি (পিরোজপুর) : পিরোজপুরে সম্মেলন শেষে স্বরূপকাঠির আওয়ামী লীগের সাত নেতাকর্মী কলাখালি ব্রিজের দক্ষিণ পাশে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৮টায় এ দুর্ঘটনায় গুরুতর আহত আওয়ামী লীগ কর্মী মোঃ আরিফ (২০) ও অপর একজনকে পিরোজপুর সদর হাসপাতালে চিকিত্সা দেয়া হয়। এছাড়া হোন্ডাচালক মোঃ আবির (২০), মোঃ সজল (২০), মোঃ মুনির (৩০), মোঃ মামুন (২৭), মোঃ মিলনকে (২৫) স্বরূপকাঠি সততা ক্লিনিকে চিকিত্সা করানো হয়।
ঝিনাইদহ : গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে ঝিনাইদহ শহরের আরাপপুর বাসস্ট্যান্ডে কুষ্টিয়া থেকে খুলনাগামী একটি বাসের চাকায় পিষ্ট হয়ে মনিরুল ইসলাম নামের এক সবজি ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হন। তার বাড়ি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোলাপনগর গ্রামে।
ঠাকুরগাঁও : গতকাল সন্ধ্যা সাড়ে ৬টায় সদর উপজেলার খোঁচাবাড়ী-বকুলতলা সড়কের ছোট খোঁচাবাড়ীতে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী চন্দ্র শিখর রায় (১৭) নিহত হয়। আহত হন দু’জন। বিকাল সাড়ে ৫টায় ঠাকুরগাঁও-গড়েয়া সড়কের সালন্দরে ট্রাক্টর ও ভ্যানের সংঘর্ষে তিনজন ভ্যানযাত্রী আহত হন। সন্ধ্যা ৭টায় ঠাকুরগাঁও-পঞ্চগড় সড়কের তেলিপাড়ায় একটি মিনিবাস ও ট্রাককে সাইড দিতে গিয়ে একটি ভ্যান উল্টে যায়। এতে ৫ জন আহত হন।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?