Amardesh
আজঃ ঢাকা, শনিবার ২০ মার্চ ২০১০, ৬ চৈত্র ১৪১৬, ৩ রবিউসসানি ১৪৩১     আপডেট সময়ঃ সময় : রাত ১.৩০টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

নালিতাবাড়ী সীমান্তে কাঁটাতারের বেড়া এগিয়ে আনছে ভারত

মনিরুল ইসলাম মনির, নালিতাবাড়ী
ক্যাম্পের নিরাপত্তা বাড়ানো ও সংস্কারের অজুহাতে আগে দেয়া কাঁটাতারের বেড়া ভেঙে এগিয়ে এনে নতুন করে বেড়া নির্মাণ করতে বুলডোজার দিয়ে পাহাড় কাটছে ভারত। ভারতের চান্ডুভূই ক্যাম্পের বিএসএফ নালিতাবাড়ী সীমান্তের খলচন্দা গ্রাম সংলগ্ন কয়েকশ’ গজ এলাকা নিয়ে এ বেড়া নির্মাণের প্রস্তুতি নিচ্ছে।
গত ১৮ মার্চ সরেজমিন গিয়ে দেখা গেছে, নালিতাবাড়ীর খলচন্দা গ্রামের ১১১২ নং সীমান্ত পিলার সংলগ্ন ২ নং সাব পিলারের নিকটবর্তী স্থানে বুলডোজার দিয়ে নোম্যান্সল্যান্ড সংলগ্ন পাহাড় কেটে রাস্তার মতো তৈরি করছে ভারত। এটি রাস্তা হিসেবে ব্যবহারের জন্য, না কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য করা হচ্ছে তা বিডিআর এমনকি স্থানীয় বাংলাদেশীদের মধ্যে পরিষ্কার না হলেও ভারতের দাবির প্রেক্ষিতে বারোমারী ৪৫ রাইফেল ব্যাটালিয়নের ই-কোম্পানি কমান্ডার আমির খসরু জানান, বন্যহাতির তাণ্ডবে আগে নির্মিত কাঁটাতারের বেড়া বিভিন্ন স্থানে ভেঙে যাওয়ায় পুনরায় তা সংস্কার করতে প্রস্তুতি চলছে। কেন আগের কাঁটাতারের বেড়া ডিঙিয়ে এ পাশে আরেকটু এগিয়ে আনা হচ্ছে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, ভারতের চান্ডুভূই ক্যাম্প কাঁটাতারের বেড়া সংলগ্ন বিধায় ক্যাম্প নিরাপত্তার বিষয়টি চিন্তা করে ভারত এ বেড়া একটু এগিয়ে আনছে বলে বিএসএফের পক্ষ থেকে তাদের জানানো হয়েছে। এ বেড়া নোম্যান্সল্যান্ডের ভেতরে দেয়ার প্রস্তুতি চলছে কিনা জানতে চাইলে তিনি জানান, আগের বেড়াটি ভারত ২শ’ গজ ভেতরে দিয়েছিল। বর্তমানে তা এগিয়ে দেড়শ’ গজের কাছাকাছি আনছে। আর দেড়শ’ গজের মধ্যে না এলে আমরা তাদের বাধা দিতে পারি না। কারণ তারা তাদের ভূমিতে যা ইচ্ছা তাই করলেও আমাদের বাধা দেয়ার কিছুই নেই। যদি এ বেড়া দেড়শ’ গজের মধ্যে আনত তবে আমরা বাধা দিতাম। এটা নিতান্তই তাদের ব্যাপার। এদিকে বিডিআরের অপর একটি সূত্র জানায়, প্রায় দু’মাস ধরে প্রস্তুতির পর মার্চের ১১/১২ তারিখের দিকে শুরু করা এ কাজের আগে ভারত কিছুই জানায়নি। পাহাড়ে বুলডোজার দেখে এগিয়ে গেলে বিএসএফের সঙ্গে বৈঠকের পর বিষয়টি জানা গেছে। বিডিআর সূত্র আরও জানিয়েছে, আগের বেড়া ভেঙে সামনে এগিয়ে এনে নতুন বেড়া করতে চাইলে বিএসএফের উচিত ছিল বিডিআরকে অবহিত করা। কিন্তু বিএসএফ তা করেনি। এদিকে ক্যাম্প নিরাপত্তার ইস্যুতে কেন ভারত এতদিনে এ বেড়া এগিয়ে আনার সিদ্ধান্ত নিল এমন প্রশ্নে স্থানীয় উপজাতীয় কোচ পরিবারের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা এটিকে ভারতীয় আগ্রাসনের প্রাথমিক ধাপ হিসেবে মনে করছে।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?