Amardesh
আজঃ ঢাকা, শনিবার ২০ মার্চ ২০১০, ৬ চৈত্র ১৪১৬, ৩ রবিউসসানি ১৪৩১     আপডেট সময়ঃ সময় : রাত ১.৩০টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

রংতুলিতে স্বপ্নের গল্প

জাকির হোসেন
ধানমন্ডির শিল্পাঙ্গনে গতকাল থেকে শুরু হয়েছে শিল্পী অনুকুল মজুমদারের একক চিত্রপ্রদর্শনী। অন্যদিকে ঢাকা পদাতিকের ৩০ বছর পূর্তি উপলক্ষে এদিন থেকে রাজধানীর শিল্পকলা একাডেমি জাতীয় নাট্যশালায় শুরু হয়েছে আন্তর্জাতিক নাট্য উত্সব। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের বকুলতলায় ওয়াহিদুল হক স্মরণে শুরু হয়েছে দু’দিনব্যাপী ‘দেশঘরের গান’ শীর্ষক অনুষ্ঠান। এদিকে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে চলছে তিন দিনব্যাপী ‘ওয়াহিদুল হক স্মারণিক মিলনোত্সব’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সড়কদ্বীপে চলছে সেক্টর কমান্ডারস ফোরাম ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানমালা। এ অনুষ্ঠান ২৬ মার্চ পর্যন্ত চলবে। সাংস্কৃতিক সংগঠন ‘রবিরাগ’ দুই যুগপূর্তি উপলক্ষে আয়োজন করেছে দু’দিনব্যাপী সঙ্গীতানুষ্ঠান। আগামী ২১ মার্চ বাংলাদেশে শিশু একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠান শুরু হবে।
চিত্রপ্রদর্শনী: সমকালীন চিত্রশালা শিল্পাঙ্গনে গতকাল থেকে শুরু হয়েছে উদীয়মান শিল্পী অনুকুল মজুমদারের পক্ষকালব্যাপী একক চিত্রপ্রদর্শনী। ‘টেলস অব ড্রিমস’ (স্বপ্নের গল্পবলা) শিরোনামের এ প্রদর্শনী উদ্বোধন করেন বরেণ্য শিল্পী মনিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন স্থপতি শামসুল ওয়ারেস, সামিট গ্রুপ অব কোম্পানির আয়েশা আজিজ খান প্রমুখ। প্রদর্শনীতে শিল্পীর ড্রইং ও পেইন্টিংসহ প্রায় ৫০টি শিল্পকর্ম স্থান পেয়েছে। ছবিগুলোতে শিল্পী আধুনিক ঢংয়ে তার স্বপ্ন ফুটিয়ে তুলেছেন রং-তুলির আঁচড়ে। তার ছবিতে নেই কোনো জড়তা। গ্রামের বিষয় থাকলেও নেই কোনো গ্রাম্যতা। প্রদর্শনী চলবে আগামী ৩ এপ্রিল পর্যন্ত।
আন্তর্জাতিক নাট্য উত্সব: ঢাকা পদাতিকের ৩০ বছর পূর্তি উপলক্ষে গতকাল থেকে রাজধানীর শিল্পকলা একাডেমি জাতীয় নাট্যশালায় শুরু হয়েছে সাত দিনব্যাপী আন্তর্জাতিক নাট্য উত্সব। গতকাল বিকালে প্রধান অতিথি হিসেবে প্রদীপ জ্বালিয়ে এ উত্সব উদ্বোধন করেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ। উত্সবে লোককৃষ্টি (ভারত), ঢাকা থিয়েটার, সংলাপ (কলকাতা-ভারত), ঢাকা পদাতিক ও সুইজারল্যান্ডের মুমেনসানচ নাটক মঞ্চস্থ করবে। উদ্বোধনী দিনে লোককৃষ্টি মঞ্চস্থ করে নাটক ‘ল্যাবরেটরি। উত্সব চলবে ২৫ মার্চ পর্যন্ত। আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবুল কালাম আজাদ বলেন, বিদেশি নাটকের মাধ্যমে আমাদের দেশের দর্শক ভিন্ন স্বাদ পাবে। আর নাট্যকর্মীদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় হবে। তিনি বলেন, অনেক বৈরী পরিবেশের মধ্যেই আমাদের দেশের নাট্যকর্মীরা নিজেদের এদেশের মূলধারার সংস্কৃতির সঙ্গে সমুন্নত রাখতে পেরেছেন। এটা আমাদের সংস্কৃতির জন্য একটি বড় অর্জন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত আরস হারেন, ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার রাজিত মিত্তার। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন বিশিষ্ট অভিনেতা রমেন্দু মজুমদার। সভাপতিত্ব করেন গোলাম কুদ্দুস।
ছায়ানট : গতকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের বকুলতলায় ছায়ানটের আয়োজনে শুরু হচ্ছে দু’দিনব্যাপী ‘ওয়াহিদুল হক স্মারক দেশঘরের গান’। এ অনুষ্ঠান আগামীকাল বিকাল ৫টা থেকে চলবে রাত সাড়ে ৯টা পর্যন্ত। দু’দিনব্যাপী এই দেশঘরের গান উদ্বোধন করেন শিল্পী সাইদুর রহমান বয়াতি। আমাদের নিজস্ব সাংস্কৃতিক অনুষঙ্গ—বিশেষত পরিবেশনা শিল্পের আঙ্গিকগুলোর অকৃত্রিম উপস্থাপনার সঙ্গে নাগরিকজনের যোগসূত্র স্থাপনই এ আয়োজনের লক্ষ্য। পাশাপাশি দেশের ঐতিহ্যবাহী বিভিন্ন শিল্পশাখায় অন্তরঙ্গভাবে যুক্ত শিল্পীদের অংশগ্রহণ নিশ্চিত করা, দেশজ এই শিল্পীজনের জীবনযাপন ও শিল্পসম্পৃক্ততা এবং তাদের বিবিধ বৃত্তান্তের সঙ্গে অন্তরঙ্গ সংযোগ স্থাপন করা, বিপন্ন-বিলুপ্ত শিল্প অভিব্যক্তি পুনরুদ্ধার ও পুনর্জাগ্রতসহ বিশিষ্ট ও স্বাধীন সাংস্কৃতিক পরিচয় প্রতিষ্ঠা করাই অনুষ্ঠানের লক্ষ্য। উদ্বোধনী অনুষ্ঠানে সাইদুর রহমান বায়তি বলেন, বিদেশি সংস্কৃতিকে অবজ্ঞা করলে চলবে না। বিদেশি সংস্কৃতিকে আমাদের ধারণ করতে হবে। আর দেশি সংস্কৃতির বিকাশে কাজ করতে হবে। বাংলাদেশের আসল গান হলো লোকসঙ্গীত। এ সঙ্গীতের সুর তাল লয় এবং পয়ার মানতে হবে।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?