Amardesh
আজঃ ঢাকা, বুধবার ১০ মার্চ ২০১০, ২৬ ফাল্গুন ১৪১৬, ২৩ রবিউল আউয়াল ১৪৩১     আপডেট সময়ঃ সময় : রাত ১.৩০টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 কার্টুন
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --

ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানায় পশ্চিম পাকিস্তানের দুটি পত্রিকা

মাহাবুবুর রহমান
একাত্তরের এই দিনে দেশব্যাপী অসহযোগ আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে। পূর্ব পাকিস্তানের মানুষের মুক্তি-আকাঙ্ক্ষা ক্রমেই বাড়তে থাকে। স্বাধিকার প্রতিষ্ঠার আন্দোলন গতিশীল করতে শিল্পী-সাহিত্যিকরা ত্যাগ স্বীকারের শপথ নেন কেন্দ্রীয় শহীদ মিনারে। এদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক বিবৃতিতে বলেন, মুক্তির লক্ষ্য বাস্তবায়ন ও স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে বেঁচে থাকার অধিকার আদায় না হওয়া পর্যন্ত জনগণ সংগ্রাম ও সব ধরনের ত্যাগ স্বীকারে দৃঢ়সংকল্প থাকবে। বাংলাদেশের জনগণ জানে, ইতিহাস তাদের পক্ষে এবং যে কোনো ধ্বংসকারী অস্ত্রই প্রয়োগ করা হোক না কেন, জনগণের চূড়ান্ত বিজয় হবেই। এদিন তিনি বাংলার মানুষের প্রকৃত অবস্থা বিশ্ববাসীর সামনে তুলে ধরতে বিদেশি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। বিবৃতিটি পরের দিন দৈনিক আজাদের প্রধান সংবাদ হিসেবে ছাপা হয়। সংবাদের শিরোনাম ছিল—‘বাংলাদেশের জনগণের ইচ্ছাই চূড়ান্ত : মুজিব, জনগণ শেষ পর্যন্ত সংগ্রাম করিবে’।
জাতীয় পরিষদ অধিবেশনে যোগ দেয়ার জন্য শেখ মুজিবুর রহমান যে চারটি পূর্বশর্ত আরোপ করেছিলেন, সে বিষয়ে এদিন পশ্চিম পাকিস্তানের বিশিষ্ট রাজনৈতিক নেতা ও বিশিষ্ট নাগরিকরা সমর্থন জ্ঞাপন করেন এবং পূর্ব পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ‘দৈনিক পাকিস্তান’ অবিলম্বে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়ে সম্পাদকীয় প্রকাশ করে। এতে কালবিলম্ব না করে জনগণের দাবি মেনে নেয়ার কথাও বলা হয়। ইংরেজি দৈনিক ‘দ্য পিপল’ পিপলস পার্টির নেতা জুলফিকার আলী ভুট্টোর সমালোচনা করে সম্পাদকীয় প্রকাশ করে।
কেন্দ্রীয় শহীদ মিনারে লেখক-শিল্পী মুক্তি পরিষদ আয়োজিত এক সভায় শিল্পী-সাহিত্যিকদের আপসকামিতা ত্যাগ করে স্বাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে জনগণের সঙ্গে একাত্ম হওয়ার আহ্বান জানানো হয়। নিউমার্কেট এলাকায় ন্যাপের উদ্যোগে পথসভা অনুষ্ঠিত হয়। অসহযোগ আন্দোলনে সমর্থন জানাতে রাস্তায় নামে দৃষ্টিশক্তিহীন বিদ্যালয়ের শিক্ষার্থীরাও। ছাত্র ইউনিয়নের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে খণ্ড মিছিল ও ট্রাকে গণসঙ্গীতের স্কোয়াড বের করা হয়। সারাদেশে ছড়িয়ে পড়ে এসব মিছিল ও গণসঙ্গীতের উত্তাপ। বীমা সমিতির পূর্ব-পাকিস্তান কমিটি ২৩ মার্চ পর্যন্ত সবগুলো বীমা কোম্পানি বন্ধ রাখার ঘোষণা দেয়। স্টেট ব্যাংক ও অন্যান্য বাণিজ্যিক ব্যাংক বঙ্গবন্ধুর নির্দেশ অনুযায়ী সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত লেনদেনের এবং বিকাল ৩টা পর্যন্ত প্রশাসনিক কাজের জন্য খোলা রাখা হয়। বিদেশি নাগরিকরা ঢাকা ছাড়তে থাকেন। তবে মার্কিন কনস্যুলেটের এক কর্মকর্তা গণমাধ্যমের কাছে বলেন, এখনও মার্কিন নাগরিকদের দেশে ফেরত পাঠানোর মতো পরিস্থিতির উদ্ভব হয়নি। জাতিসংঘের মহাসচিব উ থান্ট এদেশে নিযুক্ত তাদের কর্মকর্তাদের নিজ নিজ দেশে ফিরিয়ে নেয়ার সিদ্ধান্ত নেন। এদিকে নিউইয়র্ক প্রবাসী পূর্ব পাকিস্তানের ছাত্ররা জাতিসংঘ সদর দফতরের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। তারা পূর্ব-পাকিস্তানে নিরস্ত্র বাঙালিদের ওপর নির্যাতন বন্ধের দাবি জানান।
অন্যদিকে নারায়ণগঞ্জ জেলা থেকে ৪০ কয়েদি পালিয়ে যাওয়ার সময় কারারক্ষীদের গুলিতে একজন নিহত হয়। আহত হয় দুই পুলিশ ও ২৫ কয়েদি। রাজশাহী শহরে আরোপিত কারফিউ প্রত্যাহার করা হয়।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?