মার্কিন মধ্যস্থতায় মধ্যপ্রাচ্যে ফের পরোক্ষ শান্তি আলোচনা : বাইডেন আজ আব্বাসের সঙ্গে বৈঠক করবেন
এএফপি, রয়টার্স, বিবিসি
প্রায় এক বছরেরও বেশি সময় পরে ইসরাইল ও ফিলিস্তিন মধ্যপ্রাচ্যে শান্তিবিষয়ক পরোক্ষ আলোচনা শুরু করেছে। এর আগে গাজায় ইসরাইলি হামলা শুরু হওয়ার কারণে দু’দেশের মধ্যে শান্তি আলোচনা স্থগিত হয়ে গিয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের মুখপাত্র জোসেফ ক্রাউলি ওয়াশিংটনে সাংবাদিকদের বলেন, আলোচনা সোমবার থেকে শুরু হয়েছে। বিষয়টি নিয়ে মধ্যস্থতা করছেন সেদেশের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত জর্জ মিশেল। তিনি বলেন, ‘জর্জ ওয়াশিংটনে ফিরে পররাষ্ট্রমন্ত্রীকে এ ব্যাপারে বিস্তৃত জানাবেন।’ শেষ পর্যন্ত ফলাফল কী হবে, এ নিয়ে সন্দিহান হলেও ইসরাইলি ও ফিলিস্তিনি নেতারা মার্কিন মধ্যস্থতায় পরোক্ষ অলোচনায় সম্মত হয়েছেন। ২০০৯ সালে হামাসের রকেট ও মর্টার হামলার বিরুদ্ধে ইসরাইল গাজায় অভিযান চালায়। ২২ দিনব্যাপী অভিযানে তারা সেখানে দারুণ ধ্বংসযজ্ঞ চালায়। এরপর থেকে মধ্যপ্রাচ্যের এই দুটি প্রতিবেশী দেশের মধ্যে চলমান শান্তি আলোচনা বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার পর এই প্রথম দেশ দুটি ফের আলোচনা শুরু করার প্রক্রিয়া চালাচ্ছে। তবে শান্তি আলোচনার প্রক্রিয়া শুরু হলে অধিকৃত পশ্চিম তীরে ইহুদি বসতিতে ১১২টি নতুন ভবন তৈরির ইসরাইলি সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছে। ইসরাইল গত বছর পশ্চিম তীরে বসতি স্থাপনের ব্যাপারে বিরত হলেও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের ওই অঞ্চল সফর করার খবর পাওয়ার পর থেকে ফের ওই কাজ শুরু করেছে। ইসরাইলি পরিবেশমন্ত্রী গিলাদ এরদান এটাকে একটা ভিন্নধর্মী উদ্যোগ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, গত বছর নভেম্বরে বসতি স্থাপন বন্ধ হয়ে গেলেও এই কাজটা তারও আগে শুরু হয়েছিল। এটা মূলত নিরাপত্তামূলক একটা উদ্যোগ। এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার তার মধ্যপ্রাচ্য সফর শুরু করেছেন। মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা পুনরায় শুরু করা তার এ সফরের প্রধান উদ্দেশ্য। সফরকালে বাইডেন ইসরাইল, প্যালেস্টাইন, মিসর ও জর্ডানের নেতাদের সঙ্গে বৈঠক করবেন। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা দায়িত্ব গ্রহণের পর বাইডেনই হচ্ছেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে উচ্চপদস্থ ব্যক্তি, যিনি মধ্যপ্রাচ্য সফর করছেন। প্যালেস্টাইন এবং ইসরাইলের মধ্যে শান্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা গত প্রায় ১৪ মাস ধরে বন্ধ রয়েছে। এমনকি এ আলোচনা আবার শুরু করার জন্য যুক্তরাষ্ট্রের কূটনৈতিক তত্পরতাও কোনো কাজে আসেনি। তার ওপর গাজায় সামপ্রতিককালের যুদ্ধের পর থেকে পিএলও ইসরাইলের সঙ্গে কোনরকম আলোচনায় আগ্রহী নয়। তাই ফিলিস্তিনি প্রেসিডেন্ট শান্তি আলোচনা শুরু করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। গতকাল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরাইলি নেতাদের সঙ্গে বৈঠক করেন। তিনি এক বছর ধরে বন্ধ হয়ে থাকা শান্তি আলোচনা ফের চালু করার জন্য তাদের প্রতি চাপ প্রয়োগ করেন। ইসরাইলি প্রেসিডেন্ট শিমন পেরেজের সঙ্গে বৈঠকে তিনি বলেন, ‘আমি মনে করি প্রথমে পরোক্ষ আলোচনা শুরু করা হোক। গত কয়েক বছর ধরে পরস্পরের প্রতি যে অবিশ্বাস দানা বেঁধে উঠেছে, তার অবসান হওয়া দরকার। দু’পক্ষকেই ফের নিজেদের বিবেকের কাছে পরিষ্কার হয়ে কাজটি শুরু করতে হবে। আজ বুধবার বাইডেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে দেখা করার জন্য পশ্চিম তীরের শহর রামাল্লায় যাবেন। সেখানে তিনি প্রধানমন্ত্রী সালাম ফাইয়াদের সঙ্গেও দেখা করবেন। এছাড়া মধ্যপাচ্য শান্তি আলোচনা বিষয়ে বিশেষ দূত সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের সঙ্গেও তার দেখা করার কথা।
এদিকে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ্ আন্দোলন ইসরাইলের সঙ্গে পরোক্ষ শান্তি আলোচনার সবুজ সঙ্কেত দিয়েছে বলে মনে করছেন অনেকেই। ফাতাহ্র এক মুখপাত্র বলেন, প্রথমে কেবল মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলাপ চলবে। ইসরাইলের সঙ্গে সরাসরি আলোচনা হবে না। এ সিদ্ধান্তের মাধ্যমে আব্বাস তার আগের অবস্থান থেকে সরে দাড়ালেন।
এদিকে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ্ আন্দোলন ইসরাইলের সঙ্গে পরোক্ষ শান্তি আলোচনার সবুজ সঙ্কেত দিয়েছে বলে মনে করছেন অনেকেই। ফাতাহ্র এক মুখপাত্র বলেন, প্রথমে কেবল মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলাপ চলবে। ইসরাইলের সঙ্গে সরাসরি আলোচনা হবে না। এ সিদ্ধান্তের মাধ্যমে আব্বাস তার আগের অবস্থান থেকে সরে দাড়ালেন।
-
আন্তর্জাতিক


সাধারণ বিভাগ
আবহাওয়া


