Amardesh
আজঃ ঢাকা, বুধবার ১০ মার্চ ২০১০, ২৬ ফাল্গুন ১৪১৬, ২৩ রবিউল আউয়াল ১৪৩১     আপডেট সময়ঃ সময় : রাত ১.৩০টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 কার্টুন
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

ফের পাকিস্তান ক্রিকেটে নাটক

স্পোর্টস ডেস্ক
ফের পাকিস্তান ক্রিকেটে নিষেধাজ্ঞা আর জরিমানার ঘনঘটা। দুঃস্বপ্নের অস্ট্রেলিয়া সফরের ব্যর্থতা নিয়ে গড়া তদন্ত কমিটি কাল তাদের চূড়ান্ত রিপোর্ট জমা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ইজাজ বাটের কাছে। সেই রিপোর্টেই দলের তিন ক্রিকেটার কামরান আকমল, উমর আকমল এবং শহীদ আফ্রিদিকে বড় অঙ্কের জরিমানা করার সুপারিশ করা হয়েছে। আর এক বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ করার সুপারিশ করা হয়েছে শোয়েব মালিক এবং বোলার রানা নাভেদকে। প্রথম তিনজনের বিরুদ্ধে অভিযোগ শৃঙ্খলা ভঙ্গের। আর পরের দু’জনের বিরুদ্ধে আরও গুরুতর। দলে বিভেদ, দলাদলি এবং অনৈক্য সৃষ্টি করে পারফরমেন্সে ভরাডুবির অভিযোগ আনা হয়েছে মালিক এবং নাভেদের বিরুদ্ধে। সিদ্ধান্ত নেয়ার ভার এখন বাটের ওপর। তিনি জানিয়েছেন, পাকিস্তান ক্রিকেটের স্বার্থে কঠোর সিদ্ধান্ত নিতে তিনি পিছপা হবেন না। দোষীদের বিরুদ্ধে তিনি যথাযথ ব্যবস্থা নেবেনই। কোনো ছাড় দেবেন না।
যদি তাই হয়, তাহলে বিশ্বকাপ টি-টুয়েন্টির দল গড়া নিয়ে ভীষণ সমস্যায় পড়বে বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান। প্রধান নির্বাচক মোহসিন খানসহ বাকি নির্বাচকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন বাট। সেখানেই তিনি তদন্ত রিপোর্ট প্রকাশ করে নির্বাচকদের বলেন, চিন্তাভাবনা করে চূড়ান্ত দল গড়তে। প্রয়োজনে তরুণ এবং অনভিজ্ঞদের নিয়েও যদি দল গড়তে হয়, সেই অনুমতিও বাট দিয়ে রেখেছেন নির্বাচকদের। কারণ পাকিস্তান ক্রিকেটে একটা নজির দেখাতে চান বাট। তদন্ত কমিটির প্রধান ছিলেন সাবেক উইকেটকিপার ওয়াসিম বারি। তিনি দাবি করেছেন, এই রিপোর্ট একেবারে নিরপেক্ষ এবং বস্তুনিষ্ঠ। অস্ট্রেলিয়া সফরে দলের অধিনায়ক, কোচ, ম্যানেজার এবং আরও কয়েকজনকে জেরা করেই এই রিপোর্ট তৈরি করা হয়েছে। কমিটির সুপারিশ বাস্তবায়নে যাতে কোনো আইনগত সমস্যা না হয়, সেজন্য দায়িত্ব দেয়া হয়েছে পিসিবির লিগাল অ্যাডভাইজার তোফাজ্জল রিজভিকে।
জানা গেছে, সিডনি টেস্টে হারের পর ম্যানেজমেন্ট কামরানকে বসানোর সিদ্ধান্ত নেয়। এতে একরকম বিদ্রোহই করেন তিনি। তার সঙ্গে যোগ দেয় ছোটভাই উমর আকমলও। ইনজুরির দোহাই দিয়ে শেষ টেস্টে না খেলার হুমকি দিয়েছিলেন উমর। হোবার্ট টেস্টে কামরান না খেললেও শেষ পর্যন্ত খেলেন উমর। তদন্ত কমিটি দুই ভাইকে দুই থেকে তিন মিলিয়ন রুপি জরিমানাসহ তাদেরকে নির্দিষ্ট সময়ের জন্য নজরদারিতে রাখার পরামর্শ দিয়েছে। পার্থে শেষ ওয়ানডেতে বল কামড়ে দুই টি-টুয়েন্টি নিষিদ্ধ হওয়া আফ্রিদিকেও সমপরিমাণ জরিমানাসহ তাকে আপাতত নেতৃত্বে না রাখার জন্য সুপারিশ করা হয়েছে। বলা দরকার, আফ্রিদি এখন পাকিস্তান টি-টুয়েন্টি দলের অধিনায়ক।
তবে মালিক এবং নাভেদের বিরুদ্ধে অভিযোগ গুরুতর। অস্ট্রেলিয়া সফরে তাদের বিরুদ্ধে প্রাসাদ ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। যেটি তদন্ত কমিটির সামনে প্রত্যেকেই বলেছে। মোহাম্মদ ইউসুফের নেতৃত্বের বিরুদ্ধে ঘোট পাকানোর মূলেই নাকি ছিলেন মালিক। পুরো দলে তিনি বিভেদ সৃষ্টি করেছেন। তার সঙ্গে ছিলেন রানা নাভেদও। তার বিরুদ্ধে বল টেম্পারিংয়েরও অভিযোগ রয়েছে। পুরো ব্যাপারটি জানার পর চোখ কপালে উঠেছে বাটের। বলেছেন, আমি দোষীদের একটা শিক্ষা দিতে চাই। জানিয়ে দিতে চাই, কেউই দলের জন্য অপরিহার্য নয়।’
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?