Amardesh
আজঃ ঢাকা, বুধবার ১০ মার্চ ২০১০, ২৬ ফাল্গুন ১৪১৬, ২৩ রবিউল আউয়াল ১৪৩১     আপডেট সময়ঃ সময় : রাত ১.৩০টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 কার্টুন
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

কঠিন পরীক্ষা আজ রিয়াল, এসি মিলানের

স্পোর্টস ডেস্ক
গত সপ্তাহটা দুর্দান্ত কেটেছে রিয়াল মাদ্রিদের। বার্সেলোনাকে পেছনে ফেলে তারা উঠে আসে স্প্যানিশ প্রিমেরা লীগার পয়েন্ট তালিকার শীর্ষে। সেই সাফল্য নিশ্চিত আজ বাড়তি অনুপ্রেরণার উত্স হবে রিয়াল মাদ্রিদের জন্য। উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের নকআউট পর্বের প্রথম লেগে ০-১ গোলে হারের পর বেশ কোণঠাসা হয়ে গেছে বিশ্বের সবচেয়ে ধনী এই ক্লাবটি। কোয়ার্টার ফাইনালে উঠতে হলে আজ অলিম্পিক লিঁওকে হারাতেই হবে রিয়ালের। সঙ্গে গোল গড়ে এগিয়ে থাকার কথা মাথায় রাখতে হবে তাদের। একইভাবে চাপে রয়েছে এসি মিলানও। কেননা, ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে সম্মানজনক এই লড়াইয়ের প্রথম লেগে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ২-৩ গোলে হেরেছে তারা। এখন ম্যানইউর মাঠে ম্যানইউকে হারাতে হবে। একইভাবে গোল গড়ের দিকেও দৃষ্টি রাখতে হবে। কেননা, স্যানসিরোতে ৩ গোল দিয়ে এসেছে রেড ডেভিলরা। এখন ওল্ড ট্র্যাফোর্ডে নিজেদের মাঠে ০-১ গোলে হারলেও তারা পেয়ে যাবে শেষ ৮-এর টিকিট।
যেমনটা বলা হচ্ছিল—রিয়ালের সময়টা ভালো কাটছে এখন। আসলেই তাই। মাঠের বাইরে থেকেও খবর এসেছে টানা পঞ্চমবারের মতো তারাই বিশ্বের সবচেয়ে ধনী ফুটবল ক্লাব। তাছাড়া নিজেদের মাঠের রেকর্ডও তাদের বেশ স্বস্তি দিচ্ছে। সান্টিয়াগো বার্নাব্যুতে সর্বশেষ ১৩ ম্যাচে টানা জয় পেয়েছে রিয়াল। আজ এ মাঠেই তাদের প্রতিপক্ষ অলিম্পিক লিঁও। ফরাসি এই ক্লাবের বিপক্ষে ম্যাচটি খেলার আগে ৯ বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের ফুটবলার গুতি বলছিলেন, ‘আমরা এটা ভুলে যাইনি যে, ওদের মাঠে খেলতে গিয়ে আমরা হেরেছিলাম। এখন পরিস্থিতি এমন হয়েছে যে, জিততেই হবে আমাদের। ম্যাচের শুরু থেকেই এ চিন্তা মাথায় রেখে খেলব আমরা। আমরা জানি সমর্থকরা আমাদের দিকে তাকিয়ে।’ রিয়াল মাদ্রিদকে ফেভারিট মেনেই আজ মাঠে নামবে অলিম্পিক লিঁও। দলটির ব্রাজিলিয়ান তারকা ক্রিস বলছিলেন, ‘আমরা জানি ওরা ফেভারিট। কিন্তু প্রথম লেগে ১-০ গোলে জয়ের পর আমাদের সুযোগ আছে। এখন ওদের কোনোরকমে আটকে দিতে পারলেই তো কোয়ার্টার ফাইনালে উঠে যাব আমরা।’ ভুল বলেননি ক্রিস। এ ম্যাচে ড্র করলেই তারা উঠে যাবে শেষ আটে। অন্যদিকে সরাসরি পরের রাউন্ডে উঠতে হলে ন্যূনতম ২-০ গোলের জয় চাই ক্রিশ্চিয়ানো রোনালদো এবং কাকাদের। রিয়ালের ফুটবলাররা প্রস্তুত।
একইভাবে ম্যানচেস্টার ইউনাইটেডও চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার অপেক্ষায়। স্যানসিরোতে ৩-২ গোলে জয়ের পর শেষ আটে এক পা দিয়ে রেখেছেন ওয়েন রুনিরা। আজ কোনোরকমে ড্র কিংবা ০-১ গোলে হারলেও তারা উঠে যাবে পরের রাউন্ডে।
যদিও ম্যানেজার স্যার অ্যালেক্স ফার্গুসন বলছিলেন, ‘না, ড্র নয়। আমরা চাই জিতেই পরের রাউন্ডে উঠতে। সবচেয়ে বড় কথা ম্যাচটি আমরা খেলতে নামব নিজেদের মাঠে। সমর্থকরা নিশ্চিত করেই জয় দেখার অপেক্ষায় আছে।’ ওয়েন রুনি আর পল স্কোলসরাও আরও একটা জয় তুলে নেয়ার অপেক্ষায়।
কিন্তু ওল্ড ট্র্যাফোর্ডে বিনা লড়াইয়ে হারতে রাজি নন রোনালদিনহোরা। প্রথম লেগে গোল করা এসি মিলানের এই প্লেমেকার বলছিলেন, ‘এটা ঠিক, সমীকরণ কঠিন হয়ে গেছে আমাদের জন্য। কিন্তু দেখুন, এসি মিলান এমন এক ক্লাব যারা যে কোনো সময় ঝলসে উঠতে পারে। ওদের মাঠে ওদের জবাব দিতে চাই।’
কথার লড়াইয়ে সবাই সমান। এখন মাঠে চার জায়ান্টের লড়াইয়ে প্রমাণ হবে কারা সেরা!
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?