আইলাদুর্গত শ্যামনগর পরিদর্শনে সুইস রাষ্ট্রদূত : উপকূলীয় জনগণকে সহায়তার আশ্বাস
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত উরস হ্যারেন আইলার আঘাতে লণ্ডভণ্ড হয়ে যাওয়া উপকূলীয় জনপদ শ্যামনগরের পদ্মপুকুর এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি সুইজারল্যান্ড এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কোর্পোরেশনের (এসডিসি) সহযোগিতা ও রূপান্তরের ব্যবস্থাপনায় আইলায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের জন্য ক্যাশ ফর ওয়ার্ক সিএফএল কার্যক্রমের অগ্রগতি প্রত্যক্ষ করেন। সোমবার বেলা ১১টায় সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত উরস হ্যারেন সি-বিমানযোগে খোলপেটুয়া নদীতে অবতরণ করেন। এরপর স্পিড বোডযোগে আইলার আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হওয়া শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন পদ্মপুকুরের গড়কোমরপুর ও পদ্মপুকুর গ্রামে পৌঁছে এসডিসির সুবিধাভোগী শতাধিক নারী ও পুরুষের সঙ্গে কথা বলেন। এ সময় এসডিসির আর্থিক সুবিধা গ্রহণকারীরা প্রাপ্ত টাকা কীভাবে কাজে লাগিয়েছে সে বিষয়ে খোঁজ-খবর নেন। পদ্মপুকুরের এক, চার ও নয় নম্বর ওয়ার্ডের সংশ্লিষ্ট সুবিধাভোগীদের সঙ্গে কথা বলার পর তিনি ক্যাশ ফর ওয়ার্কের আওতায় চলমান গড়ের বন্যাতলায় একটি ৬ হাজার ৩শ’ ফুট দীর্ঘ রাস্তার কাজ পরিদর্শন করেন। বেলা ২টায় তিনি সংক্ষিপ্ত বক্তব্যে জানান, এলাকার মানুষের দুরবস্থা দেখে তিনি নিজেই ব্যথিত। তবে এখানকার মানুষের প্রকৃতির সঙ্গে লড়াই করে বেঁচে থাকার মানসিকতার প্রশংসা করে তিনি বলেন, এসডিসির পক্ষ থেকে রূপান্তরের মাধ্যমে দুর্যোগকবলিত পদ্মপুকুরের তিনটি ওয়ার্ডে যে কাজ চলছে তার স্বচ্ছতা এবং অগ্রগতি নিয়ে তিনি সন্তোষ্ট। সুইস রাষ্ট্রদূতের পদ্মপুকুর এলাকা পরিদর্শনকালে তার সঙ্গে সফরসঙ্গী ছিলেন এসডিসির কার্ল ফ্রেডারিক, ম্যাথিউস, রুলফ, ফ্রাসোয়া প্রমুখ। এর আগে রাষ্ট্রদূতের সম্মানে শুভেচ্ছা বক্তব্য রাখেন পদ্মপুকুর ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন।
এ ছাড়া অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মাওলানা আবদুল বারী, ইউএনও শাব্বীর আহমদ, রূপান্তরের স্বপন গুহ, রফিকুল ইসলাম খোকন প্রমুখ।
এ ছাড়া অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মাওলানা আবদুল বারী, ইউএনও শাব্বীর আহমদ, রূপান্তরের স্বপন গুহ, রফিকুল ইসলাম খোকন প্রমুখ।
-
জাতীয়


সাধারণ বিভাগ
আবহাওয়া


