Amardesh
আজঃ ঢাকা, বৃহস্পতিবার ৪ মার্চ ২০১০, ২০ ফাল্গুন ১৪১৬, ১৭ রবিউল আউয়াল ১৪৩১     আপডেট সময়ঃ সময় : রাত ১.৩০টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 কার্টুন
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

কথিত জয়সে মোহাম্মদ সদস্যদের জিজ্ঞাসাবাদে ভারতীয় গোয়েন্দা!

বিশেষ প্রতিনিধি
পাকিস্তানি জঙ্গি সংগঠন জয়সে মোহাম্মদের সদস্য সন্দেহে গ্রেফতারকৃতদের র্যাবের ইন্টেলিজেন্স উইংয়ে জিজ্ঞাসাবাদ চলছে। এদিকে ভারতের ইংরেজি দৈনিকের বরাতে বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর চাউর হয়, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য ভারতের কাউন্টার ইন্টেলিজেন্স অব ব্যুরো সিআইবির সাত সদস্যের টিম বাংলাদেশে এসেছে। কিন্তু র্যাব বা সরকারের কোনো নীতিনির্ধারক মহল এ তথ্যের সত্যতা নিশ্চিত করেনি।
র্যাবের পরিচালক কমান্ডার এম সোয়াহেল জানান, ভারতের সিআইবির কোনো টিম বা অন্য কোনো গোয়েন্দা সংস্থার টিম বাংলাদেশে আসেনি। তাদের আসার বিষয়ে কোনো ধরনের পরিকল্পনাও নেই। ভারত সরকার বা তাদের কোনো প্রতিনিধি বাংলাদেশে আসার বিষয়ে কোনো ধরনের যোগাযোগও করেনি। বিভিন্ন সংবাদ মাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয়েছে সে সম্পর্কে তার কিছু জানা নেই বলে তিনি দাবি করেন। র্যাব গত রোববার জানায়, ধানমন্ডির সুকন্যা টাওয়ারে গত ২৭ ফেব্রুয়ারি অভিযান চালিয়ে এক পাকিস্তানি নাগরিকসহ সন্দেহজনক জয়সে মোহাম্মদের ৪ কর্মী ও নিউমার্কেট এলাকার একটি আবাসিক হোটেল থেকে আরও একজনকে গ্রেফতারের দাবি করে। গভীর রাতে মহিউদ্দিনের বাসায় অভিযান চালায় র্যাব। ওই বাসা থেকে মহিউদ্দিনের কলেজ পড়ুয়া দুই ছেলে ইমাদ উদ্দিন ওরফে মুন্না (১৬) ও সাদেক হোসেন ওরফে খোকা (১৫) এবং পাকিস্তানি নাগরিক রেজোয়ান আহম্মদকে (২৮) গ্রেফতার করে। মুন্না স্টামফোর্ড কলেজে এবং খোকা ইম্পেরিয়াল কলেজে এইচএসসির ছাত্র। এছাড়াও র্যাব তার ভাতিজা আবু নাসের মুন্সিকে (২৬) গ্রেফতার করে। র্যাব দাবি করে তাদের স্বীকারোক্তি অনুযায়ী নিউমার্কেট এলাকার একটি আবাসিক হোটেল থেকে বেলাল নামে আরও এক কথিত জঙ্গিকে গ্রেফতার করে। এদিকে মহিউদ্দিনের কলেজ পড়ুয়া কিশোর দুই ছেলে ও বেলালকে জয়সে মোহাম্মদের সদস্য বলে প্রচার করা হচ্ছে। বলা হচ্ছে, ১৯৯৯ সালে নেপালের কাঠমান্ডুতে ভারতীয় বিমান ছিনতাইয়ে বেলাল জড়িত ছিল। ওই ঘটনায় বেলাল ১০ বছর ভারতের জেলে ছিল। তবে র্যাব বিমান ছিনতাই করার এ দাবির পক্ষে কোনো তথ্য-প্রমাণ উপস্থাপন করতে পারেনি।
ওদিকে ভারতীয় ইংরেজি দৈনিক প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার অনলাইন ভার্সনের বরাত দিয়ে শীর্ষ নিউজ জানিয়েছে, সিআইবির ৭ সদস্য বাংলাদেশে এসেছে। তারা র্যাব হেফাজতে থাকা গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করবে। যদিও র্যাব কর্তৃপক্ষ এর সত্যতা অস্বীকার করেছেন। ভারতীয় সংবাদমাধ্যমের সংবাদ যদি সত্য হয় তাহলে বাংলাদেশের কোনো নাগরিককে গোয়েন্দা হেফাজতে বিদেশি ইন্টেলিজেন্স উইংয়ের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের ঘটনা সম্ভবত এটাই প্রথম। জনশ্রুতি রয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থার দেয়া তথ্যমতেই র্যাব তাদের গ্রেফতার করেছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে র্যাব।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?