Amardesh
আজঃ ঢাকা, বৃহস্পতিবার ৪ মার্চ ২০১০, ২০ ফাল্গুন ১৪১৬, ১৭ রবিউল আউয়াল ১৪৩১     আপডেট সময়ঃ সময় : রাত ১.৩০টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 কার্টুন
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

সচিবালয়ে প্রশাসনিক কর্মকর্তাদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার
সচিবালয়ে গতকাল প্রশাসনিক কর্মকর্তা (এও) এবং ব্যক্তিগত কর্মকর্তারা (পিও) বিক্ষোভ করেছেন। জাতীয় বেতন স্কেল-২০০৯-এ দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তাদের জন্য করা উচ্চতর বেতন স্কেল (টাইম স্কেল) ও সিলেকশন গ্রেড স্কেলের বিধান অর্থ মন্ত্রণালয়ের রহিত করার উদ্যোগের প্রতিবাদে সচিবালয়ে কর্মরত এও/পিওরা ক্ষোভে ফেটে পড়েন। দুপুরে সত্তর/আশিজন এও এবং পিও একত্রিত হয়ে দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তাদের জন্য নির্ধারিত টাইম স্কেল ও সিলেকশন গ্রেড স্কেল পরিবর্তনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফজলে কবিরের সঙ্গে দেখা করে কড়া প্রতিবাদ জানান। তারা সাফ জানিয়ে দেন, জাতীয় বেতন স্কেল-২০০৯-এ দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তাদের জন্য উচ্চতর বেতন স্কেল (টাইম স্কেল) ও সিলেকশন গ্রেড স্কেলের যে বিধান করা হয়েছে, তার কোনো পরিবর্তন তারা মেনে নেবেন না।
বিক্ষোভকারীরা জানান, জাতীয় বেতন স্কেল-২০০৯-এ বলা হয়েছে, ‘দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তাগণ তাহাদের একই অথবা সমপর্যায়ের সমস্কেলে পরস্পর বদলিযোগ্য পদে ৮ ও ১২ বছর চাকরি পূর্তির পর এবং তাহাদের চাকরির সন্তোষজনক রেকর্ডের ভিত্তিতে এতদসংক্রান্ত প্রচলিত শর্তাদি পূরণ সাপেক্ষে ১ম ও ২য় পরবর্তী উচ্চতর বেতন স্কেল, উচ্চতর স্কেলে (টাইম স্কেল) হিসাবে প্রাপ্য হইবেন। এই সুবিধা ১ জুলাই ২০০৯ তারিখ হইতে প্রদেয় হইবে; তবে ১ জুলাই ২০০৯ তারিখের পূর্বের চাকরির মেয়াদ শুধুমাত্র বেতন নির্ধারণী ক্ষেত্রে প্রযোজ্য হইবে এবং এই বাবদ কোনো বকেয়া আর্থিক সুবিধা প্রাপ্য হইবেন না।’ এখানে স্পষ্ট বলা হয়েছে, ৮ বছর ও ১২ বছর চাকরির পর দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তারা দুটি টাইম স্কেল প্রাপ্য হবেন। ২ ডিসেম্বর ২০০৯ তারিখে এ সংক্রান্ত গেজেট প্রকাশিত হয়েছে।
এদিকে গত ১৬ ফেব্রুয়ারি অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফজলে কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় সিদ্ধান্ত নেয়া হয়, টাইম স্কেল প্রদানের ক্ষেত্রে দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তাদের চাকরিকাল গণনা করা হবে ১ জুলাই ২০০৯ তারিখ থেকে। এ সিদ্ধান্ত কার্যকর হলে যারা ১ জুলাই ২০০৯ তারিখের আগে চাকরিতে যোগ দিয়েছেন, তারা আগের চাকরির মেয়াদকালের কোনো সুবিধা পাবেন না। এ খবর ছড়িয়ে পড়লে সারাদেশে দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তাদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়। সচিবালয়ে কর্মরত দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তারা (এও-পিও) সংগঠিত হয়ে ছুটে যান সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে। পৌনে এক ঘণ্টা তারা এ বিষয়ে কথা বলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফজলে কবিরের সঙ্গে। এ সময় প্রায় ৮০ প্রশাসনিক ও ব্যক্তিগত কর্মকর্তা সেখানে অবস্থান নেন।
বৈঠক শেষে এও-পিও লিয়াজোঁ কমিটির কর্মকর্তারা জানান, অতিরিক্ত সচিব ফজলে কবির তাদের আশ্বস্ত করেছেন, তাদের সঙ্গে আলোচনা ছাড়া এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেবেন না।
লিয়াজোঁ কমিটির কর্মকর্তারা আমার দেশকে বলেন, ক্যাবিনেটের সিদ্ধান্ত পরিবর্তনের কোনো এখতিয়ার অর্থ মন্ত্রণালয়ের নেই। অর্থ মন্ত্রণালয় জাতীয় বেতন স্কেল ২০০৯ পরিবর্তন করে দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তাদের চাকরিকাল ১ জুলাই ২০০৯ তারিখ থেকে গণনার সিদ্ধান্ত নিলে লক্ষাধিক কর্মকর্তা ক্ষতিগ্রস্ত হবেন।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?