নির্ধারিত প্রশ্নে পরীক্ষা না নেয়ায় চৌগাছায় শিক্ষা কর্মকর্তাসহ চারজনকে অব্যাহতি
যশোর অফিস
চৌগাছায় এসএসসি বাংলা প্রথম পত্র পরীক্ষায় নির্ধারিত প্রশ্নে পরীক্ষা না নেয়ায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ চারজনকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। এ বছর যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা ‘খ’ সেটের প্রশ্নপত্রে নেয়ার সিদ্ধান্ত থাকলেও চৌগাছা ছারা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রের সচিব লুত্ফুন্নাহার মোয়াজ্জেদা ভুল করে ২৪৯ পরীক্ষার্থীকে ‘ক’ সেটের প্রশ্নপত্রে পরীক্ষা নেন। বিষয়টি বুঝতে পেরে কেন্দ্র সচিবসহ সংশ্লিষ্টরা যশোর শিক্ষাবোর্ডে গিয়ে বিষয়টি গোপনে সমাধানের চেষ্টা চালান। এ সময় যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক রবিউল ইসলাম জেলা প্রশাসক মহিবুল হককে বিষয়টি অবহিত করেন। জেলা প্রশাসক মহিবুল হক তত্ক্ষণাত্ চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেনকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। জেলা প্রশাসকের নির্দেশ পেয়ে বৃহস্পতিবার রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখিত এক আদেশে দায়িত্বে অবহেলার অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল আলম, কেন্দ্র সচিব ছারা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লুত্ফুন্নাহার মোয়াজ্জেদা, সহকারী কেন্দ্র সচিব পুড়াহুদা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম এবং সদস্য ছারা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসুম কবিরকে পরীক্ষা সংক্রান্ত সব দায়িত্ব থেকে অব্যাহতি দেন। তাদের স্থলে উপজেলার মুক্তিঘর শহীদ স্মরণি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনুর রহমানকে কেন্দ্র সচিব ও চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল আহমেদকে সহকারী কেন্দ্র সচিবের দায়িত্ব দেয়া হয়েছে। এদিকে নির্ধারিত প্রশ্নে পরীক্ষা না নেয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে পরীক্ষার্থী ও অভিভাবকরা। বেশ ক’জন অভিভাবক জানান, যাদের দায়িত্ব-অবহেলার কারণে পরীক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের উপযুক্ত শাস্তি হওয়া উচিত। ক্ষুব্ধ পরীক্ষার্থীরা জানায়, ‘ক’ সেটের বদলে ‘খ’ সেটের প্রশ্নে পরীক্ষা দিতে পারলে আমাদের পরীক্ষার ফলাফল আরও ভালো হতো।
-
জাতীয়


সাধারণ বিভাগ
আবহাওয়া


