Amardesh
আজঃ ঢাকা, মঙ্গলবার ৯ ফেব্রুয়ারি ২০১০, ২৭ মাঘ ১৪১৬, ২৩ সফর ১৪৩১     আপডেট সময়ঃ সময় : রাত ১.৩০টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 কার্টুন
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --

অতিদরিদ্রদের জন্য চালের দাম কমছে না : খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাব নাকচ

স্টাফ রিপোর্টার
হতদরিদ্রদের কাছে কম দামে চাল বিতরণের ঢাকঢোল পেটানো হলেও শেষ পর্যন্ত খোলা বাজারের (ওএমএস) দামেই তাদের চাল কিনতে হবে। গতকাল খাদ্য পরিধান কমিটির সভায় হতদরিদ্রদের জন্য সহনীয় মূল্যে মোটা চাল বিক্রির ব্যাপারে খাদ্য মন্ত্রণালয়ের দেয়া প্রস্তাব নাকচ হয়ে যাওয়ায় হতদরিদ্ররা কম দামে চাল কেনার সুযোগ পাচ্ছে না। ওএমএসের ২২ টাকা দরেই তাদের চাল কিনতে হবে।
খাদ্য মন্ত্রণালয় সূত্র জানায়, চালের দাম অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় খাদ্য মন্ত্রণালয় অতি দরিদ্রদের মাঝে ওএমএসের চেয়ে কম দামে চাল বিক্রির সিদ্ধান্ত নেয়। খাদ্যমন্ত্রী মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে বৈঠক করে দাম ঠিক করেন ওএমএসের চেয়ে চার টাকা কম অর্থাত্ ১৮ টাকা । গতকাল খাদ্য পরিধান কমিটির সভায় খাদ্যমন্ত্রী ড. আবদুর রাজ্জাক এ প্রস্তাব উত্থাপন করার সঙ্গে সঙ্গেই এটি নাকচ করে দেন অর্থমন্ত্রী ও কৃষিমন্ত্রী। দ্বিমত পোষন করে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী সভায় জানান, চালের দাম কমানো হলে কৃষকরা উত্পাদনে নিরুত্সাহিত হবে। এতে কৃষি উত্পাদন কমে যাবে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও হতদরিদ্রদের জন্য মোটা চালের দাম কমানোর প্রস্তাবের বিরোধিতা করে বলেন, অর্থ মন্ত্রণালয়ের পক্ষে চালের জন্য আর ভর্তুকি দেয়া সম্ভব হবে না। শেষ পর্যন্ত হতদরিদ্রদের জন্য কম দামে চাল বিক্রির সিদ্ধান্ত কার্যকর হলো না।
তবে সভায় ২৪ লাখ ৭০ হাজার কার্ডের মাধ্যমে সারাদেশে আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে ২২ টাকা কেজি দরে চাল বিক্রির সিদ্ধান্ত হয়। এর মধ্যে ঢাকা শহরে ৯ লাখ, বিভাগীয় শহরের প্রতি ওয়ার্ডে ৫ হাজার এবং প্রতি জেলা শহরে ১০ হাজার কার্ড দেয়া হবে। এই কর্মসূচির মাধ্যমে আগামী ৩ মাসে দেড় লাখ মেট্রিক টন চাল সরবরাহ করা হবে। বৈঠক শেষে খাদ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, আগামী ২১ ফেব্রুয়ারির মধ্যে এসব কার্ড বিলি শেষ হবে। প্রতি পরিবার একটি করে কার্ড পাবে। প্রত্যেক কার্ডধারী প্রতিমাসে ২০ কেজি করে চাল তুলতে পারবে। প্রতিকেজি চালের দাম নির্ধারণ করা হয়েছে ২২ টাকা। স্থানীয় সংসদ সদস্যদের মাধ্যমে হতদরিদ্রদের তালিকা তৈরি করা হবে।
যার কোনো নির্দিষ্ট আয় নেই তিনিই কার্ড পাওয়ার যোগ্য হবেন। তাকে এলাকার স্থায়ী বাসিন্দা এবং জাতীয় পরিচয়পত্রধারী হতে হবে। পরিবারের প্রধান মহিলা হলে অগ্রাধিকার দেয়া হবে।
এক প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী বলেন, ওএমএস চালু থাকবে।
চালের দাম কমানোর কোনো সিদ্ধান্ত আছে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, আজকের সভায় সিদ্ধান্ত হয়েছে দাম কমবে না।
কার্ড বিতরণের ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব পড়বে কিনা এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, খাদ্য নিয়েও রাজনীতি হয়। তবে খাদ্য মন্ত্রণালয় এ ব্যাপারে মনিটরিং করবে।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?