১১ সেপ্টেম্বরের হামলা : পরিকল্পনাকারীদের বিচারের বিষয়টি জটিল : ওবামা
রয়টার্স
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, যুক্তরাষ্ট্রে ১১ সেপ্টেম্বরের ভয়াবহ হামলার সন্দেহভাজন পরিকল্পনাকারীর বিচার নিউইয়র্কে করার বিষয়টি তিনি নাকচ করছেন না। তবে নানা বাস্তবতা ও দেশের ভেতর থেকেই বিরোধিতা এ বিষয়টিকে জটিল করে তুলেছে। তিনি রোববার ওয়াশিংটনে এ কথা বলেন। কিউবায় গুয়ান্তানামো কারাগারে বন্দি খালিদ শেখ মোহাম্মদ যুক্তরাষ্ট্রে ১১ সেপ্টেম্বরের আত্মঘাতী হামলা এবং ইন্দোনেশিয়া, কেনিয়া ও অন্যান্য স্থানে হামলার পরিকল্পনার দায়িত্ব স্বীকার করেছেন। মার্কিন অ্যাটর্নি জেনারেল এরিক হোলডার গত নভেম্বরে এক ঘোষণায় বলেন, বিচার বিভাগ খালিদ শেখ মোহাম্মদ এবং আরও চার সন্দেহভাজনের বিচার নিউইয়র্কে করার সিদ্ধান্ত নিয়েছে। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আত্মঘাতী হামলায় নিউইয়র্কের টুইন টাওয়ার ধ্বংস হয়ে যায়। এ হামলার ঘটনায় প্রায় তিন হাজার লোক প্রাণ হারায়। হামলার পরিকল্পনাকারীদের বিচার মার্কিন ফেডারেল আদালতে করার পরিকল্পনা করা হয়। কিন্তু মার্কিন কর্মকর্তারা উচ্চপর্যায়ের নিরাপত্তা ও ঝুঁকির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে এর জোর বিরোধিতা করেন। মার্কিন কর্তৃপক্ষ বিষয়টি পুনরায় বিবেচনার কথা ভাবছে। বারাক ওবামা রোববার সিবিএস নিউজের সঙ্গে এক সাক্ষাত্কার দেন।
-
আন্তর্জাতিক


সাধারণ বিভাগ
আবহাওয়া


