Amardesh
আজঃ ঢাকা, সোমবার ১১ জানুয়ারি ২০১০, ২৮ পৌষ ১৪১৬, ২৪ মহররম ১৪৩১     আপডেট সময়ঃ সময় : রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

সানি হত্যা : ছাত্রলীগের চার নেতাকর্মী ৫ দিনের রিমান্ডে

রাজশাহী অফিস
রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রলীগের হামলায় ছাত্রমৈত্রী নেতা রেজওয়ানুল ইসলাম সানি নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় চার ছাত্রলীগ কর্মীকে ৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল দুপুরে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করে সাত দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক আমিরুল ইসলাম এ রিমান্ড মঞ্জুর করেন।
আসামিরা পলিটেকনিক ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মানিক ও শরিফুল ইসলাম এবং সদস্য নাহিদ সারোয়ার ও নাজমুল হুদা নবীন। এ মামলার অপর ৬ আসামি পলিটেকনিক ছাত্রলীগের সভাপতি নিজাম, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন তুষার, সদস্য রহিম উদ্দিন, রকুন উদ্দিন, আবদুল মতিন ও মাসুম পলাতক রয়েছে।
নিহত সানির বাবা মনোয়ারুল ইসলাম বাদী হয়ে গত ৮ জানুয়ারি বোয়ালিয়া থানায় পলিটেকনিক শাখা ছাত্রলীগের সভাপতি নিজামসহ ১০ জনকে আসামি করে মামলা করেন। ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে ৭ দিনের রিমান্ডের আবেদন করে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠায় বোয়ালিয়া থানা পুলিশ। গতকালই তাদের রিমান্ডে নেয়া হয় বলে জানা গেছে।
নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন জানান, আসামিদের গতকাল থেকেই জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে।
উল্লেখ্য, গত ৭ জানুয়ারি বেলা সাড়ে ১১টায় রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রলীগের হামলায় ছাত্রমৈত্রী নেতা সানিসহ আরও দুজন গুরুতর আহত হয়। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্রমৈত্রীর সহ-সভাপতি রেজওয়ানুল ইসলাম সানি মারা যায়।
এদিকে ওইদিন হামলায় গুরুতর আহত অপর ছাত্রমৈত্রী নেতা শেরাফত হোসেন বুলবুলের এখনও জ্ঞান ফেরেনি। ঢাকা মেট্রোপলিটন হাসপাতালে শেরাফত বুলবুলের তৃতীয় দফা অস্ত্রোপচার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
অপরদিকে সানি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবিতে গতকাল নগরীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রমৈত্রী। এছাড়া পূর্ব-কর্মসূচি অনুযায়ী রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কালো ব্যাজ ধারণ করে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে।
আমাদের রাবি প্রতিনিধি জানান, সানির হত্যাকারীদের বিচারের দাবিতে রাবি শাখা ছাত্রমৈত্রী গতকাল ক্যাম্পাসের সামনে বিক্ষোভ মিছিল করে।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?