Amardesh
আজঃ ঢাকা, সোমবার ১১ জানুয়ারি ২০১০, ২৮ পৌষ ১৪১৬, ২৪ মহররম ১৪৩১     আপডেট সময়ঃ সময় : রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

মোশাররফ ও অনুপ চেটিয়ার বৈঠক বিতর্ক : প্রমাণ ছাড়া বলিনি : আশরাফ : প্রমাণ প্রকাশ করুন : দেলোয়ার

স্টাফ রিপোর্টার
চারদলীয় জোট সরকারের আমলে ঢাকায় পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ ও ভারতের বিচ্ছিন্নতাবাদী নেতা অনুপ চেটিয়ার মধ্যে বৈঠকের অভিযোগ নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে বিতর্ক শুরু হয়েছে। বৈঠকের প্রমাণ নিয়ে দুই দলের মধ্যে চলছে পাল্টা-পাল্টি বক্তব্য। সরকারের কাছে প্রমাণ রয়েছে—আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্যের কড়া জবাব দিয়ে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বৈঠকের এ তথ্য-প্রমাণ জাতির সামনে তুলে ধরার দাবি জানিয়েছেন।
সরকারের স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলছেন, এ বিষয়ে সরকারের কাছে যথেষ্ট তথ্য-প্রমাণ রয়েছে। তথ্য-প্রমাণ ছাড়া আমরা এ ধরনের কথা বলিনি। অন্যদিকে এর জবাবে বিএনপি মহাসচিব খোন্দ-কার দেলোয়ার হোসেন বলেন, পাকিস্তানের সঙ্গে জোট সরকারের সুসম্পর্ক প্রমাণ করতে আওয়ামী লীগ এ ধরনের ভিত্তিহীন দাবি করছে। এটা একটি অসত্য অভিযোগ। এ বিষয়ে কোনো তথ্য-প্রমাণ থাকলে তা জাতির সামনে উপস্থাপন করুন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ বঙ্গবন্ধুর মাজারে এবং বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার শহীদ জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
প্রসঙ্গত, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ শুক্রবার এক অনুষ্ঠানে বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকতে পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের বাংলাদেশ সফরকালে কারাবন্দি উলফা নেতা অনুপ চেটিয়ার সঙ্গে বৈঠকের ব্যবস্থা করিয়ে দেয়া হয়েছিল বলে অভিযোগ করেন। পরদিন এক প্রতিক্রিয়ায় আশরাফের ওই বক্তব্যকে ‘দায়িত্বজ্ঞানহীন’ মন্তব্য করে বিএনপি মহাসচিব বৈঠক হলে তার প্রমাণ জনসম্মুখে প্রকাশ করতে বলেন।
স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গতকাল সকালে বঙ্গবন্ধুর মাজারে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ আবার তার বক্তব্যের পক্ষে দৃঢ় অবস্থান নিয়ে এ বিষয়ে সরকারের হাতে যথেষ্ট তথ্য-প্রমাণ রয়েছে বলে দাবি করেন। এদিকে সাংবাদিকদের কাছে তিনি আরও বলেন, একটি মহল বঙ্গবন্ধু হত্যা মামলার রায় বাস্তবায়নের বিরোধিতা করছে। ১৯৭২ সালের ১০ জানুয়ারি, আজকের এই দিনে স্বাধীনতার প্রকৃত স্বাদ পেয়েছিল সমগ্র জাতি। আর এ কারণে পুরো জাতি বঙ্গবন্ধু হত্যা মামলার রায়ের বাস্তবায়ন দেখতে চায়। তবে প্রভাবশালী একটি মহল এ রায় মেনে নিতে পারছে না। রায় ঘোষণা হওয়ায় বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি। তার নীরবতায় প্রমাণ হয় তিনি এই রায়ের পক্ষে রয়েছেন। তবে আওয়ামী লীগ আশা করে একদিন খালেদা জিয়াও এ রায়ের পক্ষে কথা বলবেন।
অনুপ চেটিয়ার সঙ্গে পারভেজ মোশাররফের বৈঠকের অভিযোগের বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার বলেন, মোশাররফ ও অনুপ চেটিয়ার বৈঠকটি অসত্য, ভিত্তিহীন ও বানোয়াট। জোট সরকারের সঙ্গে পাকিস্তানের সুসম্পর্ক প্রমাণ করতে তারা এ ধরনের অভিযোগ আনছেন। কোনো ধরনের তথ্য থাকলে তিনি তা জনগণের সামনে উপস্থাপনের দাবি জানান। এদিকে বঙ্গবন্ধু হত্যার রায়ের প্রশ্নে তিনি বলেন, সর্বোচ্চ আদালতের রায় নিয়ে কোনো কথা না বলাই শ্রেয়। এজন্য বিরোধীদলীয় নেত্রী এ বিষয়ে কোনো কথা বলছেন না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সফলতা আশা করে খোন্দকার দেলোয়ার বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরে জাতির প্রত্যাশা অনেক। তিনি যদি জাতির এ প্রত্যাশা পূরণে ব্যর্থ হন, তাহলে দেশ আরও গভীর সঙ্কটে পড়বে।
তিস্তা ও ফারাক্কা বাঁধসহ বিভিন্ন চুক্তিতে বাংলাদেশ যে সমস্যায় রয়েছে, শেখ হাসিনার ভারত সফরের মাধ্যমে এ সমস্যার সমাধান হবে বলে আমরা আশা করি। তিনি বলেন, সমস্যার সমাধান না করে উল্টো টিপাইমুখ বাঁধ দিয়ে ফারাক্কার মতো আরেকটি সমস্যার সৃষ্টি হোক সেটা দেশের জনগণ চায় না। সরকারের ভারত সফর কোনোভাবে যদি ব্যর্থ হয় তাহলে বিরোধী দল হিসেবে যা করার আমরা করব।
বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার ছাত্রদলের নবগঠিত কমিটিকে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করতে যান। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশ ও জাতি গঠনে ছাত্রদল নেতাকর্মীদের আরও সুসংগঠিত হতে নতুন নেতৃত্বকে শপথবাক্য পাঠ করান বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, সহধর্ম সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, সদস্য মোস্তফা খান সফরী, ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম আলিম, সিনিয়র সহ-সভাপতি শহীদুল ইসলাম বাবুল প্রমুখ।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?