Amardesh
আজঃ ঢাকা, সোমবার ১১ জানুয়ারি ২০১০, ২৮ পৌষ ১৪১৬, ২৪ মহররম ১৪৩১     আপডেট সময়ঃ সময় : রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

রিভিউ আবেদন দুই আসামির প্রাণভিক্ষার আবেদন সঠিক নয় : আইনজীবী

স্টাফ রিপোর্টার
সাবেক রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মেজর (অব.) বজলুল হুদা ও মেজর (অব.) এ কে এম মহিউদ্দিন ল্যান্সারের পক্ষে গতকাল রিভিউ আবেদন করা হয়েছে। তাদের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন সুপ্রিমকোর্টের সংশ্লিস্ট শাখায় দুটি পৃথক রিভিউ পিটিশন দাখিল করেছেন।
রিভিউ পিটিশন দাখিলের পর ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন সাংবাদিকদের জানান, রাষ্ট্রপতির কাছে ক্ষমা বা প্রাণভিক্ষা চাওয়ার আবেদনের বিষয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে, সেটা সঠিক নয়। বেআইনিভাবে জোর করে আবেদনে স্বাক্ষর নেয়া হতে পারে। তিনি বলেন, আইন অনুযায়ী পরিবারের সদস্য ও আইনজীবীর উপস্থিতিতে প্রাণভিক্ষার আবেদনে স্বাক্ষর করা হয়। অথচ আসামিদের আত্মীয়স্বজন ও আইনজীবী কেউ এ বিষয়ে কিছুই জানে না। এ ধরনের আবেদন আইনসম্মত নয়, বেআইনি। তিনি বলেন, ১৪ বছর ধরে কনডেম সেলে থাকা আসামিদের কাছ থেকে এ ধরনের আবেদনে কারা কর্তৃপক্ষ প্রতারণার মাধ্যমে স্বাক্ষর নিয়ে থাকতে পারে। তিনি বলেন, প্রাণভিক্ষার আবেদনের যে সংবাদ প্রচারিত হয়েছে সেটা সম্পূর্ণ বেআইনি। কারণ রিভিউ পিটিশনের আগে প্রাণভিক্ষার আবেদনের প্রসঙ্গ আসতেই পারে না। মৃত্যু পরোয়ানা জারির বিষয়েও তিনি প্রশ্ন উত্থাপন করে বলেন, দেশের প্রচলিত আইন অনুযায়ী ঢাকা মহানগর দায়রা জজ মৃত্যু পরোয়ানায় স্বাক্ষর করার কথা। অথচ মৃত্যু পরোয়ানায় স্বাক্ষর করেছেন ঢাকা জেলা দায়রা জজ। এটাও আইনসঙ্গত হয়নি।
এ সময় উপস্থিত বজলুল হুদার বোন এবং এ কে এম মহিউদ্দিনের স্ত্রী সাংবাদিকদের জানান, প্রাণভিক্ষার আবেদনের বিষয়ে তারা কিছুই জানেন না। তারা বলেন, প্রাণভিক্ষার আবেদনের প্রশ্নই আসতে পারে না। তাদের সঙ্গে সর্বশেষ যখন আসামিদের দেখা হয় তখনও আলোচনা এবং সিদ্ধান্ত ছিল আগে রিভিউ পিটিশন হোক। তারপর রিভিউ পিটিশনের রায় দেখে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
এদিকে কারা কর্তৃপক্ষের নেয়া ৩ আসামির প্রাণভিক্ষার আবেদন মতামতের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল বিকালে স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান সিকদার সাংবাদিকদের এ কথা জানান।
স্বরাষ্ট্র সচিব বলেন, দুপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার তৌহিদুল ইসলাম স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তিন আসামির প্রাণভিক্ষার আবেদন হস্তান্তর করেন। এরপর আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুল ইসলাম খান বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্ করেন। এ সময় স্বরাষ্ট্র সচিব সেখানে উপস্থিত ছিলেন। তিনি বলেন, তিনজনের আবেদন আমরা পেয়েছি। আইন মন্ত্রণালয়ের মতামতের পর সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে। প্রধানমন্ত্রীর মাধ্যমে রাষ্ট্রপতির কাছে এ আবেদন যাবে। কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আশরাফুল ইসলাম খান শনিবার সংবাদ সম্মেলনে জানান, বজলুল হুদা, মহিউদ্দিন আহমেদ ও একেএম মহিউদ্দিন রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেছেন। অন্য দু’জন সৈয়দ ফারুক রহমান ও সুলতান শাহরিয়ার রশীদ খান প্রাণভিক্ষার আবেদন করেননি। তবে এ দু’জন কারা কর্তৃপক্ষকে জানিয়েছেন, তাদের আইনজীবীরা সুপ্রিমকোর্টের রায় রিভিউর জন্য আবেদন করবেন। তাদের আইনজীবী খান সাইফুর রহমান ও আবদুর রেজ্জাক খান জানিয়েছেন, রিভিউ পিটিশন করার আরও সময় রয়েছে। তাদের নির্ধারিত ৩০ দিনের মধ্যেই রিভিউ পিটিশন দায়ের করা হবে বলে জানান এই দুই আইনজীবী।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?