Amardesh
আজঃ ঢাকা, সোমবার ১১ জানুয়ারি ২০১০, ২৮ পৌষ ১৪১৬, ২৪ মহররম ১৪৩১     আপডেট সময়ঃ সময় : রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

বাংলাদেশ-ভারত লড়াই আজ : সামনে এগোনোর ম্যাচ

স্পোর্টস রিপোর্টার
মাঠে নামার আগেই যে এই ম্যাচের ফলাফলের চেয়ে আরও বড় একটা ‘ফলাফল’ জেনে গেছে বাংলাদেশ। কাল রাতে ফিরতি পর্বের লড়াইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের জয়ে এই টুর্নামেন্টে বাংলাদেশের সামনে বাড়ার সম্ভাবনা শেষ।
—সামনে বাড়া মানে, ফাইনালে খেলার স্বপ্ন আর কি!
আইডিয়া কাপের ফাইনালের জন্য ভিন্ন ‘আইডিয়া’ কষে লাভ নেই। শ্রীলঙ্কা ও ভারতই লড়ছে ১৩ জানুয়ারির ফাইনালের লড়াইয়ে। তার আগে আজ এ টুর্নামেন্টে বাংলাদেশ নিজেদের শেষ ম্যাচে খেলতে নামছে ভারতের বিপক্ষে।
জিতলেও কোনো লাভ নেই। ফাইনালে দর্শক হয়েই থাকতে হচ্ছে বাংলাদেশকে। এমন ‘লাভহীন’ ম্যাচ খেলতে নামার আগে দুটো সম্ভাবনাই কিলবিল করে।
প্রথমত, অনুপ্রেরণা হারিয়ে বসা। জিতলেও যেহেতু ফাইনালে যাবার সুযোগ নেই, তাই কেন বাপু এত কষ্ট করা!
দ্বিতীয়ত, এমন ম্যাচে তো হারানোর কিছু নেই। তাই জেতার জন্য ঝাঁপিয়ে পড়া।
আজকের এই ম্যাচকে ঘিরে বাংলাদেশ শিবিরে অবশ্য প্রথম চিন্তাটা কারও মধ্যে নেই। দ্বিতীয় সম্ভাবনা নিয়েই চলছে যত অঙ্ক কষা।
ম্যাচের ফেভারিট খোঁজার অনেক নিক্তি থাকে। আজকের ম্যাচে তেমনই একটি নিক্তিতে রেখে হিসাব মেলালে ফেভারিটের পাল্লা কিন্তু বাংলাদেশের পক্ষেই একটু বেশি হেলছে।
—কি, হাসছেন এই সমর্থন দেখে?
ক্রিকেটীয় সূত্রই কিন্তু বাংলাদেশকে আজ একটু এগিয়ে থাকার সুযোগ করে দিচ্ছে। কাল শ্রীলঙ্কাকে হারিয়ে ভারত আজ লীগ পর্বের শেষ ম্যাচে শীর্ষ খেলোয়াড়দের বিশ্রাম দিতেই পারে। কাল শ্রীলঙ্কার বিপক্ষে এত গুরুত্বপূর্ণ ম্যাচে শেবাগ, হরভজন সিং ও আশীষ নেহরাকে বিশ্রামে রেখেই মাঠে নামে ভারত। আজ বাংলাদেশের বিপক্ষেও তাদের বিশ্রাম যদি বেড়ে যায়, তাতে অবাক হওয়ার কিছু নেই। ফাইনালের আগে ইনজুরি এড়াতেই হয়তোবা এই কৌশল নিতে পারে ভারত। শুধু সেটাই নয়, এই ম্যাচে হার-জিত তাদের ফাইনাল আটকে রাখতে পারছে না, এই সহজ চিন্তাটা নিয়েই আজ খেলছে ভারত। এখন বাংলাদেশ যদি সে সুযোগটা কাজে লাগাতে পারে!
তবে ভারত আজকের ম্যাচ পিকনিক মেজাজে খেলবে। অথবা বাংলাদেশকেই ম্যাচের সম্ভাব্য জয়ী দল ভেবে বাজির দর চড়া হচ্ছে—এমনতর সরল চিন্তা নিয়ে এই ম্যাচের হিসাব যারা কষছেন, তাদের জন্য ১১ জানুয়ারিটা অনেক বড় ভুল প্রমাণের তারিখ হতে পারে!
ম্যাচ যেমনই হোক বা যে পর্যায়েরই, জয়টাই তো আসল। কাল সকালে মিরপুরের ইনডোরে অনুশীলন শেষে সে কথাই বলছিলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান—‘ইচ্ছে থাকবে জেতার। পেছনের ম্যাচগুলোতে যতটা ভালো ক্রিকেট খেলেছি, এর চেয়ে খারাপ যেন আজ না হয়। উন্নতির জায়গার তো অভাব নেই। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং সব জায়গায় উন্নতির জায়গা আছে।’
টুর্নামেন্টের ফাইনালে খেলার স্বপ্ন শেষ। পেছনের তিন ম্যাচেই হার। ব্যাট হাতে তিন ইনিংসেই দলীয় রানটা বড় হলেও সার্বিকভাবে নিজেদের খেলা নিয়ে অধিনায়ক কি ভাবছেন? টুর্নামেন্টের শেষ ম্যাচের আগেই শোনা এ প্রশ্নের উত্তরে বললেন—‘আমি খুবই খুশি। মনে হয় না আমরা ভালো ছাড়া খারাপ করছি। প্রতিদিনই উন্নতি করছি।’ উন্নতির ক্ষেত্রটা ঠিক কোথায়, সে ব্যাখ্যায় গেলেন না সাকিব। তবে দলের বোলিংয়ের প্রসঙ্গ উঠতেই অধিনায়ক আড়াল খুঁজলেন—বোলিং নিয়ে কিছু বলব না। দেখি কাল (আজ) আগে বোলিং করে কি হয়? শ্রীলঙ্কার সঙ্গে শেষ ম্যাচে ভালো বোলিং হলে ভালো হতো। ভারত তো খুবই ভালো ব্যাটিং সাইড। ওদের সঙ্গে শুরুতে উইকেট নিতে না পারলে খুব প্রবলেম হবে।’
রাতের শিশিরে বোলিং করতে অসুবিধা হবে জেনেও সাকিব ভারতের বিপক্ষে প্রথম লেগে টসে জিতে ব্যাটিং নিয়েছিলেন। সে ম্যাচে ২৯৬ রান করেও সাকিবকে সমালোচনা শুনতে হয়েছিল এই সিদ্ধান্তের জন্য। আসলে আগে ব্যাটিং করে ভারত যদি পর্বতসম কোনো টার্গেট দাঁড় করিয়ে ফেলতে পারে—এ আশঙ্কায় সাকিব আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। রাতের শিশির ভেজা বলে বোলিং করার কষ্টের চেয়েও স্কোরবোর্ডে ভারতের বিশাল রানের বহর দেখাটা বাংলাদেশ দলের হতো বড় যন্ত্রণার নাম! আর তাই সাকিব শুরুতে ভারতকে ব্যাটিং করার সুযোগ দেননি। তবে আজ নিজের সেই সিদ্ধান্ত থেকে সরে আসছেন বাংলাদেশ অধিনায়ক। আজ সাকিব দিনের ভাগে বোলিং করতে চান। ভারতের লম্বা ব্যাটিং লাইনআপকে আটকাতে তার দলের বোলাররা কতটুক প্রস্তুত—সে পরীক্ষাটাও হয়ে যাবে—‘দেখি বোলাররা কি অবস্থায় আছে। তবে সেই সুযোগটা নেয়ার জন্য তো আগে টসে জিততে হবে।’
টুর্নামেন্টে আজ নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ পরীক্ষা-নিরীক্ষা যা করার, তা করছে শুধু বোলিং লাইনআপ নিয়েই। সাকিব এ বিষয়ে জানালেন—‘দলের ব্যাটিং নিয়ে আমি খুশি। যা হচ্ছে খুব ভালো হচ্ছে। আশা করি এটা ধরে রাখতে পারব। এ ম্যাচের জন্য সেরা একাদশ এখনও আমরা চূড়ান্ত করিনি। তবে আপাতত এটুকু বলতে পারি—দলে একটা বদল হতে পারে এবং সেই পরিবর্তনটা হবে পেস বোলিংয়ে।’
রুবেলের বদলে শাহাদাত—আজকের ম্যাচের সেরা একাদশ সাজাতে কাল রাতে টিম ম্যানেজমেন্টের বৈঠকে এ ভাবনাই বেশি অগ্রাধিকার পাচ্ছিল।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?