Amardesh
আজঃ ঢাকা, শনিবার ০২ জানুয়ারি ২০১০, ১৯ পৌষ ১৪১৬, ১৫ মহররম ১৪৩০     আপডেট সময়ঃ সময় : রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 জব সার্চ
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 বিশেষ বিভাগ
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

চট্টগ্রামে আজ আইইবি কনভেনশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : খালেদা জিয়ার উপস্থিতি অনিশ্চিত

চট্টগ্রাম ব্যুরো
দেশের প্রফেশনাল ইঞ্জিনিয়ারদের প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশের (আইইবি) ৫১তম কনভেনশন আজ চট্টগ্রাম কেন্দ্রে শুরু হচ্ছে। সকাল সাড়ে ১০টায় তিন দিনব্যাপী এই কনভেনশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী সোমবার সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে বিরোধীদলীয় নেত্রী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপস্থিত থাকার কথা থাকলেও তিনি আসবেন কিনা তা গতকাল পর্যন্ত নিশ্চিত করতে পারেননি আইইবি কর্মকর্তারা।
আইইবি’র প্রেসিডেন্ট অধ্যাপক ড. এসএম নজরুল ইসলাম গতকাল সাংবাদিকদের বলেন, আমি বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার সঙ্গে দেখা করে সোমবারের অনুষ্ঠানের কথা স্মরণ করিয়ে দিয়েছি। তবে ওইদিন তার অন্য একটি অনুষ্ঠান রয়েছে বলে তিনি আমাকে জানান। এরপর আমি বিরোধীদলীয় নেত্রীকে এর একদিন আগে বা পরে হলেও সমাপনী অনুষ্ঠানে অংশ নেয়ার অনুরোধ করি। গতকাল দুপুর পর্যন্ত এ ব্যাপারে বিরোধীদলীয় নেত্রীর কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি বলে ড. এসএম নজরুল ইসলাম জানান।
ওদিকে কনভেনশন উপলক্ষে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন ও আশপাশের এলাকা নতুনভাবে সাজানো হয়েছে। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে চট্টগ্রামে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। রাস্তায় রাস্তায় টহল দিচ্ছে র্যাব ও পুলিশ। বসানো হয়েছে প্রায় ৩০টি অতিরিক্ত চেকপোস্ট।
কনভেনশন উপলক্ষে গতকাল আইইবি চট্টগ্রাম কেন্দ্রের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রথা অনুযায়ী আইইবি’র কনভেনশন এক বছর ঢাকায় হলে অন্য বছর ঢাকার বাইরে আয়োজন করা হয়ে থাকে। সে কারণে এবার চট্টগ্রামে এই কনভেনশন হচ্ছে। এর আগে ৪৭তম কনভেনশন হয়েছিল চট্টগ্রামে।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, এই কনভেনশনে আইইবি’র ৩০ হাজার সদস্যের মধ্যে ৩ হাজারেরও বেশি সদস্য অংশ নেবেন। এছাড়া অন্য ৪টি দেশের ৩০ জন ইঞ্জিনিয়ারেরও এতে অংশ নেয়ার কথা রয়েছে। এবারের কনভেনশনের প্রতিপাদ্য হলো—সাসটেইনেবল টেকনোলজি ফর ডিজিটাল বাংলাদেশ। কনভেনশনে একটি জাতীয় সেমিনার, একটি আন্তর্জাতিক সেমিনার ও ৩টি স্মারক বক্তৃতায় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ৫ জন মন্ত্রী এবং ৩ জন উপমন্ত্রী।
এছাড়া বিভিন্ন সেশনে উপস্থাপিত হবে ১৬টি কারিগরি প্রবন্ধ। স্মারক বক্তৃতায় আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্র হিসেবে বিদ্যুত্, পানিবণ্টন ও সড়ক যোগাযোগের ওপর গুরুত্ব দেয়া হবে।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, দেশের ইঞ্জিনিয়ারদের একমাত্র জাতীয় পেশাজীবী প্রতিষ্ঠান আইইবি ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে সারাদেশে এর ১৬টি কেন্দ্র এবং ৩৩টি উপকেন্দ্র রয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন আইইবি’র সাধারণ সম্পাদক মেসবাহুর রহমান টুটুল। উপস্থিত ছিলেন আইইবি’র প্রেসিডেন্ট অধ্যাপক ড. এসএম নজরুল ইসলাম, চট্টগ্রাম কেন্দ্রের প্রেসিডেন্ট দেলোয়ার হোসেন মজুমদার প্রমুখ।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইইবি’র কনভেনশন শেষে বেলা ২টায় নগরীর বহদ্দারহাট এলাকায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) পাঁচটি ফ্লাইওভারের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। মহানগরীর যানজট নিরসনে প্রায় ২৬০ কোটি টাকা ব্যয়ে আগামী ৩ বছরের মধ্যে নগরীর গুরুত্বপূর্ণ জংশন বহদ্দারহাট, মুরাদপুর, জিইসি মোড়, কদমতলী ও ষোলশহর দুই নম্বর গেট এলাকায় এসব ফ্লাইওভারের নির্মাণ কাজ শেষ করা হবে।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?