Amardesh
আজঃ ঢাকা, শনিবার ০২ জানুয়ারি ২০১০, ১৯ পৌষ ১৪১৬, ১৫ মহররম ১৪৩০     আপডেট সময়ঃ সময় : রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 জব সার্চ
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 বিশেষ বিভাগ
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

পটুয়াখালীতে ছাত্রদলের মিছিলে আ’লীগের হামলা : আহত অর্ধশত

বরিশাল অফিস
আওয়ামী নেতাকর্মীদের তাণ্ডবে পটুয়াখালীতে ছাত্রদলের প্রতিষ্ঠা-বার্ষিকীর কর্মসূচি পণ্ড হয়েছে। ছাত্রদলের মিছিলে দফায় দফায় হামলায় মহিলা, পথচারী এবং বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ অর্ধশত আহত হয়েছে। মিছিলে অংশ নেয়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীকে একটি ক্লিনিকে ঘণ্টাব্যাপী অবরুদ্ধ করে রাখা হয়। এ সময় ওই ক্লিনিকটিও ভাংচুর করা হয়। হামলার সময় শহরের একাংশ রীতিমত রণক্ষেত্রে পরিণত হয়। আহতদের ৬ জনকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা শহরের বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিত্সা নিচ্ছে বলে দাবি বিএনপির। এদিকে এ ঘটনার জন্য বিএনপির অভ্যন্তরীণ কোন্দলকে দায়ী করেছেন আ’লীগ নেতারা।
জেলা বিএনপি সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে জেলা ছাত্রদলের বিবদমান ৩ গ্রুপ একই স্থানে একই সময়ে সমাবেশ আহ্বান করে। সব ধরনের সহিংস ঘটনা এড়াতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়। এ ঘোষণায় গতকাল সকাল থেকে রাত ১০টা পর্যন্ত নির্ধারিত পিডিএসএ মাঠ ও তত্সংলগ্ন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়।
এদিকে পূর্বনির্ধারিত পিডিএসএ মাঠে সমাবেশ করার উদ্দেশ্যে জেলা ছাত্রদলের সভাপতি গ্রুপের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে আলতাফ হোসেন চৌধুরীর বাসার সামনে এসে জড়ো হয়। পথিমধ্যে শহরের আদালতপাড়া, শিশুপার্কসহ বিভিন্ন পয়েন্টে সন্ত্রাসীরা হামলা চালিয়ে তাদের খণ্ড খণ্ড মিছিল পণ্ড করে দেয়। এ খবর শহরে ছড়িয়ে পড়লে অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়।
সব প্রতিবন্ধকতা ও বাধা সত্ত্বেও আলতাফ হোসেন চৌধুরীর বাসা ও তত্সংলগ্ন এলাকায় ছাত্রদলের নেতাকর্মীরা জড়ো হন। বেলা পৌনে ১২টায় আলতাফ হোসেন চৌধুরীর বাসা থেকে তার নেতৃত্বে জেলা ছাত্রদলের মিছিলটি বের হয়। মিছিলটি বায়তুল আমান সড়কে পৌঁছামাত্র আওয়ামী লীগের নেতাকর্মীরা রামদা, বগি, হকিস্টিক ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়। মিছিলের সামনে থাকা মহিলা দলের নেতারা হামলাকারীদের রোষানলে পড়েন। হামলাকারীরা তাদের পিটিয়ে গুরুতর আহত করে। একপর্যায়ে মহিলা নেতারা দৌড়ে আবু মিয়া সরকারি শিশু হাসপাতালের মধ্যে ঢুকে পড়লে সন্ত্রাসীরা সেখান থেকেও তাদের বের করে এনে মারধর করে। এ সময় মহিলা দলের সাধারণ সম্পাদক জেসমিন জাফর রক্তাক্ত জখম হন।
এদিকে হামলার সময় মিছিলের মাঝখানে থাকা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী হেলথ কেয়ার ক্লিনিকে ঢুকে পড়েন। হামলাকারীরা ওই ক্লিনিকেও হামলা চালায়। এ সময় পুলিশ ও র্যাব সদস্যরা ছিল অনেকটা অসহায়। একপর্যায়ে র্যাবের এক সদস্যের সঙ্গে হামলাকারীদের হাতাহাতির ঘটনাও ঘটে। ঠিক একই সময়ে শহরের পূর্ব প্রান্ত থেকেও অনুরূপ হামলা চালানো হয় ছাত্রদলের ওই মিছিলে। দু’দিক থেকে হামলার ঘটনায় পুরো এলাকা কিছুক্ষণের জন্য রণক্ষেত্রে পরিণত হয়। আহতদের মধ্যে ছাত্রদল কর্মী শাহীন, সুজন, মোশারেফ, রাকিবুল হাসান, আতাউল্লাহ, অভি, রিনা, ঝুমুর, রুমা ও বিএনপি নেতা আবু বকর সিদ্দিক মুকুল রয়েছেন।
প্রায় ঘণ্টাখানেক পর আলতাফ হোসেন চৌধুরীকে র্যাব সদস্যরা মিলে ওই ক্লিনিক থেকে উদ্ধার করে তার বাসায় নিয়ে যায়। বাসায় প্রবেশের আগে আলতাফ হোসেন চৌধুরী সাংবাদিকদের জানান, ছাত্রদলের এই ঐতিহাসিক মিছিলে হামলা চালিয়ে আবারও আওয়ামী লীগ প্রমাণ করল তারা একটি ফ্যাসিবাদী দল।
একইভাবে জেলা ছাত্রদলের সভাপতি তৌফিক আলী খান কবির জানান, ছাত্রদলের ঐতিহাসিক মিছিল দেখে আওয়ামী লীগ পূর্বপরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে। জনবিচ্ছিন্ন আওয়ামী লীগ সারাদেশের মতো পটুয়াখালীতেও হামলা-মামলা দিয়ে একনায়কতন্ত্র কায়েম করতে চায়।
অপরদিকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান মোশারফ হোসেন জানান, এ হামলার সঙ্গে আওয়ামী লীগ জড়িত নয়। এটা বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের জের, যার দায়-দায়িত্ব আওয়ামী লীগের ওপর চাপানোর অপচেষ্টা চালানো হচ্ছে।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?