সাক্ষাত্কারে বিশ্বনাথের চেয়ারম্যান গণতন্ত্রের হাওয়া বাংলাদেশে লাগেনি : মুহিবুর রহমান
নাজমুল ইসলাম মকবুল বিশ্বনাথ
আমার দেশ-এর সঙ্গে একান্ত সাক্ষাত্কারে বাংলাদেশ উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান ফোরামের আহ্বায়ক, বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান মুহিবুর রহমান বলেন, দেশ স্বাধীন হওয়ার ৩৯ বছর পরও দেশে সত্যিকার অর্থে গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করেনি। তিনি বলেন, উর্দিপরা স্বৈরশাসক এবং পার্লামেন্টারি স্বৈরশাসকের মধ্যে কোনো তফাত্ নেই। দেশে সত্যিকার অর্থে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে তৃণমূল পর্যায়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। এজন্যই সরকারের প্রত্যেকটি স্তরে নির্বাচিত প্রতিনিধির নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। জেলা পরিষদে নির্বাচন দিতে হবে। জেলা পরিষদ, উপজেলা পরিষদ, সিটি কর্পোরেশন, পৌরসভার জন্য একটি মাদার ল’ প্রণয়ন করতে হবে। শক্তিশালী স্থানীয় সরকার থাকলে ওয়ান ইলেভেনের জন্ম হতে পারত না। তিনি বলেন, গণতান্ত্রিক সরকারের রক্ষাকবচ হিসেবে শক্তিশালী স্থানীয় সরকার ভূমিকা রাখতে পারে। ক্ষমতার অপব্যবহার করে এমপিরা স্থানীয় সরকারগুলোকে অকেজো করে চেলাচামুণ্ডা এবং আমলাদের লুটপাটের পথ উন্মুক্ত করে দেবেন—জাতি বা কোনো সভ্য সমাজে তা কাম্য হতে পারে না। আমরা সারাদেশের উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের ঐক্যবদ্ধ করে অচিরেই সাংবিধানিক অধিকার পুনরুদ্ধারে আন্দোলন চালিয়ে যাব। জাতি এবং আমাদের ভবিষ্যত্ বংশধরদের বৃহত্তর স্বার্থে যে কোনো ত্যাগের বিনিময়েই আমাদের এ আন্দোলনে সফল হতে হবে। উপজেলা চেয়ারম্যান হিসেবে উপজেলার উন্নয়নে কোনো ভূমিকা রাখতে পারছেন না উল্লেখ করে তিনি বলেন, আমলাদের চক্রান্তে যেসব বিধিবিধান প্রণয়ন করা হয়েছে তাতে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের হাত-পা এমনভাবে বেঁধে দেয়া হয়েছে, উপজেলার উন্নয়নে অংশগ্রহণই অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। প্রশাসনকে সম্পূর্ণভাবে আমলানির্ভর করা হয়েছে, যাতে এমপিরা ঢাকায় বসে আমলাদের মাধ্যমে সব কর্মকাণ্ড পরিচালনা করতে পারেন। উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা এ অবস্থা থেকে পরিত্রাণ চান। দেশের ১৫ কোটি মানুষের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করতে চান। তাই যত শিগগির ৬ এপ্রিলের কালো আইন বাতিল করে স্থানীয় সরকারগুলোকে স্ব-শাসিত করা হবে ততই মঙ্গল।
-
জাতীয়


সাধারণ বিভাগ
আবহাওয়া


