রাবিতে চারু-কারুশিল্প প্রদর্শনী
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
শিক্ষার্থীদের চারু-কারুশিল্প বিষয়ে সুদক্ষ করার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের উদ্যোগে শুরু হয়েছে দশ দিনব্যাপী বার্ষিক চারুকলা প্রদর্শনী। মঙ্গলবার সকাল ১০টায় এ প্রদর্শনীর উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর এম আবদুস সোবহান। এ সময় উপ-উপাচার্য ও চারুকলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আয়োজক সূত্র জানায়, বিভাগীয় শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে ও শিক্ষার্থীদের চারু-কারুশিল্পে দক্ষ করতে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। চারুকলা বিভাগের বিভিন্ন বর্ষের ২৫ জন শিক্ষার্থী তাদের নিজ নিজ তৈরি চারু-কারুশিল্প নিয়ে এ প্রদর্শনীতে অংশগ্রহণ করছেন। প্রদর্শনীতে টেরাকাটা, ভাস্কর্য, ছাপচিত্র, পেইন্টিংসহ ১৫০ ধরনের শিল্পকর্ম স্থান পেয়েছে। গতকাল থেকে শুরু হওয়া এ প্রদর্শনী আগামী ৭ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। প্রদর্শনী উপলক্ষে চারুকলা চত্বরে বিভাগীয় শিক্ষার্থীদের অংশগ্রহণে সপ্তাহব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। এসব সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের সঙ্গীত, নৃত্য পরিবেশন ও কবিতা আবৃত্তি।
-
জাতীয়


সাধারণ বিভাগ
আবহাওয়া


