পাবনায় বাড়ি থেকে বের হতে পারছেন না বিএনপি নেতাকর্মীরা
স্টাফ রিপোর্টার পাবনা
পাবনার আতাইকুলা, সাঁথিয়া ও সুজানগর উপজেলায় আওয়ামী লীগ দলীয় সন্ত্রাসীদের হামলা, চাঁদাবাজি ও মিথ্যা মামলার অত্যাচারে বিএনপির নেতাকর্মীরা বাড়ি থেকে বের হতে পারছেন না। পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে। এলাকাবাসী জানান, গত কয়েক দিন ধরে আওয়ামী লীগের সন্ত্রাসীরা আতাইকুলা, সাঁথিয়া ও সুজানগর উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপি নেতাকর্মীদের বাড়ি থেকে চাঁদার জন্য বের হতে দিচ্ছে না। গত বুধবার আতাইকুলায় আওয়ামী লীগের হামলায় বিএনপির নেতা হাইসহ প্রায় ১০ জন আহত হন। এ ব্যাপারে করতে গেলে থানা মামলা নিতে পারবে না বলে জানিয়ে দেয়। এছাড়া গত সপ্তাহে গয়েশপুর এলাকার বিএনপি নেতা বাচ্চুকে আওয়ামী সন্ত্রাসীরা হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে। আশঙ্কাজনক অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে তাকে ভর্তি করা হয়। বাচ্চুর অবস্থা খারাপ হলেও এ ঘটনায় থানায় পুলিশ মামলা নেয়নি। এদিকে সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি আওয়ামী লীগের নেতা দ্বীপু সন্ত্রাসীর হাতে নিহত হলেও আসামি করা হয়েছে বিএনপির নেতাকর্মীদের। এই মামলায় আসামি বিএনপির নেতাকর্মীদের বাড়িঘর প্রতিদিন ভাংচুর করছে আওয়ামী সন্ত্রাসীরা। এমনকি বাড়ি বাড়ি গিয়ে চাঁদা দাবি করছে। চাঁদা না দিলে চালানো হচ্ছে ভাংচুর। রাস্তায় বিএনপি নেতাকর্মীর ছেলেমেয়েরা বের হতে পারে না। এসব অভিযোগ থানায় দিলেও পুলিশ কানে তোলে না বলে বিএনপির নেতারা অভিযোগ করেছেন। এসব হামলা, চাঁদাবাজি ও ভাংচুরের নিন্দা জানিয়েছেন পাবনা জেলা বিএনপির সভাপতি মেজর অব কেএস মাহমুদ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তোতা।
-
জাতীয়


সাধারণ বিভাগ
আবহাওয়া


