Amardesh
আজঃ ঢাকা, বৃহস্পতিবার ৩১ ডিসেম্বর ২০০৯, ১৭ পৌষ ১৪১৬, ১৩ হররম ১৪৩০     আপডেট সময়ঃ রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

বাম গণতান্ত্রিক বিকল্প শক্তি গড়ে তুলতে বাসদের আহ্বান

স্টাফ রিপোর্টার
চলমান দ্বিদলীয় রাজনৈতিক ব্যবস্থা ভাঙতে সব বামশক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ। গতকাল দলের কেন্দ্রীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানিয়ে পার্টির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক খালেকুজ্জামান বলেন, শাসকগোষ্ঠীর সীমাহীন দুর্নীতি ও অপশাসনের কবল থেকে জনগণের মুক্তির জন্য বর্তমান দ্বিদলীয় বুর্জোয়া গণতন্ত্রের ভিত্তি ভেঙে দিতে হবে। গড়ে তুলতে হবে বামগণতান্ত্রিক বিকল্প শক্তি। এ জন্য দেশের সব বামশক্তিকে একমঞ্চে আসতে হবে।
১৯৮০ সালের ৭ নভেম্বর প্রতিষ্ঠিত হওয়ার পর এটাই বাসদের প্রথম সম্মেলন। এতে ৪৯টি জেলার প্রতিনিধিরা অংশ নিচ্ছেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়। ঢাকা মহানগর নাট্যমঞ্চে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন দেশের সমাজতান্ত্রিক দলের প্রতিনিধিরা অংশ নেন।
জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। জাতীয় পতাকা উত্তোলন করেন খালেকুজ্জামান ও দলীয় পতাকা উত্তোলন করেন কেন্দ্রীয় নেতা মুবিনুল হায়দার চৌধুরী।
অনুষ্ঠানে অংশ নেয়া বিদেশি অতিথিদের মধ্যে ছিলেন বাংলাদেশে উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত ও ওয়ার্কার্স পার্টির প্রতিনিধি সিম হং কোল, শ্রীলঙ্কার নিউ ডেমোক্রেটিক পার্টির ইলিয়াথাম্বো থাম্বাইয়া, নেপালের সংযুক্ত কমিউনিস্ট পার্টির (মাওবাদী) পলিটব্যুরোর সদস্য ইন্দ্র মোহন সিজেল, যুক্তরাষ্ট্রের ওয়ার্কার্স ওয়ার্ল্ড পার্টির সম্পাদকমণ্ডলীর সদস্য সারা ফাউন্ডার্স, যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল অ্যাকশন সেন্টারের পরিচালক মাইকেল ক্রেমার, ইন্টারন্যাশনাল অ্যান্টি ইম্পিরিয়ালিস্ট অ্যান্ড পিপল্স সলিডারিটি কো-অর্ডিনেটিং কমিটির (আইএপিএসএসসিসি) সাধারণ সম্পাদক মানিক মুখার্জি, ভারতের সোসালিস্ট ইউনিটি সেন্টারের পলিটব্যুরোর সদস্য প্রভাষ ঘোষ প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানের পর শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। কমিউনিস্ট দর্শনের প্রবক্তা কার্ল মার্কস, ফ্রেডরিক এঙ্গেলসসহ কমিউনিস্ট নেতা ভদ্মাদিমির ইলিচ উইলিয়ানভ লেনিন, মাও সে তুং ও যোসেফ স্টালিনের বিশাল প্রতিকৃতি বহন করেন শোভাযাত্রায় অংশ নেয়া বাসদকর্মীরা। শোভাযাত্রার সামনে বর্ণিল সাজে অংশ নেয় একদল শিশু।
আজ সকালে শুরু হবে প্রতিনিধি অধিবেশন। এতে বিগত দিনের পর্যালোচনার পাশাপাশি বাসদের আগামী দিনের কর্মপন্থা নির্ধারণ করা হবে। গঠিত হবে নতুন কেন্দ্রীয় কমিটি।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?