Amardesh
আজঃ ঢাকা, বৃহস্পতিবার ৩১ ডিসেম্বর ২০০৯, ১৭ পৌষ ১৪১৬, ১৩ হররম ১৪৩০     আপডেট সময়ঃ রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

ভ্যাট কাস্টমস ও আয়কর আইনের আমূল সংস্কার হচ্ছে : এনবিআর চেয়ারম্যান

অর্থনৈতিক রিপোর্টার
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান ড. নাসিরউদ্দিন আহমেদ বলেছেন, মূল্য সংযোজন কর (ভ্যাট), কাস্টমস ও আয়কর আইনকে যুগোপযোগী করার লক্ষ্যে আমূল সংস্কার আনা হচ্ছে। তার মধ্যে ভ্যাট ও কাস্টমস আইন সংস্কারে এরই মধ্যে টিম গঠন করে দেয়া হয়েছে। এসব কমিটিতে এনবিআরের সাবেক খ্যাতনামা সদস্যদের সম্পৃক্ত করা হয়েছে। তাছাড়া আয়কর খাতের আইনে যুগোপযোগী সংস্কার আনার লক্ষ্যে টিম গঠন করার চিন্তাভাবনা করা হচ্ছে বলেও জানান তিনি।
গতকাল সকালে এনবিআরের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে এনবিআর চেয়ারম্যান এসব কথা বলেন। এ সময় এনবিআর সদস্য জাহান আরা সিদ্দিকী, মোঃ ফরিদ উদ্দিন, আমিনুর রহমান, মোঃ বশির উদ্দিন আহমেদ, আবদুল মান্নান পাটোয়ারিসহ এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এনবিআর চেয়ারম্যান সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, এনবিআরের কাজ হলো রাজস্ব আহরণ করা। তাই যারা কর ফাঁকি দেন, তাদের বিরুদ্ধেই কর ফাঁকির মামলা করা হয়। কাউকে হয়রানির জন্য মামলা করা হয় না। এখানে রাজনৈতিক পরিচয় বড় বিষয় নয়।
পিএসআই কোম্পানির মেয়াদ আরও এক দফা বাড়ানোর বিষয় উল্লেখ করে তিনি বলেন, পিএসআই কোম্পানির মেয়াদ ৩১ ডিসেম্বর শেষ হচ্ছে। কিন্তু পিএসআই ব্যবস্থাকে প্রথমে তিন বছরের জন্য নিয়োগ দেয়া হলেও তা বর্তমানে ১০ বছর অতিক্রম করেছে। ফলে পিএসআই কোম্পানির ওপর নির্ভরশীলতা বেড়ে গেছে। কিন্তু এ ব্যবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, পিএসআই ব্যবস্থাকে আরও ছয় মাস রাখার জন্য এনবিআর সরকারের কাছে সুপারিশ করেছে। তবে সুবিধাভোগীরা পিএসআই কোম্পানিকে আরও এক বছর রাখার কথা বলেছেন। তাই আমরা সরকারকে দুটি বিষয়ই অবগত করেছি।
ভ্যাট আইন যুগোপযোগী করার ওপর গুরুত্বারোপ করে এনবিআর চেয়ারম্যান ড. নাসিরউদ্দিন আহমেদ বলেন, ভ্যাট আইন ১৯৯১ সালে তৈরি। বর্তমানে এই আইন প্রয়োগ করতে গিয়ে নানা ধরনের সমস্যা হচ্ছে। তাই আইনটির ব্যাপক সংস্কার এনে যুগোপযোগী করার লক্ষ্যে এরই মধ্যে একটি কমিটি করে দেয়া হয়েছে।
এনবিআরের জনবল সঙ্কটের কথা তুলে ধরে এনবিআর চেয়ারম্যান বলেন, চলতি অর্থবছরের জুন মাস পর্যন্ত সময়ের মধ্যে ৪ লাখ করারোপযোগ্য প্রত্যক্ষ নতুন করদাতা শনাক্তকরণের টার্গেট নির্ধারণ করা হয়েছে। তবে লোকবলের সঙ্কটের কারণে করজরিপ কাজ ধীরগতিতে এগুচ্ছে। তবে জরিপকাজে জনবল বাড়ানোর লক্ষ্যে আউট সোর্সিংয়ের মাধ্যমে কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্পৃক্ত করার চিন্তাভাবনা করা হচ্ছে।
পিএসআই ব্যবস্থা থেকে বেরিয়ে আসার বিষয়ে এনবিআর সদস্য মোঃ ফরিদ উদ্দিন বলেন, পিএসআই ব্যবস্থা থেকে রাতারাতি বেরিয়ে আসা যাবে না। এজন্য সক্ষমতা বাড়াতে হবে। তবে এই ব্যবস্থা থেকে বেরিয়ে আসার জন্য রাজনৈতিক সিদ্ধান্তের দরকার। সরকার যদি মনে করে, ছয় মাসের মধ্যে বেরিয়ে আসতে হবে, তাহলে সে অনুযায়ী ক্যাপাসিটি বাড়াতে হবে।
এনবিআর সদস্য আমিনুর রহমান বলেন, করফাঁকিবাজদের বিরুদ্ধে মামলা করার বিষয়টি এনবিআরের একটি চলমান প্রক্রিয়া। যাতে কেউ করফাঁকি দিতে না পারেন, সেজন্যই মামলা করা হয়। এখানে রাজনৈতিক পরিচয় কোনো বিষয় নয়। তাছাড়া তত্ত্বাবধায়ক সরকারের আমলে করা করফাঁকির মামলাগুলোর মধ্যে এরই মধ্যে ৩২টির রায় হয়েছে বলেও জানান তিনি।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ২০০৯-১০ অর্থবছরের নভেম্বর পর্যন্ত রাজস্ব আদায় হয়েছে ২১ হাজার ৬১৬ কোটি ৭৫ লাখ টাকা। উল্লেখিত সময়ে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ২০ হাজার ৮৯৪ কোটি ৪৩ লাখ টাকা। এতে প্রায় ১০৩ কোটি ৪৬ লাখ টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে। এক্ষেত্রে প্রবৃদ্ধি অর্জিত হয়েছে ১৫ দশমিক ৫৫ শতাংশ। তবে ভ্রমণকর ও অন্যান্য কর আদায়ে লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?