Amardesh
আজঃ ঢাকা, বৃহস্পতিবার ৩১ ডিসেম্বর ২০০৯, ১৭ পৌষ ১৪১৬, ১৩ হররম ১৪৩০     আপডেট সময়ঃ রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

স্বার্থান্বেষী মহল সম্পর্কে সচেতন থাকুন : ইমাম সম্মেলনে প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো স্বার্থান্বেষী মহল যেন শান্তির ধর্ম ইসলামের অপব্যাখ্যা করে সমাজে ফ্যাসাদ, সন্ত্রাস-জঙ্গিবাদের সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সচেতন থাকার জন্য ওলামায়ে কেরামদের প্রতি আহ্বান জানিয়েছেন।
বাসস জানায়, ইমামদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা প্রশিক্ষণলব্ধ জ্ঞান এবং ইসলামের সুমহান আদর্শ ও শিক্ষাকে কাজে লাগিয়ে দেশের কল্যাণে অনন্য ভূমিকা পালন করবেন, এটা আমি আন্তরিকভাবে বিশ্বাস করি।’
প্রধানমন্ত্রী গতকাল সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইউএনএফপিএ আয়োজিত জাতীয় ইমাম সম্মেলন-২০০৯ উদ্বোধন অনুষ্ঠানের ভাষণে এসব কথা বলেন।
ইসলামকে শান্তির ধর্ম হিসেবে বর্ণনা করে তিনি বলেন, সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে ইমামদের বৃহত্তর ভূমিকা পালন করতে হবে। একথা মনে রেখে জাতীয় উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে দেশের আর্থ-সামাজিক কর্মকাণ্ডে আপনাদের আরও বেশি করে সম্পৃক্ত করার লক্ষ্যে সরকার প্রচেষ্টা চালাচ্ছে।
তিনি বলেন, বিভিন্ন সময়ে ইসলামের কথা বলে যারা দেশ পরিচালনা করেছে, রাজনীতিতে নেতৃত্ব দিয়েছে, তারা এদেশের মুসলিম জনগণের স্বার্থে বঙ্গবন্ধু প্রণীত যুগান্তকারী পদক্ষেপগুলো বাতিল করে দেয়। এমনকি তারা দেশে মদ উত্পাদনের লাইসেন্সও প্রদান করে।
প্রধানমন্ত্রী সত্য ও ন্যায়ের স্বার্থে তাদের এসব কর্মকাণ্ডের ইতিহাস জনগণের সামনে তুলে ধরে তাদের মুখোশ খুলে দিতে ইমাম ও ধর্মীয় নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ইসলামিক ফাউন্ডেশনের প্রশিক্ষণ একাডেমি বিভিন্ন আর্থ-সামাজিক কর্মকাণ্ডে ইমামদের সম্পৃক্ত করতে তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করছে।
শেখ হাসিনা বলেন, ধর্মীয় সম্প্রদায়কে তুলে ধরতে তার সরকার সব সময় অঙ্গীকারবদ্ধ। এ লক্ষ্যে ২০০১ সালে তার সরকার ইমামদের কল্যাণে ‘ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট’ গঠন করে। এ ট্রাস্টের আওতায় তারা নিয়মিত সুদমুক্ত ঋণ ও অনুদান পাচ্ছেন।
তিনি বলেন, দেশের ৩৬ হাজার মসজিদে ‘মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কর্মসূচি’ বাস্তবায়িত হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, এর মাধ্যমে প্রশিক্ষিত ইমামদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে এবং দরিদ্র লোকদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে পড়ছে। পরে প্রধানমন্ত্রী শ্রেষ্ঠ ইমামদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ করেন।
ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান মিয়া, ইউএনএফপিএ প্রতিনিধি ড. নূর মোহাম্মদ, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজাল, কুষ্টিয়া ঈদগাপাড়া জামে মসজিদের খতিব এএফএম নাজমুস সালেহীন ও ইমাম প্রকল্প পরিচালক কামালউদ্দিন আহমদ এতে বক্তৃতা করেন।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব প্রফেসর মাওলানা সালাহউদ্দিন দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে এক বিশেষ মোনাজাত পরিচালনা করেন।
চীনের সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাত্
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ অঞ্চলের প্রধান সমস্যা দারিদ্র্য বিমোচনে যৌথ প্রয়াসের ওপর গুরুত্বারোপ করেছেন। সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন যমুনায় সফররত চীনের সহকারী পররাষ্ট্রমন্ত্রী হু জেনঝি’র সঙ্গে আলোচনাকালে তিনি একথা বলেন।
আলোচনা শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, সেতু ও অবকাঠামো উন্নয়নসহ বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে চীনের ভূমিকার কথা উল্লেখ করেন। তিনি বাংলাদেশে পানি শোধনাগার এবং সার কারখানা নির্মাণে চীনের সহযোগিতা কামনা করেন।
আলোচনাকালে তারা দু’দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন।
প্রধানমন্ত্রী দু’দেশের মধ্যকার সম্পর্ককে চমত্কার উল্লেখ করে বলেন, বাংলাদেশ চীনের সঙ্গে সম্পর্ককে সব সময় গুরুত্ব দিয়ে থাকে।
চীনের সহকারী পররাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে বলেন, তার সরকারের আমলে ইতোমধ্যেই বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন হয়েছে। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আগামী বছরের প্রথমদিকে চীন সফরের আমন্ত্রণ জানিয়ে বলেন, চীন সরকার এবং জনগণ তাকে অভ্যর্থনা জানানোর অপেক্ষায় রয়েছে।
শেখ হাসিনা আমন্ত্রণ গ্রহণ করে বলেন, দু’দেশের সুবিধামত সময়ে তিনি চীন সফরে করবেন।
ব্রিটিশ এমপি প্রার্থীর সঙ্গে সাক্ষাত্
ব্রিটেনের নির্বাচনে গ্রিন অ্যান্ড বো নির্বাচনী এলাকা থেকে লেবার পার্টির এমপি প্রার্থী মিসেস রুশনারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন যমুনায় সাক্ষাত্ করেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মাহবুবুল হক শাকিল জানান, সাক্ষাত্কালে প্রধানমন্ত্রী ব্রিটেনের রাজনীতির মূলধারার সঙ্গে জড়িত প্রবাসী বাংলাদেশীদের এ দেশে ব্রিটিশ বিনিয়োগের ব্যাপারে ভূমিকা রাখার আহ্বান জানান।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?