Amardesh
আজঃ ঢাকা, বৃহস্পতিবার ৩১ ডিসেম্বর ২০০৯, ১৭ পৌষ ১৪১৬, ১৩ হররম ১৪৩০     আপডেট সময়ঃ রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিপুল আয়োজন : কমিটিতে ঠাঁই পেতে পদ প্রত্যাশীদের দৌড়ঝাঁপ

আসাদুজ্জামান সাগর
ইতিহাসের নানা অর্জন, চড়াই-উত্রাই, সুগম আর বন্ধুর পথ পেরিয়ে আগামীকাল ৩১ বছরে পা দিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ১৯৭৯ সালের এই দিনে স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ছাত্রসংগঠন হিসেবে ছাত্রদল প্রতিষ্ঠা করেন। দ্রুতগতিতে ছাত্র সমাজের কাছে সংগঠনটি গ্রহণযোগ্য ও জনপ্রিয়তা পেতে শুরু করে।
এদিকে প্রতিষ্ঠাবার্ষিকীতে সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা নিয়ে রয়েছে নেতাকর্মীদের মাঝে বাড়তি উদ্দীপনা। পদপ্রত্যাশীদের চলছে শেষ মুহূর্তের দৌড়ঝাঁপ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য, যুগ্ম মহাসচিবসহ প্রভাবশালী নেতাদের কাছে ছুটছেন তারা। সরকারবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিতে ছাত্রদলের কেমন পূর্ণাঙ্গ কমিটি দরকার—এ বিষয়ে তারা তুলে ধরছেন মাঠপর্যায়ের চাহিদা ও দাবি। আবার শোডাউন-পাল্টা শোডাউনেও ব্যস্ত রয়েছেন কেউ কেউ। সূত্র জানায়, পদপ্রত্যাশী সবাইকে খুশি করতে কমিটি ১০১ থেকে বাড়িয়ে ১৮১ সদস্যে উন্নীত হতে পারে। সম্পাদকমণ্ডলীর সদস্যসংখ্যাও বাড়িয়ে ১৩ থেকে ১৯ করা হতে পারে। তবে সুপার ফাইভে বঞ্চিতদের পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ পদে রাখা হচ্ছে কিনা এ নিয়ে জল্পনা-কল্পনা শেষ হচ্ছে না। সুপার ফাইভ থেকে বঞ্চিত ১/১১-এর সময় আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী ত্যাগী কয়েকজন এ কমিটিতে নেই; আবার অনেককে গুরুত্বপূর্ণ কোনো পদ দেয়া হয়নি বলে একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। তাদের দাবি, বেগম খালেদা জিয়া ও তারেক রহমান অতীত ও বর্তমান সবকিছু মূল্যায়ন করে একটি দক্ষ ও গতিশীল কমিটি ছাত্র সমাজকে উপহার দেবেন। এ বিষয় ফজলুল হক মিলন বলেন, বিরোধীদলীয় রাজনীতি ও আন্দোলন-সংগ্রামের কথা বিবেচনায় রেখে প্রতিষ্ঠাবার্ষিকীর দিনেই ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি আসছে।
জিয়াউর রহমানের শাহাদত্ বরণের পর বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান সংগঠনটি গড়ে তোলায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। বিএনপির মূল শক্তি হিসেবে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং দেশপ্রেমের দৃপ্ত শপথে গড়ে ওঠা এই সংগঠনটি এখন দেশের সবচেয়ে বড় ছাত্রসংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছে। দেশ ও জনগণের কাছাকাছি পৌঁছতে সক্ষম হয়েছেন সংগঠনের নেতাকর্মীরা। ৩০ বছরে সংগঠনটি জাতিকে উপহার দিয়েছে স্বৈরাচারবিরোধী আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র, ২০০৭ সালের ১/১১ সৃষ্টিকারী সামরিক সরকারের বিরুদ্ধে আন্দোলন, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ সৃষ্টিসহ নানা সাফল্য। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় রাজপথে রক্ত ঝরেছে অসংখ্য নেতাকর্মীর। বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ফজলুল হক মিলন এ বিষয়ে বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শে গড়া সংগঠন ছাত্রদলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে হবে ব্যতিক্রমী উত্সব। আশা করি, নবোদ্যমে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সামনের দিনগুলোতে ছাত্রদল আরও গতিশীল হবে।
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি : প্রতিষ্ঠাবার্ষিকীর শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে বেশ জোরেশোরে। আয়োজনে দুটি প্রস্তুতি কমিটি কাজ করছে। মঞ্চ ব্যবস্থাপনা, প্রচার ও প্রকাশনা এবং আইনশৃঙ্খলা বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। অভ্যর্থনা ও আপ্যায়ন এবং সাংস্কৃতিক উপ-কমিটির আহ্বায়ক হয়েছেন সাধারণ সম্পাদক আমীরুল ইসলাম আলীম। প্রতিষ্ঠাবার্ষিকীতে সর্বোচ্চ ছাত্র সমাগমের জন্য কেন্দ্রীয় কমিটি বিভিন্ন ইউনিট কমিটিকে নির্দেশ দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগরসহ (উত্তর ও দক্ষিণ) ঢাকা ও আশপাশের জেলা থেকে ছাত্রদলের নেতাকর্মীদের অনেকেই এরই মধ্যে রাজধানীতে এসেছেন। আজকের মধ্যে দূরবর্তী অঞ্চলের নেতাকর্মীরা এসে পৌঁছবেন বলে দলীয় সূত্র জানায়।
ভাসানী মিলনায়তনে আজ রাত ১২ টা ১ মিনিটে কেক কাটা হবে। কাল সকাল সাতটায় নয়াপল্টনে ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন, সকাল ১০টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্পণ। বিকাল তিনটায় পল্টন ময়দানে ছাত্র সমাবেশ। সমাবেশে বিরোধীদলীয় নেত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনসহ বিএনপির গুরুত্বপূর্ণ নেতারা বক্তৃতা করবেন। সভা শেষে দেশের খ্যাতিমান শিল্পীদের নিয়ে থাকবে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম আলীম বলেন, এবারের প্রতিষ্ঠাবার্ষিকী হবে স্মরণকালের সেরা অনুষ্ঠান। পল্টন ময়দানে লক্ষাধিক ছাত্রের সমাবেশ হবে। প্রতিষ্ঠাবার্ষিকীতে চমক হিসেবে থাকছে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ভিডিও ফুটেজের মাধ্যমে ছাত্রদল নেতাকর্মীদের উদ্দেশে প্রেরণামূলক বক্তৃতা প্রদান। তিনি বলেন, দেশ-জাতির মতো বিএনপিরও মূল নিয়ামক শক্তি ছাত্ররা। আর ছাত্রদলের আদর্শ হচ্ছেন তারেক রহমান। তার বক্তব্য ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীকে শাণিত করে।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?